অনলাইন ডেস্ক।।
যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ছোড়া গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বৃহস্পতিবার গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
গাজার স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বুধবার সন্ধ্যায় উত্তর গাজায় কুয়েত চত্বরে ফিলিস্তিনিরা ত্রাণসামগ্রী সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। এ সময় ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামাসের সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ৩১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় ২৪ লাখ বাসিন্দার গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। অর্ধাহার-অনাহারে লাখ লাখ মানুষ দিনাতিপাত করছেন।
এদিকে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফার একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির একজন কর্মী নিহত ও আরও ২২ জন আহত হয়েছেন।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যেই উপেক্ষা করে জাতিসংঘ এই সংস্থার ত্রাণকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।











































