আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে জেলা আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি খুলনা জেলা আওয়ামী লীগ সমগ্র বাঙালি জাতির সাথে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ ও পালন করবে। কর্মসূচির মধ্য রয়েছে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। একুশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬ টায় সংগঠনের জেলা কার্যালয়সহ জেলার আওতাধীন সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৭ টায় কালো ব্যাজ ধারণ, ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নগর যুবলীগের কর্মসুচী
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারীতে সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসুচী গ্রহন করেছে খুলনা মহানগর যুবলীগ। কর্মসুচীর মধ্যে রয়েছে, ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ১৯৫২ সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই উদ্দেশ্যে নেতা কর্মীদের ২০ ফেব্রুয়ারী’২৩ইং মঙ্গলবার রাত ১১টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এছাড়াও ২১ শে ফেব্রুয়ারী’২৪ইং বুধবার সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও তার পরপরই খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রভাত ফেরী ও আলোচনা সভায় অংশগ্রহন। উপরোক্ত কর্মসুচী সফলে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগর নেতা কর্মীদের অংশগ্রহনের নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। ২১ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা।
ক্লাবের সকল সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মহানগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি’২৪খ্রিঃ দিবাগত রাত ১২.০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ২১ ফেব্রুয়ারি সকাল ০৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। অত:পর প্রভাত ফেরি। প্রভাত ফেরী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
পাইকগাছা থানাপুলিশের অভিযানে মাদক ও সাজার আসামি গ্রেফতার-৩
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় থানাপুলিশের অভিযানে মাদক ও সাজার ৩ আসামী গ্রেফতার। গত রোববার রাতে ও সোমবার বিকাল ৩ টায় পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের সোমবার বিকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক কে এ সাদ্দাম হোসেন জানান, গত রোববার রাত ৯ টার দিকে হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটির বালিয়া খেয়াঘাট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় তালা উপজেলার বালিয়া গ্রামের নুর আলী গাজীর ছেলে ইকবাল গাজী(৪০), ও পাইকগাছা উপজেলার সোনাতন কাটি গ্রামের এরশাদ গাজীর ছেলে তাজিনুর(৪২) কে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ৫০ গ্রাম মাদক(গাজা) পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে।
অপর দিকে সোমবার বিকাল ৩ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রাম থেকে মনিরুল সরদার(৫০) নামে ৩ মাসের সাজার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ২০১৯ সালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা হয়। পরে মামলাটি খুলনা দায়রা যগ্ম ৪র্থ আদালতে যায়। ওই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত ৩ মাসের সাজা ও ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে। সে থেকে সে পালাতক ছিলো। সোমবার বিকাল ৩ টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় নদীর চর ভরাটি জমি দখল করে বাঁধ দেয়ায় ইউপি সদস্যকে ১ লক্ষ টাকা জরিমানা
পাকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় শিবসা নদীর চর ভরাটি জমি দখল করে বাঁধ দেয়ার সময় ভ্রম্যমান আদালতে এক ইউপি সদস্যকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আদালত বসিয়ে ওই জরিমানা করেন।
নির্বাহী আদালতের পেসকার মোঃ আনিছুর রহমান জানান, রোববার উপজেলার লতা ইউনিয়নের লতা গ্রামে আব্দুল বারিক সরদারের ছেলে ইউপি সদস্য মোঃ বাবলুর সরদার শিবসা নদির চর ভরাটি জমি চিংড়ি ঘের করার জন্য বেকু যন্ত্র দিয়ে বাঁধ দিচ্ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সেখানে হাজির হয়ে ভ্রম্যমান আদালত বসান। এ সময় বলু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনে ১৫/১ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের করাদন্ড দেয়া হয়। পরে ১ লক্ষ টাকা জরিমানা সরকারী কোষাঘরে জমা দিয়ে খালাস পান ওই ইউপি সদস্য।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ২১ ফেব্রুয়ারি (বুধবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, এর পরপরই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন। এছাড়াও বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
খুবিতে আইকিউএসির উদ্যোগে অ্যাপ্লিকেশন অব জিআইএস ইন রিসার্চ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘অ্যাপ্লিকেশন অব জিআইএস ইন রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ১৯ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দেশের মধ্যে একটি অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাদানের পাশাপাশি গবেষণায় বেশি মনোনিবেশ করেছেন, এটা অত্যন্ত ভালো দিক। তিনি আরও বলেন, কোনো স্থান সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য জিআইএস প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অনেক দেশ তাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নসহ নানা ধরনের সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সময়ে গবেষণা কাজে সহায়তার জন্য জিআইএস খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। ‘জিআইএস’-এর ব্যবহার এবং প্রয়োগ অনেক বেশি বিস্তৃত। আজকের এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা জিআইএস সম্পর্কে অনেক কিছু আত্মস্থ করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ গবেষণার কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ সময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কুয়েটে কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “ক্রাফটিং ইনোভেশন:ব্রিজিং এনট্রিপ্রেনারশীপ এন্ড হার্ডওয়্যার প্রজেক্টস ইন দ্যা ফ্যাব ল্যাব ইকোসিস্টেম” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ৩টায় ফ্যাব ল্যাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও ফ্যাব ল্যাব এর সমন্বয়কারী প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়ার নালিশী আদালতে কাজী আল মামুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক কাজী আল মামুনের চাকুরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে তদবীর করে নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা করে দেবেন বলে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান ২ লাখ টাকা দাবি করেন। সমঝোতা অনুযায়ী প্রধান শিক্ষক তিন কিস্তিতে বাদি কাজী আল মামুনের নিকট থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও চাকুরি দিতে না পারায় প্রধান শিক্ষক টাকা ফেরত দিতে সম্মত হন। কিন্ত টাকা না দিয়ে আজ-কাল করে ঘোরাতে থাকেন। বাদি টাকার জন্য চাপ সৃষ্টি করলে ওই প্রধান শিক্ষক তাকে খন্ডকালীন শিক্ষক থেকে বাদ দেন এবং টাকা ফেরত দিতে এমনকি টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন। এ ঘটনায় বাদি আদালতে মামলা করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ওই শিক্ষকের কাছ থেকে আমি কোনো টাকা নেইনি এবং চাকুরি স্থায়ীকরণের ব্যাপারেও তার সাথে আমার কোনো কথা হয়নি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক খন্ডকালীন শিক্ষক থেকে তাকে বাদ দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছেন।
মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে ৪০০ কবুতর হত্যা
যশোর অফিস
যশোরের মণিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ কবুতর মারা গেছে।
তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশসহ ২৬ হতাহতের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ১২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পান্না মোল্লা নামে একজন নিহত ও ৬ পুলিশসহ ২৫ জন আহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পাঁচ শতাধিক মানুষকে আসামি করে দায়ের করা এ দুই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় সংঘর্ষটি ঘটে। ঘটনার ২৪ ঘন্টা পরে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের ছেলে মামুন মোল্লা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ বাদী হয়ে পুলিশ আহতের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ ৪৫০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরেকটি মামলা দায়ের করেন একইদিন। সংঘর্ষ এড়াতে এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে হত্যা মামলায় মোল্লাকুল এলাকার শাহজাহান খাকি, লতিফা বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর পুলিশ আহতের মামলায় বিবাদমান দুই গ্রুপের নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পান্না মোল্লা নামে একজন নিহত এবং ৬ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। এর আগেও ২০২১ সালে একই এলাকায় এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটেছিল।
বটিয়াঘাটা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার ২নং সদর ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল সোমবার বেলা ১১টায় থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের সভাপতিত্বে স্থানীয় থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ মফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, এসআই যথাক্রমে মোঃ শফিকুল ইসলাম, এসআই কৌশিক কুমার সাহা, এসআই মোঃ এমদাদ হোসেন, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ ইদ্রিস আলী, এএসআই মোঃ সবুজ হাওলাদার সহ পুলিশিং কমিটির সদস্য, গ্রামপুলিশ বাহিনীর সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বটিয়াঘাটায় ৪৫পিচ ইয়াবা সহ এক যুবক আটক
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল গতকাল সোমবার সকাল ৯ টার দিকে বটিয়াঘাটা উপজেলার শান্তিনগর দারোগার ভিটা এলাকায় এক অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা সহ সোহেল রানা সোহাগ (২৬)কে আটক করেছে। সে শান্তি নগর দারোগার ভিটা এলাকার মৃত: জাফর বয়াতির পুত্র। বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক মোঃ আজগার আলী, সহকারী উপ-পরিদর্শক শেখ গোলাম মোস্তফার সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিএসএফ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিএসএফ।
জব্দকৃত স্বর্ণের মূল্য আড়াই কোটি ভারতীয় রুপি। চোরাকারবারিরা এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিল ট্রাকযোগে ।
পেট্রাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধার সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান,
শনিবার রাতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে ২২টি স্বর্ণের বার তিনটি সোনার পেস্ট (গলানো মন্ড) জব্দ করে। আমদানি পন্য খালাশ করে ফিরে যাওয়ার সময় ভারতীয় ট্রাতক থেকে স্বর্ণ বার গুলো জব্দ করা হয়।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এ,কে আর্য্য জানান, শনিবার রাত ১২টার সময় বেনাপোল বন্দরে পণ্য আনলোড করে ভারতীয় দুটি খালি ট্রাক ফিরে যাওয়ার সময় সন্দেহ ট্রাক দুটিকে আটক বিএসএফ সদস্যরা।
পরে ট্রাক দুটি তল্লাশির ট্রাকের কেবিনে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের কার জব্দ করে।
ঘটনার সাথে জড়িত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর বাসিন্দা রাজু দাস ও দমদমের পাইকপাড়ার বাসিন্দা সঞ্জিত দাসকে, ভারতের তামিলনাড়ুর রামানাথপুরম এলাকার বাসিন্দা মোহাম্মদ রিবায়েদিন আটক করে। তারা সবাই ট্রাক চালক।
বিএসএফের ডিআইজি আরও জানান, চোরাকারবারিরা গরিব ও নিরীহ অল্প পরিমাণ টাকার প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে।
ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। ভারতের বনগাও থানায় মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাবেক বিএনপির কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করবে খুলনা বিএনপি। ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
কর্মসূচি সফলের লক্ষে খুলনা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতা-কর্মিদের সকাল সাড়ে ৭টার মধ্যে নগরীর স্যার ইকবাল রোডস্থ গোলকমনি শিশু পার্কে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।
রাজাপুরে প্রাথমিক শিক্ষক সমতিরি কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে সম্প্রতি কমিটি গঠিত রাজাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মহসিন উদ্দিন লিখিত বক্তব্য পাঠ অভিযোগ করেন, ২০১৪ সাল থেকে রাজাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ নামে দুটি সংগঠন ছিল। ২০১৯ সালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজাপুর উপজেলা শাখার কমিটির মেয়াদ শেষ হলেও কোন শিক্ষক এই সমিতির নেতৃত্বে না আসায় রাজাপুরের শিক্ষকদের নিয়ে এ সমিতির অধীনে একটি কাউন্সিল অধিবেশনের মাধ্যমে মহসিন উদ্দিনকে সভাপতি এবং আজাদ খানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। অন্যদিকে একই সময়ে রাজাপুরে আরো একটি সহকারী ও একটি প্রধান শিক্ষক সমিতির সৃষ্টি হয় এবং তখন থেকেই শুরু হয় সাংগঠনিক বিরোধ। আমাদের পরিচালিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি- (৮০৮-৭৫, ১৯৬২-৬৩), সহকারী শিক্ষক সমাজ-(এস, ১২০৪৮) ও সহকারী শিক্ষক সমিতি-(১২০৬৮) নামে তিনটি সংগঠন সক্রিয় থাকে। সংসদ নির্বাচনের আগে রাজাপুরের তিন সংগঠনের নেতৃবৃন্দ আলাদাভাবে এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করলে তিনি সবাইকে একত্রিত হয়ে একটি কমিটি করে তার কাছে আসার জন্য নির্দেশ দেন। সংসদ নির্বাচনের কয়েকদিন পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজাপুর উপজেলা শাখার অর্থ সম্পাদক রেজাউল করিম মাসুম ভাই তিন সংগঠনকে একত্রিত করার উদ্যেগ নিয়ে একটি তারিখ ঘোষণা করেন। ঐ তারিখে সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হলেও সহকারী শিক্ষক সমিতির (১২০৬৮) শিক্ষকরা আসেনি। কিছুদিন পর সহকারী শিক্ষকদের পক্ষ থেকে ৭৩ নং পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়ালিউর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমাজ এ দুই সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ৩ ফেব্রুয়ারী সমিতি ভবনে একটি মিটিংয়ের আয়োজন করে। মিটিংয়ে এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক সকল সংগঠনের সক্রিয় ও ত্যাগী শিক্ষকদেরকে নিয়ে একটি মাত্র কমিটি করার সিদ্ধান্ত নিয়ে ১০ ফেব্রুয়ারি পরবর্তী মিটিং হবে বলে তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ৩ তারিখের ঐ সভাটি ছিল ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক। ঐ তারিখে মিটিং হওয়ার আগেই গোপনে একটি পকেট কমিটি করেছে সে বিষয় আমরা অবহিত ছিলাম না। আমরা বুঝতে পারলাম যে ৩ তারিখে কমিটি গঠনের যে মিটিং হয়েছিল সেটা ছিল শুধুমাত্র “আইওয়াশ”। আমাদের সাথে একত্রে প্রথম দফায় বৈঠক করার বিষয়টিকে তারা মাননীয় এমপি মহোদয়, সকল শিক্ষক ও সাধারনের কাছে প্রচার করেছে যে, তারা সব সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়েছে, শিক্ষক নেতাদের মধ্যে আর কোন বিভেদ নেই। এহেন উদ্দেশ্যমূলক কাজটি করার ক্ষেত্রে তারা সকল সাধারন শিক্ষককে পক্ষে আনার জন্য মাননীয় এমপি মহোদয়ের নাম ব্যবহার করেছে এবং বলেছে আমরা রাজাপুরের সকল শিক্ষক একত্রে একটি কমিটি করতে যাচ্ছি। তাদের ডাকে কোন শিক্ষক যদি না আসতে চাইলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। ১০ ফেব্রুয়ারি মিটিং করে একটি কমিটি করার কথা থাকলেও সেটা তারা উদ্দেশ্য মূলকভাবে করেনি। ১১ ফেব্রুয়ারি কোনো এক মাধ্যমে আমাদের হাতে আসে একটি পকেট কমিটির তালিকা। যে কমিটিতে সাংগঠনিক দূরদর্শিতাহীন, অসাংগঠনিক, শিক্ষক কল্যানে কাজ না করা এক প্রধান শিক্ষক কবির হোসেন কে সভাপতি ও সহকারী শিক্ষক ওয়ালিউল ইসলামকে সাধারন সম্পাদক করে রেজিস্ট্রেশন ও গঠনতন্ত্র বিহীন “রাজাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি” নামে ৭১ সদস্য বিশিষ্ট একটি পকেট কমিটি গঠন করে। যে কমিটির কয়েকটি গুরুত্বহীন পদে আমাদের সমিতির কয়েকজনের নামও দেখা যায়, যা ঐ শিক্ষকরা জানে না। পকেট কমিটির তালিকা হাতে পাওয়ার পর বুঝতে পারলাম দেশের সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রাজাপুর শাখার নেতৃবৃন্দদের বাদ দিয়ে যখন এ কমিটি করা হয়েছে তখন ১২ ফেব্রুয়ারি ঢাকা গিয়ে মাননীয় এমপিকে বিষয়টি অবহিত করি। পরবর্তীতে তারা ১৪ ফেব্রুয়ারি সমিতি ভবনে হঠাৎ একটি মিটিং আহবান করে পূবের করা পকেট কমিটির তালিকা অনুযায়ী কবির হোসেন নামে এমন এক প্রধান শিক্ষককে সভাপতি ও ওয়ালিউল ইসলামকে সাধারন সম্পাদক হিসেবে উপস্থিত শিক্ষকদের কমিটি প্রকাশ করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দদের বাদ দিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন সমিতির পকেট কমিটি করায় স্পষ্টই প্রমান হলো যে, রাজাপুরের সকল প্রাথমিক শিক্ষক সংগঠন একতাবদ্ধ হয়নি। রেজিস্ট্রেশন বিহীন পকেট কমিটির এহেন মিথ্যা কথা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে বুদ্ধিদাতা এক প্রধান শিক্ষকের বাসায় বসে গঠন করা পকেট কমিটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ.কে আজাদ, সিনিয়র সহ সভাপতি সমীর কুমার দাস, অর্থ সম্পাদক রেজাউল করিম মাসুম, সমবায় বিষয়ক সম্পাদক মাহে আলম মুন্সি, সহ সম্পাদক অহিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা প্রমুখ।
সাতক্ষীরা সদরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কোহিনুর ইসলাম
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী হালদার স্বাক্ষরিত পত্রে তাকে চেয়ারম্যানের অনুপস্থিতিতে আর্থিক ক্ষমতাসহ দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের সুপারিশ/প্রস্তাব অনুযায়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল অনুমোদন করা হয় এবং প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান-১ কোহিনুর ইসলামকে চেয়ারম্যানের অনুপস্থিতিতে আর্থিক ক্ষমতাসহ দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন আসাদুজ্জামান বাবু। সেই থেকে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য ছিল।
সুন্দরবন-নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন-নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদ-এর সভা ১৯ ফেব্রুয়ারি ’২৪ সোমবার বেলা ১১টায় খানজাহান আলী রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট কিছু নীতিমালা, দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে সম্প্রতি পদযাত্রা শুরু করেছে এই সংগঠনটি। সভায় সুন্দরবন ও সুন্দরবন সংশ্লিষ্ট নদীসমূহের দূষণরোধ ও নাব্যতা বজায় রাখা এবং পরিবেশ ও জলবায়ু বিপর্যয় রোধসহ দক্ষিণবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান আল-ওয়াহিদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈয়ব রহমান, মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া, ইমরান আল ইসলাম, এস কে তারেক, হাফিজুর রহমান তারেক, জাফর আবু সালে, সেকেন্দার আলী, মল্লিক মোশারফ হোসেন নিটল প্রমুখ।
কমরেড গৌরাঙ্গ চিকিৎসার জন্য ভারতে গমন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও দাকোপ উপজেলা কমিটির সভাপতি এবং জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি কৃষক নেতা কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় চিকিৎসার জন্য ১৯ ফেব্রুয়ারি ’২৪ বেলা ১২টায় দেশ ত্যাগ করে ভারতের কলকাতায় গমন করেন। তিনি প্রোস্টেড গ্লান্ডসহ শারীরিক বিভিন্ন সমস্যায় কিছুদিন যাবত ভুগছেন। কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় দ্রুত চিকিৎসা শেষে সম্পূর্ণ আরোগ্য লাভ করে দেশে ফিরবেন বলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
জন্মভূমি পত্রিকার সাংবাদিক হারুনের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদের মা মোসাম্মাৎ সুফিয়া বেগম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি সোমবার বেলা সোয়া ১১টায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও স্বামীসহ অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আছরবাদ মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাগরীবের নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে দৈনিক জন্মভূমি পরিবারের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন দৈনিক জন্মভূমি পত্রিকার প্রকাশক-আসিফ কবীর, প্রধান সম্পাদক মনিরুল হুদাসহ জন্মভূমি পরিবারের সদস্যবৃন্দ।
॥ খুলনা প্রেসক্লাব ॥
এদিকে সাংবাদিক হারুন-অর-রশীদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
॥ বিএফইউজে ও এমইউজে ॥
সাংবাদিক নেতা হারুন-অর-রশীদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
॥ খুলনা বিএনপি ॥
সাংবাদিক নেতা হারুন-অর-রশীদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
॥ বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব ॥
দৈনিক জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হারুনুর রশিদের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, পরিতোষ কুমার রায়, নিখিলেশ গাইন, মোঃ শাওন হাওলাদার, এ্যাড. মোস্তফা বেলাল, পরাগ রায়, গাজী তরিকুল ইসলাম, এস এম এ ভূট্টো, নিতিশ বাছাড়, গৌরদাস ঢালী, সুমন বিশ্বাস, রিপন রায়, বিশ্বজিৎ মন্ডল, দ্বিগন্ত মল্লিক, সাংবাদিক পরাগ গাইন, চিরঞ্জীত মল্লিক প্রমুখ।











































