Home Uncategorized ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত দেশের প্রায় ১১ লাখ শিশু

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত দেশের প্রায় ১১ লাখ শিশু

60

ঢাকা অফিস।।

পাঁচটি ঝুঁকিপূর্ণ খাতে কাজ করছে ৩৮ হাজার শ্রমজীবী শিশু। পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুরা এসব খাতে কাজ করছে। এসব শিশু ৪০ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। এ ছাড়াও দেশে সার্বিকভাবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে ১০ লাখ ৭০ হাজার শিশু। এর মধ্যে শহরে রয়েছে দুই লাখ ৫০ হাজার এবং পল্লী এলাকায় আট লাখ ২০ হাজার। তবে দেশে সার্বিকভাবে শ্রম দেওয়ার মতো ৩৫ লাখ ৪০ হাজার শিশু রয়েছে। এর মধ্যে শ্রমের বাইরে আছে ১৭ লাখ ৬০ হাজার এবং শ্রমের মধ্যে আছে ১৭ লাখ ৮০ হাজার শিশু।

বাংলাদেশ পরিসংখ্যান ব?্যুরোর (বিবিএস) পরিচালিত খাতভিত্তিক শিশুশ্রম জরিপ-২০২৩ ও জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

বিবিএসের মহাপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তমো পুটিয়ানিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খান

এবং প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দীপঙ্কর রায়।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিবিএসের পক্ষ থেকে আমরা সমস্যা সমাধানের ইঙ্গিত দিচ্ছি না। আমরা কেবল তথ্য দিয়ে সহায়তা দিচ্ছি। মাঠ থেকে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহায়তা দিচ্ছি। সংশ্লিষ্টরা তাদের মতো করে কাজ করবেন। তারাই সমাধান দেবেন। সরকার শিশুশ্রম নিরসনে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে দেশ থেকে শিশুশ্রম নিরসন করা সম্ভব হবে। তিনি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাই এটি খুব স্পর্শকাতর বিষয়। কিন্তু সব কিছু করতে গেলে একটা প্রক্রিয়া দরকার। আমরা আশা করব এখন দ্রুত কর্মতৎপরতা চালিয়ে নিয়ে দেশ থেকে শিশুশ্রম নিরসন সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে পাঁচ থেকে ১৭ বছর বয়সী তিন দশমিক ৫৪ মিলিয়ন শ্রমজীবী শিশু রয়েছে, যার মধ্যে এক দশমিক ৭৬ মিলিয়ন শিশুশ্রমের বাইরে এবং এক দশমিক ৭৮ মিলিয়ন শিশুশ্রমে রয়েছে, এর মধ্যে এক দশমিক শূন্য সাত মিলিয়ন ঝুঁকিপূর্ণ শিশুশ্রম রয়েছে।

পল্লী এলাকায় দুই দশমিক ৭৩ মিলিয়ন শ্রমজীবী শিশু রয়েছে এবং শহরাঞ্চলে রয়েছে শূন্য দশমিক ৮১ মিলিয়ন, শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পল্লী এলাকায় এক দশমিক ৩৩ মিলিয়ন এবং শহরাঞ্চলে শূন্য দশমিক ৪৪ মিলিয়ন। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পল্লী এলাকায় শূন্য দশমিক ৮২ মিলিয়ন এবং শহরাঞ্চলে শূন্য দশমিক ২৪ মিলিয়ন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জনসংখ্যার পরিসংখ্যান বিষয়ক তথ্য রয়েছে। এই বয়সের মোট শিশু জনসংখ্যা ৩৯ দশমিক ৯৬ মিলিয়ন। যেখানে পাঁচ থেকে ১১ বছর বয়সী ৫৫ দশমিক ২ শতাংশ। দেশে ২৭ দশমিক ৬৩ মিলিয়ন খানায় (পরিবারে) পাঁচ থেকে ১৭ বছর শ্রমজীবী শিশু রয়েছে এবং স্কুলে উপস্থিতির হার বর্তমানে ৩৪ দশমিক ৮১ শতাংশ।

এ ছাড়াও ২ দশমিক ০১ মিলিয়ন শিশু গৃহকর্মী রয়েছে, যাদের পারিশ্রমিক দেওয়া হয় না এবং শূন্য দশমিক শূন্য ৮ মিলিয়ন শিশু রয়েছে, যারা পারিশ্রমিক পায়। উভয় ক্ষেত্রেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। তিনটি প্রাথমিক সেক্টর যেখানে কৃষি, শিল্প এবং পরিসেবা এক দশমিক শূন্য সাত মিলিয়ন, যথাক্রমে এক দশমিক ১৯ মিলিয়ন এবং এক দশমিক ২৭ মিলিয়ন শিশু শ্রমিক নিয়োগ করে।

জরিপে উঠে এসেছে- শিশু শ্রমিকের ৮২ শতাংশ তাদের নিজস্ব বাড়িতে বসবাস করে, উৎপাদনে ৩৩ দশমিক তিন শতাংশ এবং কৃষি, বনায়ন এবং মাছ ধরায় ২৩ দশমিক ছয় শতাংশ নিযুক্ত রয়েছে। সামগ্রিকভাবে শিশু শ্রমিক কর্মচারী হিসেবে শ্রেণিভুক্ত ৬৮ দশমিক আট শতাংশ এবং স্কুলে যায় ৫২ দশমিক দুই শতাংশ। শিশু শ্রমিকের গড় মাসিক আয় ছয় হাজার ৬৭৫ টাকা।