Home আঞ্চলিক কালিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য

কালিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য

44

নড়াইল প্রতিনিধি।।
কালিয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে আসা শান্তা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে আহত করেছেন ইউপি সদস্য রাসেল শেখ। শুক্রবার সকালে উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামের এ ঘটনায় আহত গৃহবধূ ওই দিন সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানায় অভিযোগ করেন। আহত শান্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শান্তা ডুমুরিয়া গ্রামের সাফায়েত মোল্যার স্ত্রী ও যশোর সদর উপজেলার পিয়ারী মোহন রোডের কুদ্দুস আলীর মেয়ে।

রাসেল শেখ ডুমুরিয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে এবং উপজেলার বাঐসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত গৃহবধূকে চিকিৎসার ব্যবস্থা করার অপরাধে রাসেল থানার সামনে আমানত ইসলাম পাভেজ নামে এক সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টাসহ তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমানত শুক্রবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, সাফায়েতের সঙ্গে শান্তার ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী তাকে নিয়ে ঢাকায় বসবাস করার সময় অন্তঃসত্ত্বা শান্তাকে ফেলে সাফায়েত তার ৬ বছর বয়সি সন্তান সোহেল তারভীরকে নিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকা থেকে পালিয়ে ডুমুরিয়া গ্রামে চলে আসেন। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শান্তা শুক্রবার সকালে কালিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে স্বামীর বাড়িতে এলে স্বামীর সহযোগিতায় স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখ তাকে মারধর করেন। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন শান্তা।

শান্তার স্বামী সাফায়েতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ইউপি সদস্য রাসেল গৃহবধূকে পেটানোর অভিযোগ অস্বীকার করলেও সাংবাদিক পারভেজকে গালাগাল করার কথা স্বীকার করেন।

নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।