Home আঞ্চলিক পাইকগাছায় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইটের ভাটা

পাইকগাছায় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইটের ভাটা

67

 

বাবুল আক্তার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় সরকারী নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই যতেচ্ছা ইটভাটা স্থাপন করা হয়েছে। পুড়ানো হচ্ছে কাঠ,কৃষিজমি ও নদী থেকে কাটা হচ্ছে মাটি। ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার হচ্ছে। ফলে নির্বিচারে নিধন হচ্ছে গাছপালা, অন্যদিকে উর্বরতা হারিয়ে চাষের অযোগ্য হয়ে পড়ছে কৃষিজমি। এতে কমে যাচ্ছে ফসল উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

পাইকগাছা উপজেলার চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী ও হরিঢালী ইউনিয়নে ১৫ টি ইটভাটা কৃষিজমিতে স্থাপন করা হয়েছে। এসবের প্রায় সবগুলোই জনপবসতি এলাকা, সরকারী প্রতিষ্ঠান, প্রধান সড়ক ও গ্রাম ও বনাঞ্চলের ধারের কাছে গড়ে তোলা হয়েছে। নিষিদ্ধ জায়গা থেকে কাটা হচ্ছে মাটি। পুড়ানো হচ্ছে কাঠ ও কাঠ চেরাইয়ের জন্য বসানো হয়েছে করাত কল। কোন ইটভাটায় নেই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ধোয়ার কুন্ডুলিতে পরিবেশ হচ্ছে নষ্ট। নীতিমালা অনুযায়ী যে কোন প্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটার দুরত্বে ও বনাঞ্চল ঘেকে ২ কিলোমিটার দুরত্বে ভাটা স্থাপনের কথা থাকলেও অল্প দুরত্বে এসব ইটভাটা স্থাপিত হয়েছে। প্রায় প্রত্যেকটি ইটের ভাটার পাশে সরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাট বাজার ও ব্যস্ততম সড়ক অবস্থিত। পাইগাছায় স্থাপিত ভাটাগুলো হলো হরিঢালী ইউনিয়নের মাহবুবুর রহমান রজ্ঞুর যমুনা ব্রিকস ১,ও ২,গদাইপুর ইউনিয়নের মুজিবুর রহমানের ফাইভ ষ্টার, ফতেমা রহমানের এফএফবি, চাঁদখালী ইউনিয়নে নাজমুল হুদা মিথুনের এসএমবি বিক্স, মহিউদ্দিন খানের বিএকে ব্রিক্স, বাদশা খানের খান ব্রিক্স, মুনছুর গাজীর এস এম ব্রিক্স, আব্দুল হালিমের স্টার ব্রিক্স, আব্দুল মান্নান গাজীর বিবিএম ব্রিক্স, আব্দুল জলিলের এডিবি ব্রিকস, শহাজাদা ইলিয়াসের এমএসবি ব্রিকস, সিরাজুল ইসলামের এসবিএম ব্রিকস, শফিকুল ইসলামের এমবিএম ব্রিক্স, রাড়ুলী ইউনিয়নে মিনারুল ইসলাম ও ডালিম সরদারের ইটের ভাটা।

এর মধ্য শাহাজাদা আবু ইলিয়াসের এমএসবি ব্রিক্স ও মুনছুর আলী গাজীর এস এম ব্রিক্স পরিবেশ বন্ধব।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভাটামালিকরা জানান, মধ্যম সারির একটি ভাটায় মৌসুমে ৪০ থেকে ৫০লাখ ইট পোড়ানো হয়। প্রতি চব্বিশ হাজার ইটের জন্য মাটি ব্যবহার হয় ৩ হাজার ঘনফুট মাটি। কৃষিজমি থেকে এ মাটির জোগান দেয়া হয়। সে কারণে জমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহৃত হয়। অনেকেই জানিয়েছেন, প্রতিদিন একটি ইট ভাটায় পোড়ানোর জন্য ২শ থেকে ৩শ মণ কাঠ পোড়াতে হয়।

চাঁদখালী ইউনিয়নের কৃষক আয়ূব আলী জানান তার ফসলি জমির পাশে অনুমোদনহীন ভাটা রয়েছে। ভাটার মালিক এলাকার প্রভাবশালী। ভাটার আশপাশে শত শত কৃষকের ফসলের ক্ষতি হলেও ভয়ে কোনো কৃষক কথা বলেন না। ভাটায় যে মাটি যাচ্ছে তার বেশির ভাগই ফসলি জমির উপরিভাগের। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী আদালতের উদ্যোগে প্রতিবছর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলেও ভাটা মালিকরা জরিমানা দিয়ে যথারীতি ভাটায় ইট পুড়িয়ে আসছে। ভাটার মালিক মিথুন জানায় জরিমানার টাকা দিলে সব বৈধ হয়ে যায়। একারণে সে টাকা আগে থেকেই যোগাড় করে ভাটার কাজ শুরু করি। বর্তমানে আমরা প্রতি হাজার ইট ১০ হাজার টাকা বিক্রি করছি। কয়লা দিয়ে পুড়ালে এক হাজর ইটের দাম পড়বে ১৫ হাজার টাকা। বিক্রির প্রতিযোগীতায় টিকে থাকার জন্য কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। সবাই কয়লা দিয়ে পুড়ালে আমরাও কয়লা দিয়ে পুড়াবো। ভাটা মালিক আব্দুল মান্নান জানান, পরিবেশের কোন ছাড়পত্র পায়নি, লাইসেন্স নেই, তবে সরকার আমাদের কাছ থেকে আয়কর ও ভ্যাট আদায় করছে। পরিবেশের ছাড় পত্রের জন্য সরকারী কোষাগারে টাকা জমা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল- আমিন বলেন, ইতোমধ্যে চাঁদখালী ও হরিঢালী ইউনিয়নের ৬টি ভাটা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ লক্ষাধিক জরিমানার টাকা আদায় করা হয়েছে। মাটি কেটে বিক্রি করার অপরাধে চারজনকে জেল দেয়া হয়েছে।