সাতক্ষীরা প্রতিনিধি
লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় তিনটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ক্লিনিককে ১০ হাজার টাকা জমিরানা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার শহরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানজানা ক্লিনিক এবং আস্থা ক্লিনিকে এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। এসময় মেডিনোভা এবং সানাজানা ক্লিনিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিকগুলোর লাইসেন্স না থাকায় সিলগালা এবং জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে আস্থা ক্লিনিকে কাউকে পাওয়া যায়নি।
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহাদ জামিল, সহকারী কমিশনার (ভূমি) সদর সুমনা আইরিন উপস্থিত ছিলেন।











































