Home আঞ্চলিক দিনভর নাটকীয়তা শেষে ফের পুলিশ হেফাজতে সেই তরুণী

দিনভর নাটকীয়তা শেষে ফের পুলিশ হেফাজতে সেই তরুণী

221

ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়া উপজেলায় ধর্ষণের শিকার সেই তরুণীকে ফের হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই তরুণীর হদিস মিলছিল না। দুপুরে ওই তরুণীকে উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাব। কিন্তু সন্ধ্যায় ওই তরুণী ও তার মাকে উদ্ধার করেন ডুমুরিয়ার চেচুড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায়ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ ডুমুরিয়া থানায় পৌঁছেনি। এ সংক্রান্ত মামলাও নথিভুক্ত হয়নি।

চলতি বছরের ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ডুমুরিয়ার এক তরুণী। পরদিন হাসপাতাল চত্বর থেকে তাকে অপহরণ করা হয়। রাতে থানায় ফিরে ধর্ষণ ও অপহরণের অভিযোগ প্রত্যাহার করে নেন তরুণী।

এ ঘটনার এক মাস ১০ দিন পর গত বুধবার ধর্ষণের ঘটনায় ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই তরুণীর খালাতো ভাই গোলাম রসুল সরদার মামলার বাদী। আদালতের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য ডুমুরিয়া থানাকে নির্দেশ দেন।

বাদীর আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ভুক্তভোগী তরুণীকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। তাকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। মামলা দায়েরের খবর শুনে তাকে নির্যাতন করা হচ্ছে। এজন্য তার খালাতো ভাই গোলাম রসুল সরদারকে বাদী করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়েছে।

আইনজীবীর অভিযোগে পরিপ্রেক্ষিতে আজ সকালে ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামে যান দৈনিক খুলনাঞ্চল এর ডুমুরিয়া প্রতিনিধি। ওই তরুণী চেচুড়ি গ্রামের নানা বাড়িতে থাকেন। ওই বাড়িতে গিয়ে তরুণী ও তার মাকে পাওয়া যায়নি। বাড়ির অন্যান্য বাসিন্দা এবং তরুণী মামাতো ভাইয়েরা বিভ্রান্তিকর বক্তব্য দেন। কেউ বলেন, তরুণী বাজারে গেছে, কেউ বলে বেড়াতে গেছে।

এক পর্যায়ে তরুণীর নানী আসমা বেগম জানান, ওরা এই বাড়িতে থাকে না। কিছু সময় পরে ওই বৃদ্ধা এ বিষয়ে আর কোনো কথা বলতে অস্বীকার করেন। বিকেল ৩টা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে তরুণী ও তার মায়ের সাক্ষাৎ পাওয়া যায়নি। এরই মধ্যে তরুণীকে উদ্ধারে র‌্যাবের অভিযানের সংবাদ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন জানান, ওই বাড়ির বেশিরভাগ সদস্য উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে সুবিধা নিয়েছে। যার কারণে তরুণীর অবস্থানের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। ঘটনার পর থেকে তরুণী ও তার মা কেশবপুর ও গ্রামের বিভিন্ন আত্মীয়ের বাড়িতে পালিয়ে আছে।

বিকেলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা বলেন, আদালতের কোনো নির্দেশ এখনও হাতে পাইনি। তরুণী অপহরণ বা ধর্ষণের কোনো অভিযোগ নিয়ে কেউ কখনও থানায় আসেনি। এজন্য তরুণী বন্দি কি-না তাও আমরা জানি না। সন্ধ্যায় র‌্যাবের গাড়ি ফিরে গেলে ওই তরুণীর অবস্থান নিয়ে ফের বিভ্রান্তি শুরু হয়।

সন্ধ্যার পর ডুমুরিয়া থানার চেচুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামরুল ইসলাম জানান, নিরাপত্তাজনিত কারণে ওই তরুণী ও তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিছু সময় পর তাদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হবে।

তরুণীকে হেফাজতে নেওয়ার কারণ জানতে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহার মোবাইলে অসংখ্যবার ফোন দেওয়া হয়েছে। কিন্তু সন্ধ্যার পর থেকে থানার ওসি এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেউই ফোন ধরছেন না। অভিযানের বিষয়ে র‌্যাবের বক্তব্যও পাওয়া যায়নি। র‌্যাব-৬-এর অধিনায়ক, কোম্পানি কমান্ডার কেউই ফোন ধরছেন না।

বাদীর আইনজীবী মোমিনুল ইসলাম অভিযোগ করেন, আগে একদফা তুলে নিয়ে তরুণীকে দিয়ে গণমাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি দেওয়া হয়েছিল। এবারও তেমন কিছুর আশঙ্কা করছি।