Home আঞ্চলিক খুলনার ২২ মোড়ে ফিরবে সৌন্দর্য

খুলনার ২২ মোড়ে ফিরবে সৌন্দর্য

14

খুলনাঞ্চল রিপোর্ট।।

যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেনের কারণে এক সময়ের পরিপাটি খুলনা শহর সুনাম হারিয়েছে বেশ আগেই। ক্রমান্বয়ে বাড়তে থাকা ইজিবাইক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, ধুলাবালির কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোর এখন হতশ্রী দশা। তবে আশার কথা হচ্ছে, নগরীর সৌন্দর্য ফেরাতে গুরুত্বপূর্ণ ২২টি মোড় পুনর্নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মাধ্যমে মোড়গুলোর নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই এই কাজ শুরু হবে। এতে ব্যয় হবে প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা।

কেসিসি থেকে জানা গেছে, বিভিন্ন সভা-সেমিনারে খুলনার সড়কগুলো প্রশস্ত ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর সৌন্দর্যবর্ধনের দাবি জানান খুলনার নাগরিক নেতারা। সিটি মেয়র তালুকদার আবদুল খালেকও নির্বাচনের আগে নগরীর সৌন্দর্যবর্ধনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী ‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্যাকেজটি অন্তর্ভুক্ত করা হয়।

মোড়গুলো হচ্ছে– বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে, বয়রা বাজার মোড়, বয়রা মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মহসিন মোড়, রয়েল মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড়
ও ডাকবাংলো মোড়।

কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, যানবাহনের চাপ ও আশপাশের অবস্থা বিবেচনায় নিয়ে মোড়গুলোর নকশা প্রণয়নে আর্কিটেকচার ডিসিপ্লিনের ‘রিসার্চ অ্যান্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিটকে (আরডিসিইউ) দায়িত্ব দেওয়া হয়। তারা গত বছর নকশা জমা দেয়। আগামী মাস থেকে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় মোড়গুলো সম্প্রসারণ এবং দৃষ্টিনন্দন করা হবে। নগরীর পিটিআই মোড়ে একটি ফুট ওভারব্রিজ, বেশ কিছু মোড়ে ফোয়ারা নির্মাণ, নতুন ফুটপাত, সড়ক বিভাজক, জেব্রা ক্রসিং, বসার জায়গা ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। একটি মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। আগামী এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে।

তবে সোনাডাঙ্গা থানার মোড়ের সৌন্দর্যবর্ধনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। সংস্থারটির প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম জানান, সোনাডাঙ্গা বাস টার্মিনালসহ ওই এলাকা আধুনিকায়নে কেডিএর একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেটি বাস্তবায়িত হলে মোড়টি দৃষ্টিনন্দন হবে।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খুলনাকে পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ মোড়গুলো আধুনিকায়ন হলে নগরীর সৌন্দর্য বাড়বে, পাশাপাশি শহরের যানজট নিরসনে সহায়ক হবে।-সমকাল