Home আঞ্চলিক আকলিমার প্রতারণায় নিঃস্ব ঝিনাইদহের রান সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড

আকলিমার প্রতারণায় নিঃস্ব ঝিনাইদহের রান সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড

38

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালি বাজারের রান সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এখন ধ্বংসের পথে। প্রতিষ্ঠানটি এক সময়কার গরীবের বন্ধু নামে পরিচিত থাকলেও বর্তমানে এলাকার প্রভাবশালীদের চাঁদা না দেওয়ায় বিভিন্ন সমালোচনার সৃষ্টি করতে ব্যস্ত একটি মহল। তাদের পৃষ্ঠপোষকদের আরেক নাম মোছা আকলিমা বেগম। এই প্রভাবশালীদের ছত্র ছায়ায় প্রতিষ্ঠানটির ফিল্ড অফিসার থেকে এখন তিনি নিজেই একটি ডায়মন্ড সমবায় সমিতির মালিক।

জানা যায়, ২০১৯ সালের পহেলা সেপ্টেম্বরে আকলিমা বেগম বিষয়খালি বাজারের রান সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড নামের প্রতিষ্ঠানটির মাইক্রোক্রেডিটে নিয়োগ প্রাপ্ত হন। তারপর থেকে প্রতিষ্ঠানটিতে তিনি নিয়ম কানুন মেনে কাজ করে আসছিলেন। ২০২৩ সালে প্রতিষ্ঠানের চুয়ান্ন লক্ষ টাকার হিসাব না দিয়ে তিনি আত্মগোপনে যান। তারপর থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রফিকুল ইসলামকে আকলিমা বিষয়খালি এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক দিয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে টাকা না দেওয়ার পায়তারা করে।

এ ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম চলতি বছরের ২১ শে জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় আকলিমার নাম উল্লেখ করে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যেটি এখনও তদন্তাধীন রয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানান, আকলিমা আমার প্রতিষ্ঠানে প্রথমে অফিস সহকারি পদে যোগদান করেন। পরে তাকে প্রমোশন দেওয়া হয় মাইক্রোক্রেডিটের ফিল্ড অফিসার হিসেবে।

এই পদে থেকে তিনি আমার প্রতিষ্ঠানের ৫৪ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বর্তমানে নিজেই একটি ডায়মন্ড সমবায় সমিতির মালিক এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন। বর্তমানে আমি নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। টাকার ব্যাপারে কোন উপায়ন্ত না পেয়ে ঝিনাইদহ জজ কোর্টের এ্যাডভোকেট সাদিয়া আফরোজ এর মাধ্যমে লিগ্যাল নোটিশ করা হলেও তিনি কোন সমাধানে আসেননি। এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের আদালতে একটি মামলা হয়। যার নং-২০৩/২৪।

এ ব্যাপারে অভিযুক্ত আকলিমা বেগমের ০১৭৭৫-৩২৩৩৮৯ নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।