খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আয়োজনে আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) ৫ দিনব্যাপী ৭ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় চারুকলা স্কুলের আঙিনা’য় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, শিল্পকর্মের সাথে মনের খোরাক জড়িত। শিল্পকর্মের মাধ্যমে মনের নান্দনিকতা প্রস্ফুটিত হয়। প্রতিটি মানুষের মধ্যে শিল্পীসত্ত্বা লুকায়িত রয়েছে। চারুকলা শিক্ষার্থীদের শিল্পীসত্ত্বা বিকশিত করার জন্য বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়। এটি একটি অনন্য প্রয়াস। নিজেকে বিকশিত করার জন্য যথোপযুক্ত পরিবেশও প্রয়োজন। শিক্ষার্থীদের বিকশিত করতে চারুকলার শিক্ষকরা নিবেদিত হয়ে কাজ করছেন। যার ফলে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করছে।
তিনি আরও বলেন, চারুকলার বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে। চারুকলা স্কুলের জন্য আলাদা একটি ভবন তৈরির বিষয়টি মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট ও একাডেমিক ভবনের সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার সাথে রিসার্চ কোলাবরেশন হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের এক্সচেঞ্জ হচ্ছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখছেন। নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এটি অত্যন্ত ভাল একটি দিক। তিনি শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের বিকশিত করার এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এ সময় আরও বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো. আমিনুল ইসলাম এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বেবী সুলতানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের মধুরিমা সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. খায়রুল হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মনতোষ মন্ডল।
অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত তিন ডিসিপ্লিন থেকে তিনজন শিক্ষার্থীকে ‘শিল্পী শশিভূষণ পাল গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের মো. সাইফুল্লাহ আবির, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের মো. সাইমুম ইসলাম রাফি এবং ভাস্কর্য ডিসিপ্লিনের স্বাধীন মন্ডল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিল্পকর্মের জন্য সম্মাননা প্রদান করা হয়।
পরে উপাচার্য শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে প্রদীপ প্রজ্জ্বলন এবং ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। এসময় চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী উপলক্ষ্যে সন্ধ্যা ৬টায় চারুকলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী আগামী ২২ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে ২৪০ জন শিক্ষার্থীর ৩ শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
খুবি উপাচার্যের সাথে জাপানি বিশ্ববিদ্যালয়ের
প্রথম বাংলাদেশি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিইগাতা জেলার সানজো সিটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ। তিনি জাপানের সরকারি/বেসরকারি পর্যায়ের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট। জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের কোনো পদ নেই এবং প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। সৌজন্য সাক্ষাতকালে প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ জাপানি বিশ্ববিদ্যালয়টির পরিচিতি ও জাপানের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আগ্রহকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন করা হয়েছে। এতে প্রায় প্রতিটা সাবজেক্টের ৪র্থ বর্ষে ইন্টার্নশিপ রাখা হয়েছে। এই কারিকুলা বাস্তবায়নে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কারিকুলার জন্য তৈরি করতে আইকিউএসির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। খুব অল্প সময়ে শিক্ষকরাও এতে মানিয়ে নিচ্ছেন। উপাচার্য শিক্ষা-গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. শেখ আজহারুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং সশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবি শিক্ষক সমিতি আয়েজিত ইনডোর
গেমস্ প্রতিযোগিতার উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষক ক্লাবের মাধ্যমে শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের উন্নয়ন হয়। শিক্ষকদের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজনের ফলে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং একই সাথে আনন্দ-উৎসাহের মধ্যে এই প্রতিযোগিতার সমাপ্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সঞ্চালনা করেন সমিতির সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল আহম্মেদ। পরে উপাচার্য ব্যাডমিন্টন খেলে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইনডোর গেমস্ ে৫টি ইভেন্টে প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।











































