ঢাকা অফিস
পারিবারিক কলহের জেরে জন্মের পর থেকে স্বামী কাজী মহিউদ্দিনকে সন্তান দেখতে দেননি সাদিয়া সুলতানা। এ ঘটনা স্বামী-স্ত্রীর মধ্যে এতটাই দূরত্ব বাড়িয়ে তুলেছিল যে, তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়। বাবা-মায়ের দূরত্বের বলি হচ্ছিল তাদের ১০ মাস বয়সী সন্তান। সন্তানকে দেখতে চেয়ে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন মহিউদ্দিন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সন্তানকে নিয়ে সোমবার হাইকোর্টে হাজির হন সাদিয়া। এরপর সন্তানের কথা ভেবে তাদের ভাঙতে বসা সংসার জোড়া দেওয়ার ব্যবস্থা করেন আদালত।
জানা গেছে, এ দিন স্বামী-স্ত্রীকে একটি কক্ষে নিরিবিলি কথা বলার সুযোগ করে দেন আদালত। সেখানে তারা একে অন্যের সঙ্গে খোলামেলা কথা বলেন। পরে দু’জনই আদালতকে জানান, তাদের মধ্যে মানসিক দ্বন্দ্বে দূরত্ব তৈরি হয়েছে। তবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তারা এটি সমাধানের চেষ্টা করবেন।
এ সময়ের মধ্যে মহিউদ্দিনকে সপ্তাহে দুই থেকে তিন দিন সন্তানকে সাদিয়ার বাসায় গিয়ে দেখার জন্য বলেন আদালত। একইসঙ্গে সন্তানের কথা বিবেচনা করে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শও দেন আদালত।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন।
এ সময় মহিউদ্দিন-সাদিয়া দু’জনেরই সংসার জোড়ার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে হাইকোর্ট খুশি হয়ে তাদের চকলেট উপহার দেন। একই সঙ্গে ছয় মাস পর তাদের অবস্থা সম্পর্কে আদালতকে জানাতে বলেন।











































