খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, একুশের চেতনায় শপথ নিয়ে আমাদের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। ভাষা আন্দোলনের সাথে যাদের কোনো সম্পর্কই ছিল না, তাদের সামনে আনা হচ্ছে। মূলত তমদ্দুন মজলিসসহ যারা ইসলামী ধ্যান-ধারণা লালন করেন, তারাই ভাষা আন্দোলনের পুরোধা ছিলেন। যারা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করতে অবদান রেখেছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ ভাষা আন্দোলনের ইতিহাসকে গোপন করা হয়েছে। যারা ভাষা আন্দোলনে বিরাট অবদান রেখেছেন তাদের অনেককে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। তৎকালীন ডাকসুর জিএস প্রফেসর গোলাম আযম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছিলেন। তিনি সহ অনেকেই ভাষার জন্য জেলে গিয়েছিলেন। অথচ প্রফেসর গোলাম আযমের অবদানকে গোপন করা হচ্ছে। তিনি বলেন, ইতিহাসকে গায়ের জোরে মুছে ফেলা যাবে না। আমাদেরকে বর্তমান প্রজন্মের নিকট ভাষা আন্দোলনের সত্য ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতির কবল থেকে জাতিকে মুক্ত করতে আমাদের এগিয়ে আসতে হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তেব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় আরও রাখেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।
তিনি আরও বলেন, ভাষা সেনানী মরহুম অধ্যাপক গোলাম আযম দেশের সম্পদ। ইতিহাসে প্রত্যেকের অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে। এ সময় তিনি ভাষা শহীদদের মাগফেরাত কামনা করেন ও ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছিলেন তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।











































