Home খেলাধুলা মৌমাছির আক্রমণে পালালেন তারকা, দুই ঘণ্টা খেলা বন্ধ

মৌমাছির আক্রমণে পালালেন তারকা, দুই ঘণ্টা খেলা বন্ধ

43

স্পোর্টস ডেস্ক।।

হঠাৎ মৌমাছির আক্রমণে বেসামাল ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল। এমনটাই দেখা গেল কার্লোস আলকারাজ বনাম অ্যালেক্সান্ডার জেভরেভের ম্যাচে। এরপর প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিল ম্যাচটি। পরে অবশ্য খেলা শুরু হলে সরাসরি সেটে জিতে সেমিফাইনালে ওঠেন স্প্যানিশ তারকা আলকারাজ।

এদিন ম্যাচ শুরু হওয়ার ১৮ মিনিটের মধ্যে মৌমাছির আক্রমণ শুরু হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, আলকারাজ প্রথমে র‌্যাকেট চালিয়ে মৌমাছির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছেন। পরে তিনি তোয়ালে দিয়ে মুখ ঢেকে লুকিয়ে পড়েন ও কোর্ট ছাড়েন। আম্পায়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করেন যে, মৌমাছির কারণে খেলা বন্ধ রাখা হচ্ছে।

প্রথম সেট তখন ১-১। দর্শকদেরও দেখা যায় মুখ ঢেকে উঠে যেতে। তারাও লুকনোর জায়গা খুঁজছিলেন। এক ঘণ্টা ৪৮ মিনিট বন্ধ থাকে খেলা।

আলকারাজ ম্যাচটি জেতেন ৬-৩, ৬-১ ব্যবধানে। বিশ্বের দু’নম্বর টেনিস তারকা সেমিফাইনালে খেলবেন জানিক সিনারের বিপক্ষে।