Home আঞ্চলিক রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে খুলনায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে খুলনায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

97

খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমযানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনায় মহানগরী জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১০ মার্চ) সকালে নগরীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জামায়াত নেতা আব্দুল গফুর, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, জামায়াত নেতা হাফিজুর রহমান, আতাউল্লাহ মোহাম্মদ, মুজাহিদুল ইসলাম, শ্রমিক নেতা হায়দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, পবিত্র মাহে রমযান আমাদের মাঝে সমাগত। আর মাত্র একদিন পরেই সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানেরা আল্লাহর ফরয ইবাদত পালন করবে ইনশাআল্লাহ। তিনি রমযানে পবিত্রতা রক্ষার জন্য সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এরমধ্যেই রমযানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজারের এ অবস্থা দেখে দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না। সরকারের ব্যর্থতায় আওয়ামী দলীয় লোকজন সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট ও জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। তিনি অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে তার জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।