Home আঞ্চলিক পঙ্কজ-শাম্মী দ্বন্দ্বে বরিশালে আ.লীগ নেতা হত্যা

পঙ্কজ-শাম্মী দ্বন্দ্বে বরিশালে আ.লীগ নেতা হত্যা

38

খুলনাঞ্চল রিপোর্ট।।
বরিশালের হিজলা উপজেলায় দুই এমপি পঙ্কজ ও শাম্মীর অনুসারীদের দ্বন্দ্বে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার মেঘনা নদী তীরে সয়াবিন ক্ষেতে পঙ্কজ অনুসারী জামাল মাঝির লাশ পাওয়া যায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর এ তথ্য জানান।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে শাম্মী অনুসারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল ঢালিসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে। ঘটনার সময় পুলিশ আর্থিক সুবিধা গ্রহণ করে হত্যার পরিবেশ তৈরি করে দিয়েছে বলে অভিযোগ করেছেন এমপি পঙ্কজ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি জুবাইর। এদিকে এমপি ড. শাম্মী বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে অতীতের মতো মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন এমপি পঙ্কজ।

নিহত আওয়ামী লীগ নেতা জামাল মাঝি পালপাড়া গ্রামের মৃত কাদের মাঝির ছেলে। তিনি (জামাল মাঝি) উপজেলার ৬ নম্বর ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়াও জামাল মাঝি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ-সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী। অভিযুক্ত জামাল ঢালি ধুলখোলা ইউপি চেয়ারম্যান। এছাড়া তিনি (জামাল ঢালি) সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের অনুসারী। শাম্মী বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি।

নিহতের স্ত্রী আঁখি বেগমের দাবি, ধুলখোলা ইউপি চেয়ারম্যান শাম্মী অনুসারী জামাল ঢালির সঙ্গে আমার স্বামীর দ্বন্দ্ব রয়েছে। শুক্রবার ধুলখোলা জামাল ঢালির সঙ্গে আমার স্বামীর (জামাল মাঝি) দ্বন্দ্ব হয়। তখন জামাল ঢালি আমার স্বামীকে হত্যার হুমকি দেন। শনিবার সকালে স্বামীর লাশ পাই। আঁখি আরও বলেন, শুক্রবার রাতে বাড়ি না ফেরায় ২টার দিকে স্বামী জামাল মাঝির মোবাইল ফোনে কল দেওয়া হয়। তখন তিনি জানিয়েছিলেন ভালো আছেন ও নিরাপদে আছেন। সকাল ৯টায় তার লাশ মিলে।

অপরদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য ড. শাম্মী আহমেদ বলেন, ওনার (পঙ্কজ) আমলে ১৩টি খুন করিয়েছেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে অতীতেও এমন খুন করে অন্যকে দায় চাপানোর অপচেষ্টা হয়েছে, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এ খুনের ঘটনায় প্রশাসনকে বলেছি সঠিক তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করতে। আমাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ালে আইনের আশ্রয় নেব।