অনলাইন ডেস্ক।।
চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন আবাসন প্রকল্প নির্মাণের পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। বুধবার পশ্চিম তীরের মালে অদুমিম, কেদার ও এফরাতে ৩ হাজার ৫০০ নতুন আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
জেরুজালেমের নিকটবর্তী এই তিন এলাকা বেশ আগেই দখল করেছিল ইসরায়েল। বুধবার বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ সেখানকার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এই তিন এলাকায় মোট ১৮ হাজার ৫১৫টি আবাসন বা অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই ৩ হাজার ৫০০ ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া তাদের খসড়া প্রস্তাবের ভাষা সংশোধন করে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় অবিলম্বে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি করার তাগাদা দিয়েছে। যুক্তরাষ্ট্র দুই সপ্তাহ আগে প্রথম গাজায় যুদ্ধবিরতি নিয়ে এ খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। তখন এই প্রস্তাবে গাজায় হামাস-ইসরায়েল লড়াইয়ে সাময়িক বিরতির কথা বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার প্রস্তাবটির তৃতীয় সংশোধনীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কড়া ভাষার কথারই প্রতিফলন দেখা গেছে। খবর রয়টার্স ও বিবিসির।











































