স্টাফ রিপোর্টার।।
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আজ ০১ মার্চ (শুক্রবার) ‘বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রেভারেন্ড পলস্ হাই স্কুলে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৬ হাজার ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো ৮৮.৭৫ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ চলমান থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহাম্মদ আহসান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফ উল ইসলাম উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভর্তি পরীক্ষার পরিবেশ দেখে তারাও সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাতকালে পরীক্ষার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, বিজ্ঞান ইউনিট প্রধান ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
অপরদিকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরীক্ষা অনুষ্ঠানে উপকেন্দ্র রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ, কেসিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের
ঘটনায় খুবি উপাচার্যের গভীর শোক
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সাথে তিনি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
অনুরূপভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।
খুবিতে টাইম ফর ন্যাচার এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার
# অংশ নেবেন ২৪৫ জন দেশি-বিদেশি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক
# উপস্থাপিত হবে ১৮৩টি গবেষণা নিবন্ধ ও প্রবন্ধ পোস্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আয়োজনে পরিবেশের ওপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল ০২ মার্চ (শনিবার)। সম্মেলনের এবারের প্রতিপাদ্য – ‘টাইম ফর ন্যাচার এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট’ (প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য এখনই সময়)।
আগামী ০২ মার্চ (শনিবার) সকাল ৯টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্লেনারি স্পিকার হিসেবে বক্তৃতা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তৃতা করবেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করবেন করবেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত।
সম্মেলনের দ্বিতীয় দিন ০৩ মার্চ সকাল ১০.৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বায়োডাইভারসিটি-সেক্টর ডয়েচে গেসেলশ্যাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিট (জিআইজেড) জিএমবিএইচ এর কো-অর্ডিনেটর এবং এসওএনজি’র চিফ এডভাইজার ড. স্টেফান আলফ্রেড গ্রোইনওল্ড। সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশ তুলে ধরবেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী।
এবারের সম্মেলনে ৬টি কি-নোট পেপার উপস্থাপিত হবে। কি-নোট পেপার উপস্থাপন করবেন ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এম. সাক্সেনা, নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. প্রমোদ কুমার ঝা, ইতালির মলিস বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইটিক্যাল কেমেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর প্রফেসর ড. প্যাসকালে অ্যাভিনো, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সেস এর প্রাক্তন ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেস এর ফেলো প্রফেসর ড. লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ এবং দুবাই সাফারি পার্কের প্রিন্সিপ্যাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ড. মোহাম্মদ আলী রেজা খান।
সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী জানান, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, পোল্যান্ড, ইতালি এবং জার্মানি থেকে থেকে ২৪৫ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এর মধ্যে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি অতিথি (৪৫ জন) খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছেন। সম্মেলনে ১২৮টি ওরাল প্রেজেন্টেশন, ৪৮টি পোস্টার প্রেজেন্টেশন, ৬টি কি-নোট পেপারসহ ১৮৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলন শেষে একটি সুপারিশমালা প্রস্তুত করা হবে।











































