Home আঞ্চলিক বাড়ির আঙিনা হাসছে পুষ্টি বাগানে

বাড়ির আঙিনা হাসছে পুষ্টি বাগানে

14

 

মেহেরপুর প্রতিনিধি।।

দেশের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে– প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নে ও পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে মেহেরপুরে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। জেলার ২০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটিতে অন্তত ১০০টি করে ২ হাজার ২০০টি বাড়ির আঙিনায় তৈরি করে দেওয়া হচ্ছে পুষ্টি বাগান। প্রথমদিকে এই বাগান গড়ে তুলতে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হলেও এখন সরবরাহ করা হচ্ছে বিভিন্ন শাকসবজির বীজ, সারসহ নানা সরঞ্জাম।

২০ জন বাগান উদ্যোক্তাকে নিয়ে দল গঠন করে উঠান বৈঠকের মাধ্যমে তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও পরামর্শ। কৃষি বিভাগের এই উদ্যোগের ফলে এরই মধ্যে জেলার বিভিন্ন গ্রামে বাড়ির আঙিনায় পড়ে থাকা পরিত্যক্ত জায়গাগুলো ভরে উঠেছে শাকসবজিতে।

পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মেয়াদ ৫ বছর। এরই মধ্যে তিন বছর পার হয়েছে। মেহেরপুরের কৃষকরা বলছেন, কৃষি বিভাগের এই উদ্যোগ অনেকটাই সফল। তারা বিষমুক্ত শাকসবজি পাচ্ছেন। উদ্বৃত্ত ফসল বিক্রি করে আর্থিকভাবেও হচ্ছেন লাভবান।

মেহেরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘আমার স্ত্রী বাগান পরিচর্যা করে। আমি অন্য কাজগুলো করে দিই। এখানে যে সবজি চাষ করা হয়েছে তা কীটনাশকমুক্ত। রাসায়নিক সারের ব্যবহার করা হয়নি। শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে সবজি উৎপাদন করা হয়েছে।’

সদর উপজেলার বন্দর গ্রামের কৃষক সোহরাব হোসেন বলেন, ‘কৃষি বিভাগ থেকে আমাকে প্রথমে ২ হাজার টাকা দিয়েছিল; যা দিয়ে আমার বাড়ির আঙিনা ঘিরে নানা ধরনের সবজি চাষ করছি। এখন সারাবছর সবজি পেতে বীজ, সার ও পরামর্শ দিয়ে সহায়তা করে কৃষি বিভাগ।’

সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন বলেন, ‘মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বাড়ির পতিত জমিতে পুষ্টি বাগান করে দেওয়া হচ্ছে। এই প্রকল্প আরও দুই বছর চলবে। এটি একটি কালিকাপুর মডেল। এই মডেলে কিষান-কিষানিরা সারা বছর সবজি পাচ্ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় যাদের বাড়িতে পরিত্যক্ত জায়গা আছে তাদের উঠান বৈঠকের মাধ্যমে বুঝিয়ে পুষ্টি বাগান করে দেওয়া হচ্ছে। মেহেরপুর জেলায় ১ লাখ ৪৬ হাজার ২০০টি কৃষি পরিবার আছে। পর্যায়ক্রমে সব কৃষক পরিবারের বাড়ির পতিত জায়গায় নানা ধরনের সবজি চাষে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’