ঢাকা অফিস।।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১১-১২ থেকে পরবর্তী সাত করবর্ষের জন্য প্রতিষ্ঠানটিকে এই আয়কর দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবির বিপরীতে গ্রামীণ কল্যাণের করা ৭টি রেফারেন্স আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী সরদার জিন্নাত আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা আক্তার পলি।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আজকের এই রায়ের ফলে ২০১১ থেকে ২০১৭ করবর্ষে এনবিআরের দাবি করা অবশিষ্ট ১১৯ কোটি টাকা গ্রামীণ কল্যাণকে আয়কর হিসেবে দিতে হবে। গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা ৫৫৫ কোটি টাকার মধ্যে ৪৩৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এখন গ্রামীণ কল্যাণকে অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে।
১৯৯৬ সালের ৬ নভেম্বর গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করেন ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুদূরপ্রসারী পরিবর্তন আনতে রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং সারা দেশে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় বলে এটির ওয়েবসাইটে বলা হয়েছে।











































