স্পোর্টস ডেস্ক
গত বছর ক্রিকেট বিশ্বকাপ হয় ভারতে। সেই সময়ে পাকিস্তান ক্রিকেট দল ভারত সফরে যেতে রাজি হয়নি। পরে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পাকিস্তান সফরে গিয়ে পিসিবি কর্তাদের বুঝান।
তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা শর্তজুড়ে দেন-ভারত যদি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান সফরে যেতে রাজি হয় তাহলে বাবর আজমরা বিশ্বকাপে যেতে রাজি।
পাকিস্তান সেই শর্তেই ভারত সফরে গিয়ে বিশ্বকাপ খেলে আসে। শর্তানুসারে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যেতে হবে।
বর্তমানে দুবাইয়ে আইসিসির সভা চলছে। যদিও এই সভায় চ্যাম্পিয়ন্স ট্রফিটির এজেন্ডায় নেই। তবে নব-নির্বাচিত পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন যে তিনি বিসিসিআই সচিব জয় শাহের পাশাপাশি আইসিসির অন্যান্য কর্তাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে চান। যাতে পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা সম্ভব হয়।
এ ব্যাপারে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘বোর্ড মিটিংয়ে কোনও সদস্য বিষয়টি তুলতেই পারেন। প্রাথমিকভাবে কোনও সিদ্ধান্তে না আসা গেলে ভোটাভুটি হবে। ভারত সরকার যদি বলে যে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না, সেক্ষেত্রে কিছু করার নেই। আইসিসিরও এক্ষেত্রে হাত-পা বাঁধা। সেক্ষেত্রে তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে খেলা হতে পারে।’











































