ঝিনাইদহ প্রতিনিধি।।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাইদুর রহমান (২৮)। পিএইচডি করতে কানাডায় যেতে চান। বাড়িতে নিরবচ্ছিন্ন অধ্যয়নের সুযোগ নেই। এ কারণে নিয়মিত ঝিনাইদহ শহরের বাঘা যতীন সড়কের জেলা সরকারি গণগ্রন্থাগারে আসেন।
৪ ফেব্রুয়ারি কথা হয় সাইদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, বাড়িতে থাকলে অনেক সময় পারিবারিক কাজে সময় দিতে হয়। নানা কাজ থাকে। তবে গ্রন্থাগারে এই সমস্যা নেই। কোলাহলমুক্ত হওয়ায় অধ্যয়নে পুরো মনোযোগ দিতে পারেন।
এদিন সরকারি গণগ্রন্থাগারে যারা পাঠে মগ্ন ছিলেন, তাদের বেশির ভাগই চাকরিপ্রার্থী। কেউ উচ্চতর ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন সাইদুরের মতো; উপন্যাসও পড়ছিলেন কেউ কেউ। সরকারি কেসি কলেজের হিসাববিজ্ঞানের ছাত্রী অর্পিতা সাহা বলেন, এখানকার সুন্দর পরিবেশই বেশি আকৃষ্ট করে। বাইরের কোলাহল নেই।
আসাদুজ্জামান নুরও চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাই নিরিবিলি পড়তে এসেছেন। তাঁর দাবি এখানে গবেষণামূলক ও ইসলামের ইতিহাস-সংবলিত বইয়ের সংখ্যা বাড়ানোর।
মুক্তিযুদ্ধের আগে প্রতিষ্ঠিত হয়ে পরিপূর্ণ সরকারি হয় ১৯৮২ সালে। বর্তমানে বই সংখ্যা ৩৪ হাজার ৪৭৬। এর মধ্যে ৩২ হাজার বই বাংলা ভাষার। হিসাব অনুযায়ী বছরে প্রায় এক হাজার বই আনা হয় গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে। গত ১০ বছরে এভাবে এসেছে ১২ হাজার ৪৭৬টি বই।
লাইব্রেরিয়ান মো. মনজুর আলম জানান, একসঙ্গে ৮০ জন পাঠকের বসার ব্যবস্থা রয়েছে। পাঠের অনুকূল পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করেন। গত জানুয়ারিতে দিনে গড়ে পাঠক এসেছেন ৫৩ জন।
৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলার কালীগঞ্জ সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের গ্রন্থাগারে দেখা যায়, টেবিলে অগোছালো র্যাকসিন। এর ওপর জমেছে ধুলো। মেঝেও অপরিচ্ছন্ন। দেয়াল ঘেঁষে রাখা টেবিলে ‘শিক্ষক’ লেখা বোর্ড, পাশে ফুলকপি রাখা। টেবিলের নিচে সিগারেটের উচ্ছিষ্টাংশ।
আড়ালে থাকা কক্ষের একপাশে বসেছিলেন সহকারী গ্রন্থাগারিক আব্দুল আলিম। তিনি বলেন, এখানে নতুন কোনো বই নেই। পরিবেশও খুব খারাপ। যে কারণে শিক্ষার্থীরা আসে না। পাশের অংশটার জানালা ভাঙা, ব্যবহারের অনুপযোগী।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক বিদ্যালয় ২৯০টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৩১৬ জন। এগুলোর মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানে গ্রন্থাগার নেই। ১৮টি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ১২ হাজার ১১৬ জন। ডিগ্রি কলেজ ৪০টি, আর উচ্চ মাধ্যমিক কলেজ ২৬টি। এরই সঙ্গে রয়েছে কয়েকটি অনার্স অ্যান্ড মাস্টার্স কলেজ। প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠানে গ্রন্থাগার থাকলেও ব্যবহারের অনুপযোগী। চলছে ঢিমেতালে।
এসব তথ্যের সত্যতা মেলে ৪, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি বিভিন্ন উপজেলায় ঘুরে। কোথাও গ্রন্থাগার তালাবদ্ধ রয়েছে মাসের পর মাস। কোথাও অগোছালো পড়ে আছে বই। কোথাও খোলা হয় নামেমাত্র। হরিশংকরপুর জেসি স্কুল অ্যান্ড কলেজের গ্রন্থাগার থেকে সর্বশেষ বই নেওয়া হয় ২০২৩ সালের ৩১ অক্টোবর। ৫ ফেব্রুয়ারি সেখানে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর সহকারী শিক্ষক মুনির হোসেন কক্ষ খুলে নিজের আসনে বসেন। স্বীকার করেন, এখানে শিক্ষার্থী আসে কালেভদ্রে।
একই দিন বেলা ১টায় গিয়েও বন্ধ পাওয়া যায় সদরের হাটগোপালপুর রাইচরণ তারিনীচরণ কলেজ। একজন কর্মচারী গ্রন্থাগার কক্ষ খুলে দেন। টেবিলজুড়ে ময়লা দেখা যায়। ওই কর্মী বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে এটুকু নিশ্চিত করেন, সেখানে কোনো শিক্ষার্থী আসে না।
সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে দুটি তাকে ৯৬০টির মতো বই সাজিয়ে রাখা। চেয়ার-টেবিল থাকলেও পাঠক নেই। অনেকে শিক্ষার্থী জানেই না, তাদের বিদ্যালয়ে লাইব্রেরি আছে। দশম শ্রেণির ছাত্রী জোবায়দা শারমিন ও জান্নাতুল খাতুন জানায়, স্কুলের লাইব্রেরিতে পড়ে না তারা, পরিবেশ ভালো লাগে না। আগে দু-একটা বই নিলেও এখন তো লাইব্রেরিই নেই! নতুন ভবন হচ্ছে, তখন হয়তো লাইব্রেরি ভালো হতে পারে।
গ্রন্থাগারে শিক্ষার্থী আনতে না পারার বিষয় স্বীকার করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিদ জাকারিয়া। তিনি বলেন, এখানে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তারা বিদ্যালয়ের গ্রন্থাগারে পড়তে আগ্রহী নয়। তাদের অভিভাবকরা নিত্যদিনের কাজেই বেশি ব্যস্ত। ফলে সন্তানের পড়াশোনার প্রতিও যত্ন কম।
শৈলকুপা উপজেলার বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারেও অগোছালো অবস্থায় বইপত্র পড়ে ছিল। সেখানেও শিক্ষার্থীরা আসে না। সপ্তম শ্রেণির ছাত্র প্রবীর মিত্র জানায়, সে কখনও লাইব্রেরিতে যায়নি। এই ‘সর্বনাশের মূল কারণ’ হিসেবে প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস দায়ী করেন মোবাইল ফোনকে।
৬ ফেব্রুয়ারি দুপুরে গিয়ে মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া-পোড়াদহ-গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও যাদবপুর কলেজ বন্ধ পাওয়া যায়। পাশের ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগার খোলা হয়। তবে তেমন কেউ বই পড়ে না বলেও জানান প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক। সর্বশেষ এখান থেকে কোনো শিক্ষার্থী বই নিয়েছিল ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর। ৭ ফেব্রুয়ারি দুপুরে জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে জানা যায়, গ্রন্থাগার ব্যবহার হচ্ছে না।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আব্দুল মালেক বলেন, সব প্রতিষ্ঠানের তদারকি তাঁর পক্ষে একা সম্ভব হয় না। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে গ্রন্থাগার থাকার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। একজন শিক্ষক বা গ্রন্থাগারিক এর দায়িত্বে থাকবেন। এখানে বই পড়া ও বিতরণের ব্যবস্থা থাকতে হবে। কোথাও ব্যতিক্রম হলে এর দায় প্রতিষ্ঠানপ্রধানেরও।
জেলার সবচেয়ে বড় বিদ্যাপীঠ সরকারি কেসি কলেজের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা ৩২ হাজার। একাডেমিক বইয়ের সংখ্যাই বেশি। সূত্র জানায়, দিনে গড়ে ৩০-৩৫ জন শিক্ষার্থী এখানে আসেন।
ওই কলেজে ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী আমেনা তাহসিন ঝিলামের ভাষ্য, একাডেমিক পড়ার চাপে পাঠাগারে গিয়ে পড়ার আগ্রহ থাকে না অনেকের। এ ছাড়া চাকরির জন্য নির্দিষ্ট পড়া আছে। লিখিত পরীক্ষায় টেকাই বেশির ভাগের লক্ষ্য। কারণ যোগাযোগ থাকলেই তখন চাকরি নিশ্চিত।
কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলীর ভাষ্য, অনেকেই বলেন, প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার্থীরা বই পড়তে আগ্রহ হারাচ্ছে। এটা ঠিক নয়। এ জন্য দায়ী উদ্যোগের ঘাটতি।
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে কিছু পরামর্শ দেন ইদ্রিস আলী। তিনি বলেন, শিক্ষার্থীদের কাউন্সিলিং করা উচিত। প্রতি প্রতিষ্ঠানে দেশি-বিদেশি সৃজনশীল ও মননশীল বইয়ের তালিকা তৈরি করবে শিক্ষার্থীরা। এ জন্য প্রতিদিন এক ঘণ্টার সেশন থাকবে। ২০ জন করে দল করে গ্রন্থাগারে পাঠানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের হাজিরা নথিভুক্ত থাকবে। এর ভিত্তিতে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা যায়। তাহলে এক সময় দেখা যাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে আলোড়ন তৈরি হয়েছে। সার্বিক সংস্কৃতি উন্নত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নতুন চিন্তার ক্ষেত্রে তাদের সহযোগিতা নিলে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে, জ্ঞানচর্চায় এগিয়ে যাবে।
বইকে মানুষের নীরব ও প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন, এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমেই বই পাওয়া যাচ্ছে। পাড়ায় পাড়ায় লাইব্রেরি গড়ে তোলা উচিত।











































