ক্রীড়া প্রতিবেদক।।
মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপের জায়গায় লিভারপুলের কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন টটেনহ্যাম কোচ আনগে পোস্তেকোগলু। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই ধরনের গুজবের প্রতি তার কোনো আগ্রহ নেই।
গত মাসে ক্লপ হঠাৎ করেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়ে সকলকে হতবাক করে দেন। এর মাধ্যমে রেডসদের সঙ্গে ক্লপের নয় বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে।
লিভারপুলের খেলোয়াড় হিসেবে পাঁচ বছর কাটানো বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলনসো মার্সিসাইড দলটির দায়িত্ব নিতে ফেবারিটের তালিকায় শীর্ষে রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান পোস্তেকোগলুও পরবর্তী কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। লিভারপুলই পোস্তেকোগলুর প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
কিন্তু স্পার্স বস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামই তার মূল লক্ষ্য। লন্ডনের ক্লাবটিতে প্রথম মেয়াদে যতটা সম্ভব ভাল অবস্থানে থেকে তিনি মৌসুম শেষ করতে চান।
এ সম্পর্কে পোস্তেকোগলু বলেছেন, ‘আমি হয়তোবা সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারি। আমার মনে হয় না এ বিষয়ে কিছু বলার আছে। কারণ এই মুহূর্তে আমার ব্যক্তিগত ও পেশাদার জীবনে কোন দায়িত্বটা মূখ্য তা আমি ভালভাবেই বুঝতে পারছি। মাত্রই আমি লন্ডনের ক্লাবটিতে এসেছি। মাত্র সাত মাস হলো এখানকার জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছি। এখনই কিছু বলা মোটেই ঠিক হবে না।’
সেল্টিক ও অস্ট্রেলিয়ার সাবেক বস আরো বলেছেন, ‘একজন কোচের জন্য এটাই সবচেয়ে মজার দিক। আমরা যখন ভাল কিছু করতে পারি না তখনই প্রশ্ন ওঠে এখান থেকে আমরা পরবর্তীতে কোন ক্লাবে যাচ্ছি। আবার যখন সবকিছু প্রত্যাশা মত চলে তখনো প্রশ্ন ওঠে এই ক্লাব ছেড়ে অন্যত্র যাচ্ছি কি না। এটাই বাস্তবতা।’











































