Home খেলাধুলা মদ্রিচের গোলে রিয়ালের জয়

মদ্রিচের গোলে রিয়ালের জয়

36

স্পোর্টস ডেস্ক

লুকা মদ্রিচের একমাত্র গোলে সেভিয়াকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। লা লিগায় এ জয়ে টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল। যেখানে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে তারা।

নির্ধারিত সময় শেষের ৯ মিনিট বাকি থাকতে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি নামা মদ্রিচ। বক্সের বাইরে আলগা বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে জোরাল শট নেন মদ্রিচ, বল ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

বাকি সময়ে ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রিয়াল এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল। গত রাউন্ডে রায়ো ভাইয়েকানোর সঙ্গে ১-১ ড্র করেছিল স্পেনের সফলতম দলটি।

এদিন ২০২১ সালে রিয়াল মাদ্রিদে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানার পর এই ম্যাচ দিয়ে প্রথমবার বার্নাব্যুতে সেভিয়ার জার্সিতে খেলতে নামেন সের্হিও রামোস।

২৬ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৬৫। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে বার্সেলোনা। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে জিরোনা। ২৬ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চারে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে সেভিয়া।