মেহেরপুর প্রতিনিধি
আধুনিক ও ডিজিটাল যুগের এ প্রতিযোগিতার ভিড়ে মৃৎশিল্প আজ বিলীনের পথে। তবে বাপ-দাদার পুরোনো ঐতিহ্য ধরে রাখতে শতকষ্টেও মৃৎশিল্পকে টিকিয়ে রেখেছেন মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের কারিগর নাদু গোপাল।
মেহেরপুর জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকার দিঘলকান্দি গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাদু গোপালের বসবাস।
বাপ-দাদার পুরোনো ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় নিয়ে ৫০ বছর যাবত এ মৃৎশিল্প ধরে রেখেছেন নাদু গোপাল। নাদু গোপালের পরিবারের সদস্য ৮ জন। ৮ জনের মধ্যে সবাই এ পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মেধা ও মননশীলতা দিয়ে মৃৎশিল্পের ওপর ভর করেই দীর্ঘ ৫০ বছর এ পেশাকে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে কাজ করে চলেছেন তারা।
নাদু গোপাল এ পেশা থেকেই পরিবারের দু’ছেলে ও তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি সংসারকে বুকে আগলে রেখেছেন। এই মৃৎশিল্পের কারণে দারিদ্রতাকে জয় করে নাদু গোপাল এখন স্বাবলম্বী হয়েছেন।
নাদু গােপালের স্ত্রী কারিগর অনিতা পাল বলেন, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে মাটির তৈরি হাঁড়ি-পাতিল তৈরি করা হয়। এসব জিনিসপত্র পূজায় বেশি বিক্রি হয়। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন আগের মতাে এসব জিনিসপত্র বিক্রি হয় না। তবে অনেকে সৌখিনতার কারণে এসব জিনিসপত্র ক্রয় করে থাকেন।
কারিগর নাদু গােপাল বলেন, দই রাখার সােবা, হাঁড়ি, কলসি, রিংস্লাব তৈরি করে থাকি। এক সময় এ জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহৃত মাটি বিল-খাল থেকে ফ্রিতে সংগ্রহ করতাম। এখন আর ফ্রিতে মাটি পাওয়া যায় না। চড়া দামে মাটি কিনেই হাঁড়িসহ প্রয়ােজনীয় জিনিসপত্র তৈরি করতে হয়। স্বল্প পুঁজি দিয়ে ব্যবসার প্রসার করা বড় কঠিন। তাই সরকারিভাবে কোনো সহায়তা পেলে মৃৎশিল্পকে বড় আকারে করা সম্ভব হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, নাদু গােপালের এ উদ্যােগটি অনেক ভালো। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাকে সহযােগিতা করা হবে। যাতে তিনি ব্যবসার প্রসার ঘটাতে পারেন। সেই সঙ্গে পুরােনাে ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব হবে।











































