স্পোর্টস ডেস্ক
চলমান বিপিএলের পর শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই বিশ্বকাপ দল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। তবে সাকিব আল হাসানদের জন্য সুখবর হচ্ছে, ডালাসে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা!
দেশের একটি গণমাধ্যম থেকে জানা যায়, এই সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির সিরিজ হলেও যুক্তরাষ্ট্রের জন্য বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলা। আর দ্বিপক্ষীয় সিরিজ হওয়ায় যুক্তরাষ্ট্রকেও বিশ্বকাপ পরবর্তী সময়ে আতিথেয়তা দেবে বিসিবি।
বাংলাদেশ কোচ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে এই প্রস্তাবনা পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হলে সিইও নিজামউদ্দিন চৌধুরী যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন। পরে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয় দ্বিপক্ষীয় সিরিজের। বিসিবির প্রস্তাবে স্বাগতিক বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে।
এ ব্যাপারে বিসিবির একটি সূত্র জানায়, ডালাসে যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে দেশটি। তবে সিরিজ খেলা নিশ্চিত হলেও ম্যাচের দিন-তারিখ চূড়ান্ত হয়নি।
আগামী জুনে অনুষ্ঠেয় ২০ দলের টি-টোয়েন্ট বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে তারাও বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করছিল। বিসিবির কাছ থেকে প্রস্তাব পেয়ে লুফে নেয়।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি সিইও দেখেছেন। যেহেতু দ্বিপক্ষীয় সিরিজের প্রস্তাবনা গেছে, সেহেতু ইতিবাচকই হওয়ার কথা। ওদেরও এইচপি বা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ দিতে হবে।’
জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার গ্রুপে হবে ২০ দলের খেলা। ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র পড়েছে ‘এ’ গ্রুপে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডস। ফলে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ হলে ক্ষতি নেই। এ ছাড়া সিরিজটি ডালাসে খেলার কারণ বিশ্বকাপের ম্যাচ ভেন্যুর পরিচিতি পাওয়া।
আগামী ২ জুন ডালাসে যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচ খেলবে ডালাসে শ্রীলংকার বিপক্ষে ৮ জুন। বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কে। নেদারল্যান্ডস আর নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে কিংসটাউনে। ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ দেশ জ্যামাইকার এ ভেন্যু সম্পর্কে ধারণা আছে সাকিবদের। এই কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা নেই। সেদিক থেকে যুক্তরাষ্ট্রের ভেন্যু দুটি অপরিচিত। কারণ ডালাস বা নিউইয়ার্কে আগে খেলেনি বাংলাদেশ।










































