Home আঞ্চলিক আগুনে শেষ সম্বল হারিয়ে কাঁদছেন রুপালী

আগুনে শেষ সম্বল হারিয়ে কাঁদছেন রুপালী

42

সাতক্ষীরা প্রতিনিধি।।

নাম রুপালী খাতুন। তার স্বামী আব্দুস সালাম পেশায় ভ্যানচালক। রুপালী অন্যের বাড়িতে কাজ করে অর্থ জমিয়ে একটি গাভী কেনেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত রোববার (৩ মার্চ) মধ্যরাতে অগ্নিকাণ্ডে তার শেষ সম্বল দুধের গাভীটি পুড়ে মারা গেছে। একইসঙ্গে রান্নাঘরে থাকা আসবাবপত্র ও চালসহ নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এখন শেষ সম্বল হারিয়ে কাঁদছেন রুপালী।

রুপালী খাতুনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাঠি গ্রামে।

জানা গেছে, গাভীটির দুধ বিক্রি করে সেই টাকা দিয়ে সংসার চালাতেন রুপালী। তার দুই ছেলে। বড় ছেলে তানভীর শেখ শারীরিক প্রতিবন্ধী। ছোট ছেলে অনিক শেখ স্থানীয় কলারোয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে গাভিটিসহ ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রুপালীর আহাজারিতে চোখের পানি ফেলছেন প্রতিবেশীরাও।

রুপালী খাতুন বলেন, রাতে হঠাৎ দেখতে পাই রান্না ঘরসহ গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন আমার চিৎকারে প্রতিবেশীরা এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসে না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দেখা যায় আমার শেষ সম্বল দুধের গাভীটি পুড়ে কয়লা হয়ে গেছে। রান্নাঘরে কয়েক মাস খাওয়ার জন্য চাল মজুত করে রাখা ছিল সব পুড়ে গেছে। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। গাভিটার দাম দেড় লাখ টাকার কাছাকাছি ছিল। সবমিলিয়ে আমার প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, দুধ বিক্রির টাকা দিয়ে সংসার চালাতাম, প্রতিবন্ধী ছেলেসহ ছোট ছেলেটার পড়ালেখা চালাতাম। সব শেষ হয়ে গেছে। এখন কী করে সংসার চালাবো সেটা নিয়ে চিন্তায় রয়েছি। একদিন খাওয়ার মতো চাল বা খাদ্য সামগ্রী নেই ঘরে।

স্থানীয় ইউপি সদস্য তাইজেল হোসেন বলেন, রুপালীর বাড়িতে হঠাৎ আগুন লেগে তার শেষ সম্বল যা ছিল সব পুড়ে গেছে। এজন্য আমরা স্থানীয়ভাবে যথাসম্ভব চেষ্টা করছি এই পরিবারটির পাশে থাকার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, রূপালী গাভীর দুধ বিক্রি করে সেই টাকা দিয়ে সংসার চালাতেন ও ছেলের পড়াশোনার খরচ দিতেন। কিন্তু আকস্মিক অগ্নিকাণ্ডে তার গাভিটি পুড়ে মারা গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করবো।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছে। ক্ষতিগ্রস্ত নারীর ভাষ্য অনুযায়ী, মশা তাড়ানোর আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।