Home স্বাস্থ্য ইফতারে ঠান্ডা না গরম পানি, কী বলছেন পুষ্টিবিদ?

ইফতারে ঠান্ডা না গরম পানি, কী বলছেন পুষ্টিবিদ?

35

ঢাকা অফিস।।

গ্রীষ্মে রমজান শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই ইফতারে ঠান্ডা পানি বা শরবত রাখা হয় আমাদের দেশে। অধিকাংশ পরিবারে দেখা যায়, ইফতারের আয়োজনে রকমারি খাবারের সঙ্গে ঠান্ডা তরল পানীয় থাকে। সারাদিনের ক্লান্তিবোধ দূর করতে ও তাৎক্ষণিক গরম থেকে মুক্তি পেতে ইফতারে ঠান্ডা পানীয় রাখা হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই ইফতারে কুসুম গরম পানি রাখা হয়। এরপর খেজুর-খোরমা তো রয়েছেই।

বাংলাদেশে ইফতারে ঠান্ডা পানীয় রাখা এবং ইরাক, ইরান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে কুসুম পানি রাখার এই বিষয়ে পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

তিনি বলেন, পানি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যত পুষ্টিকর খাবার খাই তার মধ্যে খাদ্যের ছয়টি গ্রুপ। এর মধ্যে পানি একটি। পানির মধ্যে অনেকগুলো উপাদান থাকে, যা শরীরের জন্য ভালো। আর আমাদের দেশে অধিকাংশ মানুষই ইফতারে খেজুরের সঙ্গে ঠান্ডা শরবত বা পানি রাখেন। তারা ঠান্ডা পানি পানের পর তাৎক্ষণিক নিজেকে সতেজ ও গরম থেকে মুক্তি পাওয়ায় এটাকে ইতিবাচক ভাবেন। কিন্তু পুষ্টিবিদ বা বিশেষজ্ঞ চিকিৎসক ইফতারে ঠান্ডা পানি এড়িয়ে চলার পরামর্শ দেন। যদিও ঠান্ডা ও কুসুম পানির মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

সামিয়া তাসনিম বলেন, সাধারণভাবেই ঠান্ডা পানি আমাদের জন্য ক্ষতিকর। এটি বিভিন্নভাবে শরীরকে প্রভাবিত করে থাকে। ঠান্ডা পানি পানের কারণে টনসিল ফুলে যাওয়া, মাইগ্রেনের সমস্যা, জ্বর হওয়া এবং হজমজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো, ফ্রিজের ঠান্ডা পানি স্বাভাবিক ঠান্ডা পানির মতো পর্যাপ্ত পরিমাণে পান করা যায় না কখনো।

তিনি আরও বলেন, আমাদের দেশে একজন রোজাদার সাহরিতে সর্বশেষ খাওয়ার পর প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর ইফতার করেন। দিনের দীর্ঘ এই সময় না খেয়ে থাকার ফলে সন্ধ্যায় ইফতারে সারাদিনের পানিশূন্যতা পূরণ করার প্রয়োজন হয়। কিন্তু ইফতারে ঠান্ডা পানি পানের ফলে পর্যাপ্ত পানি পান সম্ভব না হওয়া পানিশূন্যতা রয়েই যায়। যে কারণে রোজাদার ব্যক্তি সেই সময় এর ক্ষতিকর দিক বুঝতে না পারলেও পরে ঠিকই এর জন্য ভুগে থাকেন।

এই পুষ্টিবিদ বলেন, কুসুম গরম পানি শরীরের জন্য তুলনামূলক ইতিবাচক। কারো পক্ষে যদি কুসুম গরম পানি পান করা সম্ভব না হয় তাহলে সাধারণ তাপমাত্রায় থাকা পানি পান করা যেতে পারে। মাঝে মাঝে ঠান্ডা পানি পান খুব একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। কিন্তু রোজায় একমাস নিয়মিতভাবে ইফতারে বা সাহরিতে ঠান্ডা পানি পান করলে উল্লেখিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে রোজায় কুসুম গরম পানি পান করাই উত্তম।

সামিয়া তাসনিম বলেন, ইফতারের শুরুতেই পানি পান করা উচিত নয়। খেজুর দিয়ে প্রথমে ইফতার করে তারপর পানি পান করলে ভালো। রোজাদার ব্যক্তির জন্য গ্লাইসেমিক ইনডেক্স প্রয়োজন। গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে কোন খাবার কত দ্রুত শরীরে গ্লুকোজ সরবরাহ করতে পারে। আর উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সের মধ্যে রয়েছে খেজুর, কলা, আলুজাতীয় খাবার। এসব খাবারের মধ্যে খেজুর খেতেও সুস্বাদু এবং এটি দ্রুত শক্তিও সঞ্চার করে থাকে শরীরে।