ঢাকা অফিস।।
শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। গতকাল ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের পৃথক সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর এই দুটি ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত এটিই প্রথম। আগামী সোমবার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা সই হবে।
এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আমাদের সময়কে বলেন, আজকে (বৃহস্পতিবার) বোর্ড মিটিংয়ে পদ্মা ব্যাংককে এক্সিমের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। আগামী সোমবার গভর্নরের উপস্থিতিতে এমওইউ স্বাক্ষর হবে। একীভূত কার্যক্রম সম্পন্ন হওয়ার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও পরামর্শক্রমে একীভূত কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গত ৪ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) বৈঠকে গভর্নর জানান, চলতি বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংককে সবল বা ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে। এ সময়ের মধ্যে দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের চাপ দিয়ে একীভূত করা হবে। এর আগে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত দেশের সব ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সভায় সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার পরামর্শ দেওয়া হয়েছিল।
জানা যায়, ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূত কার্যক্রম সম্পন্ন করতে শিগগিরই একটি নীতিমালা দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেই নীতিমালার আওতায় একীভূত কার্যক্রম সম্পন্ন হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি যাতে ব্যাংকগুলো নিজেরাই মার্জারে যেতে পারে। তারা যদি একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়ে আসে, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। একীভূত হওয়ার পর তাদের নাম কী হবে, সে সিদ্ধান্ত ব্যাংকগুলোই নেবে।
পদ্মা ব্যাংক আগে ফারমার্স ব্যাংক নামে পরিচিত ছিল। ২০১৩ সালে অনুমোদন পাওয়ার পর চার বছর না যেতেই সংকটে পড়ে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যাংকটি। এরপর ব্যাংকটির পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসে। ফারমার্স ব্যাংকের নাম বদলে করা হয় পদ্মা ব্যাংক। ২০১৭ সালে এ ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত হয় সরকারি একাধিক ব্যাংক ও সংস্থা। বর্তমানে ব্যাংকটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। অন্যদিকে এক্সিম ব্যাংকের কার্যক্রম শুরু হয় ১৯৯৯ সালে। বর্তমানে এটি ইসলামী ধারার একটি ব্যাংক। ২০০৪ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
দেশে ব্যাংক মার্জারের ইতিহাস : সরকারি ও বেসরকারি উভয় খাতেই ব্যাংক মার্জারের নজির রয়েছে দেশে। সর্বপ্রথম ব্যাংক একীভূত করার ঘটনা দেখা যায় ১৯৭২ সালে। আর সর্বশেষ ২০০৯ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে ‘বাংলাদেশ ব্যাংক (জাতীয়করণ) অধ্যাদেশ, ১৯৭২’-এর ক্ষমতাবলে পূর্ব পাকিস্তানে কার্যরত থাকা মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক একীভূত করে নাম দেওয়া হয় রূপালী ব্যাংক। তিন ব্যাংকের সকল দায় ও সম্পদ এক করে তৈরি হয় আজকের রূপালী ব্যাংক। সে সময় রূপালী ব্যাংক ছিল শতভাগ রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে এর ৫১ শতাংশ শেয়ার সরকারের কাছে রেখে অবশিষ্ট শেয়ার বাজারে ছেড়ে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির ৯০ শতাংশের বেশি শেয়ার ফের সরকারের মালিকানায় রয়েছে। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে শিল্প খাতের বিকাশে ‘বাংলাদেশ শিল্প ব্যাংক’ ও ‘বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা’ নামে দুটি আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়। ২০০৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠান দুটিকে একীভূত করে সরকার। নতুন নাম হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
সাবেক হাবিব ব্যাংক লিমিটেড ও সাবেক কমার্স ব্যাংক লিমিটেডের বাংলাদেশে থাকা সব সম্পদ ও দায় সমন্বয় করে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে গঠন করা হয় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। একই আদেশে ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক মিলে গড়া হয় জনতা ব্যাংক।
সোনালী ব্যাংক গঠন করা হয় তিনটি ব্যাংক নিয়ে। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহাওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে সোনালী ব্যাংক প্রতিষ্ঠা করা হয় একই বছরে। সুদমুক্ত শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ১৯৮৭ সালের ২০ মে আল-বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে মালিকানা পরিবর্তনের ফলে এ ব্যাংকের নাম দেওয়া হয় ওরিয়েন্টাল ব্যাংক।
৬৫০ কোটি টাকার আর্থিক জালিয়াতির কারণে ২০০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় ব্যাংকটির ৫২ দশমিক ৬৭ শতাংশ শেয়ার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সুইজারল্যান্ডভিত্তিক মালয়েশিয়ার মালিকানাধীন আইসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপ হোল্ডিংস এজির কাছে বিক্রি করা হয়। ২০০৮ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম পরিবর্তন করে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড রাখা হয়।











































