স্টাফ রিপোর্টার।।
মূল্যস্ফীতির এ যুগে এক টাকায় বড়জোর একটি লজেন্স পাওয়া যেতে পারে। ইফতারির পণ্য পাওয়ার কথা তো ভাবাই যায় না। কিন্তু খুলনা নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা বাজারে এক টাকায় মিলছে ইফতারির সামগ্রী! বেগুনি, পেঁয়াজু, আলুর চপ বা ঝালের চপ– যেটিই নেবেন, দাম রাখা হবে এক টাকা।
এ আয়োজনের সঙ্গে জড়িত ইকবাল মোল্লা নামে এক ব্যক্তি, যিনি দেড় দশকের বেশি সময় ধরে ইফতারি বিক্রি করে আসছেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পড়েন বিপাকে। এ অবস্থায় পাশে দাঁড়ান স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। তাদের সহযোগিতায় এক টাকার বিনিময়ে এবারও তিনি রোজাদারদের হাতে ইফতারি তুলে দিতে পারছেন। রমজানজুড়েই চলবে তাঁর এ কার্যক্রম।
স্থানীয়রা জানান, নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখতে ইকবাল এক টাকায় ইফতারির সামগ্রী বিক্রি করছেন। বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় ভর্তুকির অর্থে তিনি এটা করেছেন। প্রতিদিন কমবেশি ৭ হাজার পিস ইফতারির সামগ্রী তৈরি করা হয়। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে ইফতারি তৈরি প্রক্রিয়া। বিকেল সাড়ে ৫টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।
এ প্রসঙ্গে ইকবাল মোল্লা বলেন, নিম্ন আয়ের অনেক মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঠিকমতো ইফতারি কিনে খেতে পারেন না। তারা যাতে স্বল্পমূল্যে ইফতারি কিনতে পারেন এবং বাজার নিয়ন্ত্রণে থাকে, সেজন্য তাদের এ উদ্যোগ। তাদের দোকানে চপ, বেগুনি, কাঁচা ঝালের চপ, পেঁয়াজু ও ছোলা রয়েছে। ছোলা বাদে সবকিছু এক টাকা পিস মূল্যে বিক্রি করা হয়। ১৭ বছর আগেও প্রতি পিস এক টাকা বিক্রি করেছেন। এখনও সেই দামেই বিক্রি করছেন।
স্থানীয় ব্যবসায়ী গোবিন্দ কুমার দাস বলেন, সব শ্রেণির মানুষ যাতে ইফতারি কিনতে পারেন, সেজন্য তারা সহযোগিতা করছেন। স্থানীয় শিবুপদ দে, মনিরুল ইসলাম টুটুল, আব্দুল খালেক, পর্বত, হাফিজুর, নিরঞ্জন, হায়দার, রায়হানসহ ১২ জন প্রতিদিন রান্না থেকে বিক্রি পর্যন্ত সহযোগিতা করেন। সব শ্রেণি-পেশার মানুষ ইফতারি কেনেন।
সহযোগিতাকারী আবিদ রহমান খান বলেন, এসব ইফতারি লোকসানে বিক্রি করা হয়, ভর্তুকি দিয়ে। ভ্যানচালক, ইজিবাইক চালক, রিকশাচালকসহ নিম্ন-মধ্য আয়ের মানুষ আসেন ইফতারি কিনতে।
মহেশ্বরপাশা কালীবাড়ি বাজারের বাসিন্দা মিল্টন শরীফ বলেন, তিনি এখান থেকে ইফতারির সামগ্রী কেনেন। স্বল্প মূল্যে চাহিদা মতো কেনা যায়। খুব ভালো উদ্যোগ।
আরেক ক্রেতা আরিফুল ইসলাম বলেন, বাজারের অন্য দোকানে যে চপ, বেগুনি ৩ থেকে ৫ টাকায় বিক্রি হয়, সেগুলো এখানে এক টাকায় মিলছে।











































