স্পোর্টস ডেস্ক।।
চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে তার দল পৌঁছে গেছে ফাইনালে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগামী শুক্রবার সেই ম্যাচকে সামনে রেখে ট্রফি নিয়ে ফটোসেশনে বের হয়েছিলেন মিরাজ।
ফটোসেশনে বের হওয়ার পর বরিশালের সহ অধিনায়ক মিরাজের কথা হয়েছে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও। সেখানে জানতে চাওয়া হয় তার জন্মস্থান সম্পর্কেও। জাতীয় কোনো তারকার প্রাথমিক এই তথ্য জানা একদম সহজ হলেও মিরাজেরটা নিয়ে রয়েছে কিঞ্চিৎ ধোঁয়াশা। কারণ, এসব ক্রিকেটারদের চেনার বড় দুই ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আর উইকিপিডিয়ায় মিরাজের জন্মস্থান আলাদা আলাদা দেওয়া। উইকিপিডিয়ায় বরিশাল আর ক্রিকইনফোতে খুলনা।
বিষয়টি নিয়ে মিরাজের কাছে জানতে চাইলে বলেন, ‘আমার জন্মস্থান বরিশালে। আমার বাবার বাড়ি, দাদার বাড়ি সব বরিশালেই। আমি বরিশালেই বড় হয়েছি। তিন-চার বছর পর্যন্ত সেখানে ছিলাম। তারপর বাবার চাকরির কারণে খুলনায় আসা। আব্বু খুলনায় থাকে এবং আমি ওখানেই পড়ালেখা করি। খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছি খুলনা থেকেই। অনুশীলন ও খেলাধুলা সব খুলনা থেকেই করেছি।’
মিরাজ আরও জানালেন, এখন তিনি স্থায়ীভাবে থাকছেন খুলনাতেই। তবে তার সব আত্মীয়স্বজনই বরিশালে। বেঁচে থাকাদের মধ্যে দাদি-নানি ছাড়াও চাচা-খালারা আছেন। তাই নিজেকে দুই জায়গারই দাবি করেন মিরাজ।
এবার ফরচুন বরিশালের হয়ে খেলছেন। তবে খুলনার ফ্র্যাঞ্চাইজির হয়েও প্রতিনিধিত্ব করেছেন মিরাজ। ২০১৯–২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে মাঠ দাঁপিয়েছেন জাতীয় দলে খেলা এই অলরাউন্ডার।











































