খুলনাঞ্চল ডেস্ক।।
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল রোববার শেরপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও নেত্রকোনার মদনে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর।
মির্জাপুরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। মির্জাপুর উপজেলার বাঁশতৈল তেলিপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক নাজমুল (৩৫), তেলিপাড়া গ্রামের রহিমা বেগম (৪৫), গায়রাবেতিল গ্রামের লুৎফর রহমান (৪০), উয়ার্শী ইউনিয়নের নগরভাত গ্রামের আব্বাছ মিয়া (৩০)।
পুলিশ জানায়, সখীপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বাঁশতৈল তেলিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় অটোরিকশার চালক নাজমুলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পিকআপভ্যানের চালক পালিয়ে গেছেন।
একই দিন মদনে পল্লী বিদ্যুতের বেপরোয়া গাড়ির চাপায় লাকি আক্তার (১৮) নামে কলেজছাত্রী নিহত হয়েছেন। মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গাড়িচালক আনারুল হককে আটক করেছে পুলিশ।
নিহতের খবর পেয়ে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ। সহপাঠী নিহত হওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী অবরোধে পৌর শহরে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, ওসি উজ্জ্বল কান্তি সরকার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষর্থীরা।
স্থানীয়রা জানায়, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে রোববার সকালে বাড়ি থেকে বের হন লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পল্লী বিদ্যুতের পিলারবাহী একটি ট্রলি ওই কলেজছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পানিভর্তি একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ট্রাক ঢুকে পড়ে পাশের একটি দোকানে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খোরশেদ আলম (৪০) প্রাণ হারান। কাঠ ব্যবসায়ী খোরশেদের বাড়ি কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৩৭) ও পথচারী আব্দুল কাদের (৪৫)। তাদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। তিনি বলেন, এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।











































