Home খেলাধুলা ফার্নান্দোকে আউট করে ‘টাইম আউট’ নিয়ে শরিফুলের খোঁচা

ফার্নান্দোকে আউট করে ‘টাইম আউট’ নিয়ে শরিফুলের খোঁচা

34

স্পোর্টস ডেস্ক

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে তীরে গিয়ে তরী ডুবায় টাইগাররা। মাত্র ৩ রানের জন্য হেরে যায় স্বাগতিকরা।

১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় টাইগাররা। দলের ব্যাটিং বিপর্যয়ে মাহমুদউল্লাহ রিয়াদ (৫৪) ও জাকের আলির (৬৮) ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ।

কিন্তু শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের। তার বিদায়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় স্বাগতিকরা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা (৬১) ও কুশাল মেন্ডিসের (৫৯) জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা লংকান ওপেনার আভিস্কা ফার্নান্দোকে আউট করার পর পেসার শরিফুল ইসলাম লংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইম আউট’ নিয়ে কটাক্ষ করেন।

২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সময় ম্যাথিউজ ক্রিকেট ইতিহাসে টাইম আউট হওয়া প্রথম খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ-শ্রীলংকা সেই ম্যাচে ম্যাথিউজ যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন, খুব সম্ভবত তার ফিতে ছেঁড়া ছিল। সতীর্থদের মাধ্যমে আরও একটি হেলমেট মাঠে আনেন ম্যাথিউজ। ততক্ষণে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাটিং করতে নামেননি ম্যাথিউজ। তাই আম্পায়ার ম্যাথিউজকে টাইম আউট দেন।