অনলাইন ডেস্ক।।
দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার মানুষের কাছে খাদ্য সহায়তা বহনকারী প্রথম জাহাজটি শুক্রবার উপকূলে পৌঁছেছে। সাগরপথে নতুন রুট চালুর পাইলট প্রজেক্টের আওতায় গত মঙ্গলবার প্রায় ২০০ টন খাবার নিয়ে সাইপ্রাসের লারনাকা বন্দর ছেড়ে গাজায় যাত্রা শুরু করেছিল জাহাজ ওপেন আর্মস। জাহাজটির মালিক স্পেনভিত্তিক দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’। সংস্থাটির নামেই জাহাজের নামকরণ করা হয়েছে।
দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) একটি অস্থায়ী জেটিতে ত্রাণ সরবরাহ নামাবে বলে জানা গেছে। যদিও সরবরাহ কীভাবে তীরে পৌঁছাবে– তার সুনির্দিষ্ট বিবরণ স্পষ্ট করেনি সংস্থাটি। আটা, চাল ও প্রোটিনসমৃদ্ধ খাবার পাঠানো হয়েছে জাহাজে করে। নতুন সামুদ্রিক পথ চালু হলে, গাজায় ক্ষুধার্ত মানুষের সংকট কিছুটা কমতে পারে। বর্তমানে গাজায় কয়েক হাজার মানুষ অপুষ্টির সম্মুখীন। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলের অনেক হাসপাতাল সেখানকার শিশুদের অনাহারে মারা যাওয়ার খবর দিয়েছে। যদিও সাহায্য সংস্থাগুলো বারবার বলেছে, সমুদ্রপথে ও বিমান থেকে ফেলে এই অঞ্চলের বিশাল চাহিদা মেটানো যথেষ্ট হবে না।
এদিকে হামাসের সর্বশেষ যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজার বিশাল জনসংখ্যাকে অনাহার থেকে উদ্ধারের জন্য যুদ্ধবিরতির আশা নতুন ধাক্কা খেল।
গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের কাছে হামাস একটি প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবে ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে ইতোমধ্যে এই প্রস্তাবের দাবিগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
হামাস জানিয়েছে, প্রাথমিকভাবে ইসরায়েলি নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক ৭০০ থেকে এক হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। ফিলিস্তিনি বন্দিদের অন্তত ১০০ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তবে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের উপস্থাপন করা নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি ‘অবাস্তব দাবির’ ভিত্তিতে তৈরি করা হয়েছে।
অন্যদিকে গাজা উপত্যকায় ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েল বাহিনীর চালানো গুলিতে নতুন করে আরও ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৫ জন। গতকাল শুক্রবার ভোরে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এমন দাবি করেছে। তবে খবরটি অস্বীকার করেছে ইসরায়েল।
পবিত্র রমজানকে কেন্দ্র করে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হয়েছেন মধ্যস্থতাকারীরা। সেখানে লড়াই অব্যাহত রয়েছে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের










































