“রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ইফতার বিতরণ”
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ২য় রমজান ৫০জন ছিন্নমুল মানুষের মাঝে প্যাকেট করে রান্না করা ইফতার নগরীর রেল স্টেশন, পাওয়ার হাউস মোড় ও শিববাড়ি মোড় এলাকায় মোট ৫০ প্যাকেট বিতরণ করা হয়। যা শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জেবিএম গণগ্রন্থগারের সভাপতি রুনা লায়লা।
স্বেচ্ছাসেবক হিসাবে প্রতিদিনের ন্যায় উপস্থিত ছিলেন রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাঈদুর রহমান লুশান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন, নাজরীন মাহমুদ জুথি, গৌরব বসু, প্রসেনজিৎ বোস, রিয়াল আহমেদ, মোঃ রাসেল, আরমান, প্রিতম ও জুলকার নাঈম প্রমূখ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার সকাল ১০:০০ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভার শুরুতে কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। পুলিশ কমিশনার বক্তব্যে পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভবিক রাখাসহ মূল্য নিয়ন্ত্রণ, অবৈধ মজুদদারী ও কালোবাজারী বন্ধকরণের পাশাপাশি পরিবহন সেক্টরে (পণ্যবাহী যানে) এবং আঁড়তে চাঁদাবাজি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ডেপুটি পুলিশ কমিশনারদের তৎপরতা বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে জঙ্গী ও সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি প্রতিহত সহ যানজট মুক্ত নগরী গড়তে বদ্ধ পরিকর। এছাড়াও হত্যা, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণ, অপহরণসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের নিবিড়ভাবে তদন্ত করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। যে কোন ধরণের ফৌজদারি আপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারি দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সকল পদমর্যাদার অফিসার-ফোর্সকে ডিসিপ্লিন মেনে চলতে হবে এবং কারো অনাকাঙ্খিত চলাফেরার কারণে যেন পুলিশ ডিপার্টমেন্টের বদনাম না হয় সে দিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেন। কেএমপিকে সবাই মিলে একটি চমৎকার গতিশীল ইউনিটে পরিণত করতে তৎপর আছেন মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বক্তব্যে বলেন, “খুলনা মহানগরী এলাকায় মাদক সংক্রান্ত কোন অভিযোগ শুনতে চাই না। এজন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী, জুয়াড়ি, দেহ ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। কেএমপি’র আওতাধীন এলাকায় চুরির ঘটনা ঘটলে দ্রুততার সাথে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চোরাই মালামাল উদ্ধার করতে হবে। চুরি বন্ধে টহল পুলিশ নাইট গার্ডদের সতর্ক করবে পাশাপাশি থানা এলাকায় টহল ও মোবাইল ডিউটি কালীন সময়ে লাইট ও বাঁশি ব্যবহার করতে হবে। প্রত্যেকে অভিযানের ক্ষেত্রে সর্তক থেকে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে হবে। কেএমপি’র যে কোনো থানায় আগত সেবা প্রত্যাশীদের কাক্ষিত সেবা প্রদান করতে হবে। সকল থানার রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা সমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং যে কোন অপরাধ মোকবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
কেএমপি’র পুলিশ কমিশনার অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে সহকারি পুলিশ কমিশনার ০১ জন; পুলিশ পরিদর্শক পদমর্যাদার ০৪ জন; এসআই পদমর্যাদার ৩২ জন; এএসআই পদমর্যাদার ১২ জন; অফিস সহকারি পদমর্যাদার ১০ জন; কনস্টেবল পদমর্যাদার ২০ জন-সহ সর্বমোট ৭৯ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের জন্য তাদেরকে নগদ অর্থ ও সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করেন।
অত:পর কেএমপি’র সিটিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মো: ইবাদত হোসেন শেখ দীর্ঘ চাকুরী জীবন শেষে বার্ধ্যক্যজনিত কারণে অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। একইসাথে তিনি তার অবসরকালীন সময়ে সর্বাঙ্গীণ মঙ্গল ও সুস্থতা কামনা করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ-সহ সকল পদমর্যাদার পুরষ্কারপ্রাপ্ত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃচুয়াডাঙ্গার
দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জাতীয় দিবস বঙ্গবন্ধুর জন্মদিন, গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, বীরমুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমান, আছের উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের অহংকার। দিবসটি যথাযথভাবে উদযাপনে দামুড়হুদা উপজেলা প্রশাসন প্রতিবছরই বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। এবছরও দিবসটি পালনে প্রশাসনের ব্যাপক প্রস্ততি নিবে।এছাড়াও দিবসের সকল কর্মসূচি সুন্দর, সফল ও সার্থক করতে প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারীদের অনুরোধ জানানো হয়।
দর্শনায় টলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ইট ভর্তি ট্রাক্টরের টলির চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দর্শনার দক্ষিল চাদপুর গ্রামের ড্রাইভার ফিনু ট্রলিতে দর্শনার সুপার ভাটা থেকে ইট বোঝায় করে যাচ্ছিল। পথে সুপার ভাটার ২শ গজ অদুরে বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়ার সার্থকের ছেলে মিনারুল(১৮)চলন্ত টলিতে উঠতে যায়।এসময় সে পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। এতে তার শরীলের উপর দিয়ে ট্রাক্টর চলে যায়। সাথে সাথে তার বায়ু পথ দিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে যুবক মিনারুল নিহত হয়। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তানত করেছ। তিনি আরও বলেন অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
তথ্য বিবরণী
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ মার্চ খুলনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৫ মার্চ সকাল পৌনে ১০টায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরাধ জগত এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গোপালগঞ্জ প্রতিনিধি।
গতকাল দুপুর ২টার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের সনামধণ্য বহুল প্রচারিত পত্রিকা অপরাধ জগত এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদক ও প্রকাশক দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত আলহাজ মোঃ সোহেল আহম্মেদ । কেক কেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। অপরাধ জগত এর গোপালগঞ্জ জেলায় কর্মরত সিনিয়র ক্রাইম রিপোটার এ জেড আমিনুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএমইউজে এর উপদেষ্টা ভৈরব উপজেলা কাজী মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রসিদ, দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি পলাশ সিকদার, জি, এস নিউজ এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শেখ আজিজুর রহমান, আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শিহাব মোল্লা, দৈনিক ভোরের চেতনার গোলাম রব্বানী গোপালগঞ্জ প্রতিনিধি ,দৈনিক, দৈনিক লাল সবুজের দেশের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এম,ডি নাঈম, সাজ্জাত শেখ দৈনিক আলোর জগত, নিজাম দৈনিক মাতৃছায়া, তপু শেখ জেলা প্রতিনিধি দৈনিক একুশের বানী, ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি বি,এম গোলাম কাদের রাজিব, জসিম মূন্সী বাংলার দূত, সাইফুল ইসলাম আগামীর খুলনা সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার সকল নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি আলহজ্ব সোহেল আহম্মেদ বলেন. সারাদেশে সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বন্ধের আহবান জানান। সেই সাথে শেরপুরের নকলায় মিথ্যা মামলা দিয়ে দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক সফিউজ্জমান রানাকে জেলে প্রেরণ করা সেই ইউএনও এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানান তিনি।
শিক্ষামন্ত্রীর সাথে কুয়েট ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের সৌজন্য স্বাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি. এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ১২ মার্চ মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর দাপ্তরিক কক্ষে সৌজন্য স্বাক্ষাতকালীণ সময়ে আরো উপস্থিত ছিলেন “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। এসময় মাননীয় শিক্ষামন্ত্রীকে কুয়েটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। স্বাক্ষাতকালীণ সময়ে বিশ^বিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক এবং বিশ^বিদ্যালয়ের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। মাননীয় মন্ত্রীকে কুয়েট পরিদর্শনের আমন্ত্রণ জানানো হলে, তিনি সুবিধাজনক সময়ে কুয়েট পরিদর্শন করবেন বলে জানান। মাননীয় মন্ত্রী কুয়েটে চলমান প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে কুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এম.পি. এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
খুবিতে কটকা ট্রাজেডি স্মরণে শোক দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
১৩ মার্চ (বুধবার) নানা আয়োজনের মধ্য দিয়ে কটকা ট্রাজেডি স্মরণে পালিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এবছর এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহে।
বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোকর্যালি শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ঘুরে কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এর পরপরই কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), স্থাপত্য ডিসিপ্লিন প্রধানসহ বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য ডিসিপ্লিন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, আবাসিক হলসমূহ, শিক্ষক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে সকাল ১০.৪৫ মিনিটে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক শোক সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদত বরণকারী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শাহাদত বরণকারী শিক্ষার্থীদের সহপাঠীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের দুইজন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, মানুষের স্মৃতি সবসময় বিরাজমান। এর মাধ্যমে পুরনো কথা জাগ্রত হয়। আজকের এদিনে মেধাবী শিক্ষার্থীদের পাশে যেভাবে অ্যালামনাইরা দাঁড়িয়েছেন, তা একটি মহৎ কাজ। খুলনা বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, কটকার শোকাবহ পরিবেশ ততদিন থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কখনও যেন কটকার মতো দুর্ঘটনা না ঘটে এ জন্য সেশনাল ট্যুরে সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করতে হবে।
স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তৃতা করেন স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন। স্মৃতিচারণ করেন শাহাদত বরণকারী শিক্ষার্থীদের সহপাঠী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ’৯৮ ব্যাচের শিক্ষার্থী শরিফ উদ্দিন ও আসাদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী সামিয়া সুহাইদা তাজিয়া ও সীমান্ত সাহা রাহুল। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, শাহাদত বরণকারীদের ৭ জন সহপাঠী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাদ জোহর শাহাদতবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বাদ মাগরিব এতিমদের সাথে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে নারী দিবস পালিত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে নারী দিবসে নারীদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি ও ব্যাংকিং সেবায় নারীর অন্তর্ভুক্তি বিষয়ক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
বুধবার সকালে দর্শনা পুরাতন বাজার আইএফআইসি ব্যাংক কার্যালয়ে শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী গ্রাহক প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম,কেরুজ কর্মকর্তা নমিতা রাণী,বিশিষ্ট বিউটিশিয়ান মুন্নী আক্তার,নারী উদ্যোক্তা রুমন নাহার এছাড়াও ব্যাংকের সিএসএম বিপ্রতীপ পাল,টিএসও সাগরিকা খাতুন। আলোচনা শেষে নারী দিবস উপলক্ষে নারী কাস্টমার ও নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কাটা হয়, এছাড়া মিষ্টি ও স্যাক্নস খাওয়া হয়।
এসময় কিছু গ্রাহক ও নারী উদ্যোক্তা শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
জিম্মির আগে মাকে শেষ কী কথা বলেছিলেন খুলনার তৌফিক
স্টাফ রিপোর্টার
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহর দ্বিতীয় প্রকৌশলী খুলনার মো. তৌফিকুল ইসলামের পরিবারের সদস্যরা রয়েছেন উৎকণ্ঠায়।
মঙ্গলবার বিকালে ঘটনা জানার পর থেকে দুশ্চিন্তা কাটছে না তাদের। পরিবারের দাবি, দ্রুত সবাইকে ভালোভাবে ফিরিয়ে আনার।
জলদস্যুদের হাতে জিম্মি মো. তৌফিকুল ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ২০/১ করিমনগর এলাকার মো. ইকবাল এবং দিল আফরোজা দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
বুধবার সকালে তৌফিকের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা মো. ইকবাল বিমর্ষ মুখ নিয়ে নিউমার্কেটে তার মোবাইল ফোনের দোকানে যাচ্ছেন। বাড়ির ভেতরে ঢুকতেই কানে আসে কান্নার আওয়াজ। দুই সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তৌফিকের স্ত্রী জোবাইদা নোমান।
জোবাইদা নোমান বলেন, মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে আমার স্বামী আমাকে ফোন করে দুপুরে তাদের জিম্মি করার কথা জানায়। সে তার বাবা-মায়ের সঙ্গেও কথা বলে।
তিনি বলেন, আমাদের দাবি দ্রুত যেন আমার স্বামীসহ সবাইকে উদ্ধারে সরকার পদক্ষেপ নেয়। আমি আমার স্বামীকে দ্রুত ফিরে পেতে চাই। আমার স্বামী কী অবস্থায় আছে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছি। ২০০৮ সাল থেকে আমার স্বামী জাহাজে চাকরি করলেও এ ধরনের বিপদে এই প্রথমবার।
তৌফিকের মা দিল আফরোজা বলেন, ছেলেকে জিম্মি করার কথা শোনার পর তাকে কয়েকটি দোয়া পড়ার কথা বলি। তখন সে আমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলার একপর্যায়ে জলদস্যুরা তার ফোন কেড়ে নেয়। এর পর থেকে তার সঙ্গে আর কথা বলতে পারিনি। গত ২৫ নভেম্বর সে বাড়ি থেকে চট্টগ্রামে ওই জাহাজটিতে গিয়েছিল।
তিনি বলেন, ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। জানি না সে কী অবস্থায় আছে। আমাদের দাবি, শুধু আমার ছেলে না সবাইকে দ্রুত সুস্থভাবে উদ্ধারের ব্যবস্থা করা হোক।
তিনি বলেন, ছেলের সঙ্গে যোগাযোগ থাকলে তো অন্তত স্বস্তিতে থাকতে পারতাম।
তৌফিকের ৭ বছরের মেয়ে তাসফিয়া তাহসিনা ও ৫ বছরের ছেলে আহমদ মুসাফি বাবার খবর শুনে মঙ্গলবার বিকাল থেকেই কাঁদছে। তৌফিকের অসুস্থ বাবার দুশ্চিন্তাও বেড়ে গেছে।
২৩ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ গত রোববার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
সোমবার ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এটি। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার (মার্চ ১২) দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠীটির কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ‘গোল্ডেন হক’ নামের জাহাজটি কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম দেওয়া হয় ‘এমভি আবদুল্লাহ’।
গত বছর এটি সংগ্রহ করে সাধারণ পণ্য পরিবহণ করতে থাকে কেএসআরএম গ্রুপ। ২০১৬ সালে তৈরি হওয়া জাহাজটি লম্বায় ১৯০ মিটার।
২০১১ সালে একই মালিকের ‘এমভি জাহান মণি’ নামের আরেকটি জাহাজ আটক করে সব নাবিক ও ক্রুকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা।
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের সম্পত্তি
ঢাকা অফিস
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি সরকারের পরিত্যক্ত সম্পত্তি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
হাইকোর্ট বলেন, দুদকসহ অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্টে এটা প্রমাণিত যে সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের পরিত্যক্ত সম্পত্তি। এই সম্পত্তি কিভাবে সালাম মুর্শেদী পেলেন, কিভাবে তার কাছে হস্তান্তর হলো, এটা আমাদের দেখাতে হবে।
পরে আদালত সালাম মুর্শেদীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বাড়ি নিয়ে রায় ঘোষণার জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সালাম মুর্শেদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
এর আগে, গতকাল মঙ্গলবার খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে রায় ঘোষণার দিন পিছিয়ে অবুধবার দিন ধার্য করেন হাইকোর্ট।
দুদকের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
গত ৩ মার্চ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে শুনানি শেষ হয়।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি শুনানিতে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছিলেন, রাজউকের ও দুদকের হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে গুলশানে সালাম মুর্শেদী যে বাড়িতে বাস করছেন সেটা রাষ্ট্রের সম্পত্তি। এই বাড়িতে তিনি এখন এক মুহূর্তও থাকতে পারেন না। ব্যারিস্টার সুমন বলেন, মানুষ অপহরণের মতো সালাম মুর্শেদী গুলশানের বাড়ি অপহরণ করে বাস করছেন। এই বাড়িতে তিনি প্রতি সেকেন্ড অবৈধভাবে বাস করছেন।
এ সময় হাইকোর্ট রাজউকের আইনজীবীকে প্রশ্ন রেখে বলেন, সেটেলমেন্ট কোর্টের অর্ডার ছাড়া এই সম্পত্তি কিভাবে সালাম মুর্শেদীর কাছে হস্তান্তর করা হলো? পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
গত ১৭ জানুয়ারি খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে দুদককে অনুসন্ধান প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
তার আগে সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করে দুর্নীতি দমন (দুদক)।
মেহেরপুরে গম চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে
নিজস্ব প্রতিনিধি
মেহেরেপুর জেলায় চলতি মৌসুমে গম চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এ মৌসুমে গম চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩ হাজার ৬৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ হাজার ৫৬৬ টন।
এ জেলার কৃষকরা মনে করছেন প্রতি হেক্টর জমিতে ৪.১ টন গম উৎপাদন হবে। এবার জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার হেক্টর জমিতে। যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫ হেক্টর জমি।
তবে, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে গম চাষে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। গত কয়েক বছর আগে গম ক্ষেতে ব্লাস্ট রোগ হওয়ায় কৃষকরা গম চাষে আগ্রহ হারিয়েছিলেন। তবে, গত বছরে আবহাওয়া ভালো এবং গমের মূল্য বেশি পাওয়ায় কৃষকরা এবার গম চাষে ঝুঁকেছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার হেক্টর জমিতে। যা ছাড়িয়ে ১৩ হাজার ৬৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ হাজার ৫৬৬ টন। এ মৌসুমে ব্লাস্ট রোগ প্রতিরোধ জিংক সমৃদ্ধ উচ্চফলনশীল নতুন জাতের বারি-৩০, ৩৩ গম চাষে ঝুঁকেছেন চাষিরা। গম পাকা শুরু হয়েছে। গমের জমি তৈরি থেকে শুরু করে গম বপন এবং পরিচর্যা পর্যন্ত কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে।
জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের গমচাষি ইমদাদুল হক জানান, এ মৌসুমে তিনি ১ বিঘা জমিতে গম চাষ করেছেন। এ জমিতে সার বীজ, সেচসহ সব মিলিয়ে ১৫-১৮ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এক বিঘা জমিতে ২০-২২ মণ গম উৎপাদন আশা করা যায়।
মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন জানান, গত মৌসুমে গম ক্ষেতে রোগবালাই কম ছিলো। তাই গম উৎপাদন ভালো হয়েছিল। তবে কীটনাশকের উপর ভরসা করে গম চাষে তুলনামূলক খরচ বেশি হয়ে যাচ্ছে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধদিফতরের উপপরচিালক বিজয় কৃষ্ণ হালদার জানান, মেহেরপুরের মাটি তাপ-খরা সহ্য করতে পারে। এ জন্য গম চাষের উপযোগী এখানকার মাটি। কয়েক বছর আগে ব্লাস্ট রোগের কারণে এ জেলার মানুষ গম চাষে আগ্রহ হারাচ্ছিলো। তবে কৃষি বিভাগ থেকে গমসহ বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধমূলক পরামর্শের কারণে গমসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বরখাস্ত চেয়ে মেম্বারদের অনাস্থা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার ১ নম্বর জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের স্বেচ্ছারিতা ও বিভিন্ন দুর্নীতি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত (মহিলা) ও সাধারণ ওয়ার্ডের ১১ ইউপি সদস্য (মেম্বার)।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার কাছে এ অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়।
অনাস্থা প্রস্তাব দাখিলকারী মেম্বাররা হলেন ১ নম্বর ওয়ার্ডের মখলেছুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের খোকন আলী, ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের রতন আলী, ৭ নম্বর ওয়ার্ডের আলামিন, ৮ নম্বর ওয়ার্ডের মঈনুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নূর জাহান বেগম, রাশিদা খাতুন, ও সোনিয়া আক্তার।
অনাস্থা প্রস্তাব পত্রে উল্লেখিত অভিযোগসমূহ হলো, ইউনিয়ন পরিষদের প্রতি মাসে মাসিক সভার আহ্বান করার নিয়ম থাকা স্বত্বেও তিন মাস ধরে কোনো সভা আহ্বান করা হয়নি। এমনকি চেয়ারম্যান নিজ বাড়িতে বসে ইচ্ছে মতো দাপ্তরিক কাজ করেন, যার কারণে জনসেবা মারাত্বকভাবে বিঘ্নিত হচ্ছে। পরিষদের বিভিন্ন বরাদ্দ যেমন টি.আর, কাবিখা, কাবিটা ইত্যাদি নিজ ইচ্ছানুযায়ী প্রকল্প তৈরি করে খাদ্যশষ্য বা টাকা আতসাৎ করে আসছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ১৮ জন সুবিধাভোগীর নামে কার্ড থাকলেও উক্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত কোনো প্রকার সুবিধা পাননি।
এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করেন। তাদের নামে রাস্তা, ব্রীজ, কালভার্ট ইত্যাদির নামকরণ করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করছেনা। অত্র ইউনিয়ন পরিষদের আয়-ব্যায়ের হিসাবপত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে অবহিত করেন না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, স্থানীয় বিল-বাওড় কেন্দ্রীক কিছু দ্বন্দের কারণে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। এগুলো ষড়যন্ত্র। অভিযোগসমূহ সত্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পত্র পেয়েছি। পরবর্তীতে আমরা বিধি মোতাবের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে বাজারে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয়
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভোর হলেই হাঁকডাকে মুখর চুয়াডাঙ্গার রেলস্টেশন সংলগ্ন মাছের বাজার। এ বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। শতাধিক আড়তে হাজারের বেশি মানুষের জীবিকা নির্বাহ হয় এ বাজারে কাজ করে।
সরেজমিনে দেখা যায়, ঢালার ওপরে তাজা মাছ লাফাচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর চারদিক। সড়কের পাশে গাড়ি রেখে মাছ কিনছেন অনেকে। বিয়ে, জন্মদিনসহ বড় অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার ও জেলার অভিজাত রেস্তোরাঁগুলো পাইকারিতে মাছ সংগ্রহ করেন অনেকে।
ব্যবসায়ী সূত্র জানায়, এ বাজারে প্রতিদিন অন্তত আড়াই থেকে পাঁচ মণ মাছ বেচাকেনা হয়। যা টাকার অংকে যা কোটি টাকার বেশি। সপ্তাহের প্রতিদিনই বসে মাছের বাজার। সবচেয়ে বেশি বিক্রি হয় রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প, বিগহেড ও কমন কার্প মাছ। বিক্রি হওয়া মাছের ৫০ শতাংশ এগুলো। অন্য মাছের মধ্যে ২০ শতাংশ ইলিশ, ১০ শতাংশ দেশি ও ২০ শতাংশ সামুদ্রিক মাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ আমদানি করা হয়। ইলিশ আসে চাঁদপুর, চট্টগ্রাম ও ঢাকা থেকে। সামুদ্রিক মাছের বেশিরভাগ সংগ্রহ করা হয় চট্টগ্রাম থেকে।
বাজারের সাবেক আড়তদার মো. শহিদুল কদর জোয়ারদার বলেন, দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় ৪০ বছর মাছের ব্যবসায় আছি। এ বাজারের মাছের চাহিদা দীর্ঘদিনের। আগে বাজারটি স্টেশনের কাছাকাছি ছিল তারপর একটু এগিয়ে এখন বাজারটি বড় হয়েছে।
আড়তে কাজ করা সুমন মিয়া বলেন, আমি এখানে দীর্ঘদিন আছি। এখানে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা মাছ আনেন। খুচরা ও পাইকারি দুভাবেই বিক্রি হয়। এখানে অনেক ভোরে কাজ শুরু হয়ে সকাল ১০টা ১১ পর্যন্ত চলে ।
জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম বলেন, আড়তটি পাকিস্তান
আমল থেকে শুরু হয়েছে। রেল স্টেশনের পাশে এ মৎস্য আড়ত ১০০ বছরের ঐতিহ্য। ইলিশ মাছের সময় প্রতিদিন ৩০০-৫০০ মণ ইলিশ মাছ আসে। চাহিদা অনুযায়ী আমরা মাছ সরবরাহ করছি।
খুলনার মোড়ে মোড়ে জমেছে ইফতারের বাজার
স্টাফ রিপোর্টার
চুলায় টগবগ করে ফুটছে তেল। তপ্ত কড়াই থেকে ছেঁকে ছেঁকে তোলা হতে থাকে বেগুনি, পিঁয়াজু, চপ, জিলাপিসহ নানা রকমের খাবার। পাশেই টেবিল পেতে বিক্রি হচ্ছে। এ চিত্র এখন খুলনা শহরের মোড়ে মোড়ে। খুলনার নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে ফুটপাতে মুখরোচক এসব খাবার কিনতে ভিড় করছেন রোজাদাররা। তবে বেশকিছু ইফতারসামগ্রীর বাড়তি দামের কারণে ক্রেতাদের রয়েছে অসন্তোষ।
মঙ্গলবার (১২ মার্চ) পহেলা রমজানে মহানগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বাহারি সব খাবারের সন্ধান করেছেন ভোজনরসিকরা। সড়কের পাশে নানা পদের ইফতারসামগ্রীর রমরমা বাজার। আর এখানকার ইফতার চেখে দেখতে নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসছেন। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্য ও নিম্নবিত্ত সবারই ভিড় এখানে।
ইফতার বিক্রেতা মো. মাহফুজ বলেন, প্রতি বছরের মতো রমজানে এবারও ইফতারে বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছে। ইফতার তৈরির পণ্যের দাম অনেক বেশি হলেও ইফতারির খাবারের দাম তেমন একটা বাড়ানো হয়নি।
মহানগরের পাইওনিয়র মহিলা কলেজের সামনে, ডাকবাংলো মোড়, সোনালী ব্যাংক চত্বর, ফেরিঘাট মোড়, পিকচার প্যালেস মোড়, পাওয়ার হাউস মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পশ্চিম রূপসা ঘাট, শান্তিধাম মোড়, বৈকালী মোড়, বয়রা মোড়, নিরালা, গল্লামারী মোড়সহ প্রতিটি ব্যস্ততম সড়কের দুই পাশেই ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। অফিসফেরত মানুষ এসব দোকানের ক্রেতা।
নগরীর সাত রাস্তার অপর পাশে বনফুল অ্যান্ড কোং তাদের দোকানের সামনে টেবিল পেতে বিক্রি করছে বাহারি ইফতারি। তাদের ইফতার মেনুতে রয়েছে ৩৫ রকমের খাবার। এর মধ্যে রয়েছে স্পেশাল ফিন্নি (প্রতি কেজি) ২২০ টাকা, স্পেশাল ফিন্নি (৫০০ গ্রাম) ১১০ টাকা, কাপ ফিন্নি ২৫ টাকা, স্পেশাল শাহী জিলাপি (প্রতি কেজি) ১৭০ টাকা, স্পেশাল ক্রিসপি জিলাপি (প্রতি কেজি) ১৭০ টাকা, শাহী বাকরখানি (প্রতি পিচ) ১৫ টাকা, পাটি সাপ্টা পিঠা ১৬ টাকা, চিকেন সমুচা ১০ টাকা।
বনফুলের ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, চমৎকার স্বাদের সব ইফতার আইটেম দিয়ে সাজানো তিন ধরনের ইফতারির প্যাকেজ পাওয়া যাচ্ছে বনফুলে। ইফতার প্যাকেজ-১ এ রয়েছে ৯টি আইটেম, যার মূল্য ১০০ টাকা। ইফতার প্যাকেজ-২ এ রয়েছে ১১টি আইটেম, যার মূল্য ১৪০ টাকা ও ইফতার প্যাকেজ-৩ এ রয়েছে ৯টি আইটেম, যার মূল্য ১৭০ টাকা।
ইফতার কিনতে আসা কিন্ডারগটেন শিক্ষক মো. রেজা আসিফ বলেন, সব জিনিসেই বাড়তি দাম। ভালোভাবে ইফতারি খেতে গেলে বাজার করে ভাত খাওয়া সম্ভব না।
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার
খুলনার সড়ক দুর্ঘটনায় আবির মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকালে রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারের মালিবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, সকাল ৮টার দিকে আবির মোল্লা মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত আবির মোল্লাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ফকিরহাটে জাতীয় শিশু ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় দিবস গুলো যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
ফকিরহাটে এমপির ঐচ্ছিক তহবিল হতে অসহায়দের চেক প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন (এমপি’র) ঐচ্ছিক তহবিল হতে ফকিরহাটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চেক প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চেক প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী। এদিন মোট ১৫জনকে দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
রাজাপুরের মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহ সুপার পদের নিয়োগে ৮ লাখ টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের কৈবর্তখালি গ্রামের আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহ সুপার পদের নিয়োগে ৮ লাখ টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ওই পদে আবেদনকারী জাহিদ হাসান নামে এক প্রার্থী জেলা প্রশাসক ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এ লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহকারী সুপারের পদ খালি থাকায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মেহরুবা মনা ৮ লাখ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে যোগ্যতা বিহীন ওই মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ হেলাল উদ্দিন তালুকদারকে নিয়োগের পায়তারা করিতেছে। সহকারী মৌলভী মোঃ হেলাল উদ্দিন তালুকদারের শিক্ষাগত যোগ্যতা দাখিল-৩য় বিভাগ, আলিম ৩য় বিভাগ, ফাজিল ২য় বিভাগ ও কামিল ২য় বিভাগ। সহকারী সুপার পদে সচ্ছতা নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিয়ে হেলাল উদ্দিন তালুকদারকে নিয়োগের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে নিয়োগের প্রস্ততিসহ আনুসাংগিক ব্যবস্থা করেছেন। তার মাদ্রাসা পরিচালনার যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানে অযোগ্য লোককে নিয়োগ দেয়া হলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাপড়ার অপুরনীয় ক্ষতি হবে। ম্যানেজ প্রক্রিয়ায় অযোগ্য মোঃ হেলাল উদ্দিন তালুকদারকে যাহাতে নিয়োগ না দিয়ে যোগ্য ও সচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবি জানানো হয় অভিযোগে। ইতোপূর্বেও একই প্রক্রিয়ায় নিরাপত্তা কর্মী পদে মোঃ মানির হোসেরে কাছ থেকেও ৮ লাখ টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে। ঘুষ দেয়ার অভিযোগ সহকারী মৌলভী মোঃ হেলাল উদ্দিন তালুকদার অস্বীকার করেছেন। অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি মেহরুবা মনা জানান, মাদ্রাসায় কোন রকম কোন নিয়োগ বানিজ্য হয় না। এর আগের নিয়োগগুলো সচ্ছতার ভিত্তিতে হয়েছে, নিয়োগ খরচও নিজেরা দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা গুজব ও ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী সচ্ছতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে নিয়োগ সংশিষ্টরা যাকে যোগ্য মনে করবে তাকে নিয়োগ দিবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান, ওই মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া চলছে, যাচাই বাছাই চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।
রাজাপুরে ৪ ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ৪ টি ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তার মালিককে ১ লাখ টাকা জরিমানা, সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকায় মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকস এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকস এর মালিক’কে এক লাখ টাকা এবং উপজেলা সদরের উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকস এর মালিক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব। এ সময় রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান সহ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন। ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, বিভিন্ন ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তার মালিককে জরিমানা করে ইট ভাটা বন্ধ করে দেয়া হয়েছে।
রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ নূরে আলম নয়ন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা শহরের বাদুরতলা সড়কের মুখ এলাকার মোটর সাইকেল স্ট্যান্ডের জননী জুয়েলার্স’র সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ নূরে আলম বাইপাস মোড় এলাকার মানিক মোড়লের ছেলে। রাজাপুর থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, নূরে আলম বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে তার নামে এসআই মহিউদ্দিন বাদি বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়ছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।
সমাজের অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সমাজের অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকে পবিত্র এই রমজান মাসে সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের দুস্থ মানুষের পাশে থাকা ঈমানী দায়িত্ব। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র বুধবার সকালে নগরীর ফুলবাড়ী গেটে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের এ কর্মসূচি উদ্বোধন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন।
কেসিসির ২নং ওয়ার্ডের কাউন্সিলর এস.এম মনিরুজ্জামান (মুকুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, থানা আওয়ামী লীগ নেতা মো. সেলিম রেজা, যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু, আওয়াল আজাদ, মহিলা আ’লীগ নেত্রী এ্যাড. নার্গিস খানম, নিলা নাছিরসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অভয়নগরে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী, মথুরাপুর, কোদলা ও দেয়াপাড়া গ্রামের ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা মো: মহিবুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে উর্ধতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছেন। বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খানম জানান, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও পূর্বে এলাকাবাসীর দেয়া অভিযোগের প্রেক্ষিতে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামকে কর্মস্থল ত্যাগ করে উপজেলা অফিসে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। তার হাতে কিছু জরিপের কাজ আছে দুই-তিন দিন এর মধ্যে কাজ গুলো শেষ করতে বলা হয়েছে। জরিপের কাজ শেষ হলে তাকে অন্যত্র বদলি করা হবে। বুধবার অফিস আদেশ মারফতে তাকে কর্মস্থল ত্যাগ করে উপজেলা অফিসে এনে দপ্তর বিহীন অবস্থায় রাখা হয়েছে।
এর আগে “শ্রীধরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তর বিরুদ্ধে নানা অভিযোগ” শিরোনামে স্থানীয় পত্রপত্রিকায় গত ১১ মার্চ সংবাদ প্রকাশিত হয়। সংবাদে তার বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষিকর্মকর্তা এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
প্রকাশিত সংবাদের সারগর্ভে উল্লেখ ছিলো, উপ-সহকারি কৃষিকর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে নিয়মিত মাঠ পরিদর্শণ না করা, উপজেলা অফিসে মনগড়া ফসলের প্রদর্শণী প্লট নির্ধারণ করে জমা দেওয়া। প্রনোদনার সার বীজ প্রকৃত কৃষকের মাঝে বন্টন না করে অকৃষকদের প্রদান করা। নিয়মিত মাঠ পরিদর্শণ না করায় এলাকার কৃষকেরা তাকে চেনেনও না।
এলপি গ্যাসসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান
খবর বিজ্ঞপ্তি
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন পবিত্র রমজান উপলক্ষে এলপি গ্যাসসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী শেখ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আহমেদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ বাবর আলী, মোঃ তামান্না, ডাঃ গোলজার হোসেন, মোঃ নুরুল হক, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, বকসি সাইফুল ইসলাম, কামরান হোসেন কেমি, নজরুল ইসলাম বাবু, মোঃ সোহাগ প্রমুখ।
কালভার্ট আছে, খাল নেই
রিফাত আল মাহামুদ,বাগেরহাটঃ
প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয় ২০১৯ সালে বড় সন্ন্যাসী চেয়ারম্যানের ভাইজোড়া খালের উপর ১৫ মিটার লম্বা কালভাট নির্মান করা হয়।কালভাট ও পানি নিস্কাসনের ব্যবস্থাসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থার সবই আছে, শুধু নেই খালটি।এক সময়ের খড়স্রোতা খাল তার পুরান রুপ হারিয়ে আজ সেই খাল গরু-ছাগলের চারন ভুমিতে পরিনত হয়েছে।খাল ভরাট হয়ে খেলার এখন খেলার মাঠ।দৃশ্যটি বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের। এই ইউনিয়নের এক সময়ের প্রবাহমান বড় ভাই জোড়া খালটি এখন মৃতপ্রায়। খালটির বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীদের মাছ চাষ করার কারনে খালটি এখন মরতে বসেছে। এ ইউনিয়নের ছোট ভাইজোড়াসহ অন্যান্য যে খালগুলো রয়েছে তার প্রায় সব গুলোর চিত্র একই। এই ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের মধ্যে চলছে খাল দখল করে মাছের ঘের করার মহাউৎসব।
এ ইউনিয়নের কৃষি চাষিরা একদিকে অন্যেদিকে দখলকারী,যে কোন মুহুর্তে বড় ধরনের সংর্ঘষ হতে পারে বলে আশঙ্কা করছে ইউনিয়নের জনপ্রতিনিধি ।খাল অবমুক্ত করায় প্রশাসনেরও রয়েছে গড়িমসি এমন অভিযোগও স্থানীয় জনপ্রতিনিধির।
স্থানীয়রা বলছেন, সরকারি খালে প্রভাবশালীদের মাছের ঘের করার কারণে এলাকায় ধান চাষ ব্যাহত হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকায় এক সময়ের প্রবাহমান বড় ভাই জোড়া খালটি এখন মরতে বসেছে। এছাড়া ইউনিয়নের অন্যান্য যে খাল গুলো রয়েছে সে গুলোর অবস্থাও একই। এই প্রভাবশালীরা এতটাই ক্ষমতাধর যে, কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ বা কথা বলার সাহস পায় না।
পশ্চিম মল্লিকেরবেড় গ্রামের মোঃ মোস্তফা বলেন,আমরা ছোট বেলায় পুটিমারী এই খাল দিয়ে বাগেরহাট জেলা শহরে যাতায়াত করতাম।মাছ ধরতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই এলাকার লাকিয়া নামের সাবেক মহিলা মেম্বার এই খালে বাদ দিয়া ঘের করে। যার কারনে এই খালের পানি পর্যন্ত ব্যবহার করা যায় না। ঘের করার কারনে খাল ভরাট হয়ে যাচ্ছে।
বড় সন্ন্যাসী গ্রামের মোঃ ওবাদূল ইসলাম বলেন,এই এলাকার সাবেক মহিলা মেম্বার লাকিয়া পুটিমারী এই খালে দুইটি বাদ মাছের ঘের করে। আমরা চাই সরকারী এ খাল উন্মুক্ত থাকবে।আমরা সবাই এই খাল ব্যবহার করতে পারব।
ছোট সন্ন্যাসী গ্রামের সুকান্ত বলেন,এলাকার খালে মাছ ফেলে ঘের করে। খালের পানিও আমরা ধরতে পারি না।তবে কারা করে,তাদের নাম আমি বলতে পারবো না।
মল্লিকের বাড়ি ইউনিয়নের বাসিন্দা মোঃ সুমন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের প্রভাবশালীদের নেতৃত্বে কতিপায়ের লোক খাল দখল করে মাছ চাষ করে আসচ্ছে। ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে চলা ছোট ভাই জোড়া ও বড় ভাই জোড়া খালের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করার কারনে শেচকাজ ব্যাহত হচ্ছে পাশাপাশি কৃষকরা চরম বিলম্বনয় পড়েছেন।
স্থানীয় কৃষক প্রকাস মন্ডল বলেন, ১০ বছর ধরে খালটি তারা দখল করে রেখেছে। একটা খালতো মরেই গেছে। যারা দখল করে এই খাল খায় তাদের নাম নিলো তো এলাকা থেকে পালিয়ে যেতে হবে। আমরা প্রশাসনের কাছে খাল দুটি অবমুক্ত করার দাবী জানাই।
মল্লিকেরবেড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নেপাল মণ্ডল বলেন, সাবেক চেয়ারম্যান এবং এলাকার কতিপয় সন্ত্রাসী প্রকৃতির কিছু উশৃঙ্খল লোক প্রায়১০ বছর ধরে খাল দুটি দখল করে মাছ চাষ করে আসচ্ছে। আমরা একাধিকবার বর্তমান চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে বিষয়টি জানিয়েছি।কিন্তু কোন কাজ হয়নি। তাদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমাদের আতঙ্কে থাকতে হয়। কেউ প্রতিবাদ করলে তাদের অত্যাচার এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়। আমরা এই খাল দখলকারী ও তাদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব তালুকদার ছাবির আহম্মেদ বলেন,মল্লিকেরবেড় ইউনিয়নের অর্ধেক এর বেশী খালে বাদ দিয়ে এলাকার প্রভাবশালীরা মাছ চাষ করে। আমি কয়েকবার,কয়েকটা বাদ অপসারন করেছি কিন্তু বাদ অপসারন করার পর আবারও সে খালে বাদ দিয়ে ঘের করে। আমি গত উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক মিটিং এ ইউএনও’র সামনে আমি প্রস্তাব করেছি,এলাকার এক শ্রেনীর উশৃঙ্খল লোক তারা খাল দখল করে আছে আর এলাকার চাষিরা চাচ্ছে খাল উন্মুক্ত থাক। এ কারনে চাষিরা একদিকে অন্যেদিকে দখলকারী,যে কোন মুহুর্তে বড় ধরনের সংর্ঘষ হতে পারে। আমি আইন-শৃঙ্খলা মিটিংএ বলার পরেও খালের ব্যাপারে ইউএনও সাহেব কেন গড়িমসি করল?বার বার বলা সত্ত্বেও প্রশাসনকে কোন ব্যবস্থা গ্রহন করে না।
ইউনিয়নে সব সরকারী খাল অবমুক্ত করতে আমি আন্তরিক। প্রশাসন যদি আমার সাথে থাকে আর জেলা প্রশাসক যদি আমাকে নির্দেশ করে আমি খরচ করে খাল মুক্ত করবো।
কারা সরকারী খাল দখল করে মাছের ঘের করে ? এ প্রশ্ন করলে,খাল দখলকারী নাম বলতে রাজি হননি ইউপি চেয়ারম্যান। তবে তিনি বলেন,এই পরিষদের সামনের খাল,এটায় সাবেক মহিলা মেম্বার লাকিয়া বাদ দিয়ে ঘের করে।
খালে ঘের করার অভিযোগের ব্যাপারে সাবেক মহিলা মেম্বার লাকি বলেন,মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক চেয়াম্যান আমাকে দিয়া খালে ঘের করাত।গত দুই বছর ধরে আমি খালে পাটা দিয়ে মাছ চাষ করছি তবে খালে কোন বাদ দিয়ে না।
খাল দখলের বিষয় একমত পোষন করে বাগেরহাট জেলা প্রশাসক মোহা:খালিদ হোসেন বলেন,বাগেরহাট জেলার কিছু কিছু খাল কিছু প্রভাবশালীরা দখল করেছে। বিষয়চি আমাদের নলেজে এসেছে ইতিমধ্যেই আমি সংস্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি।আমি আশা করছি যে,শ্রীঘ্রই খালগুলো দখল মুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থা করতে পারবো।











































