Home Uncategorized খুলনায় ১ হাজার ২৩০ কিলোমিটার জরাজীর্ণ সড়কে দুর্ভোগ

খুলনায় ১ হাজার ২৩০ কিলোমিটার জরাজীর্ণ সড়কে দুর্ভোগ

64

স্টাফ রিপোর্টার
কয়রা সদর ইউনিয়নের দেউলিয়া বাজার থেকে ঘোলপাড়া হয়ে ঝিলেঘাটা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের পিচ উঠে ইটের খোয়া বেরিয়ে তা যানবাহনের চাপে লালচে ধুলায় পরিণত হয়েছে। যানবাহন চলাচলের সময় বাতাসে অনবরত ওড়ে লালচে ধুলা। এতে পাল্টে গেছে সড়কগুলোর পাশের গাছপালা, বসতবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঝোপঝাড়ের রং। সব কিছুতেই লালচে ও ধুসর আস্তরণ পড়েছে। বেশি অসুবিধায় পড়েছেন সড়কের পাশের দোকানীরা। ধুলা থেকে বাঁচতে প্রতিনিয়ত পানি ছিটাচ্ছেন তারা। এরপরও ধুলার যন্ত্রণা থেকে পুরোপুরি রেহাই মিলছে না। এই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগের অন্ত নেই।
প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ শাহপুর-জামিরা সড়কের অনেক স্থানেই পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার মানুষকে। শাহপুর গ্রামের কাঠ ব্যবসায়ী তৌফিকুল বারী খান বলেন, বারবার বলার পরও কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না।

শুধু এই দুটি সড়কই নয়, খুলনার ৯টি উপজেলার প্রায় ১ হাজার ২৩০ কিলোমিটার পাকা, আধাপাকা ও কাঁচা সড়কের অবস্থা জরাজীর্ণ। বিশেষ করে পাকা ও আধাপাকা সড়কগুলোতে ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলের সময় যাত্রীদের ঝাঁকুনি সহ্য করতে হয়। কমে যায় যানবাহনের গতি। দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। এছাড়া কাঁচা সড়কগুলোতেও রয়েছে ভোগান্তি। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষাকালে কাদা-পানির যন্ত্রণা ভোগ করতে হয়।

খুলনা এলজিইডি সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় তাদের আওতাধীন সড়ক রয়েছে মোট ৬ হাজার ৩০২ কিলোমিটার। এর মধ্যে পাকা (পিচ) রাস্তা ১ হাজার ৬১১ কিলোমিটার, ইটের সলিং রাস্তা ২ হাজার ১৮২ কিলোমিটার, ঢালাই (সিসি/আরসিসি) রাস্তা রয়েছে ৬৫ কিলোমিটার। আর কাঁচা রাস্তা রয়েছে ২ হাজার ৪৪৪ কিলোমিটার। পাকা সড়কের মধ্যে ৪০২ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক জরাজীর্ণ ছিল। চলতি অর্থ বছরে ৩৪৫ দশমিক ৮০ কিলোমিটার সড়ক সংস্কার করা হলেও এখনও প্রায় ৫৬ দশমিক ৯০ কিলোমিটার সড়কের অবস্থা খুবই বেহাল। এছাড়া ইটের সলিং, ঢালাই ও কাঁচা সড়কের প্রায় ২৫ ভাগের অবস্থাও বেহাল।

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা থেকে হরিহরপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ইটের সলিং সড়কের কোথাও ইট উঠে বালু ও মাটি বেরিয়ে পড়েছে। আবার কোথাও দু’পাশের মাটি ধসে সরু হয়ে গেছে। তিন বছর আগে এই সড়ক দিয়ে ছোট ও মাঝারি যানবাহন চললেও এখন পায়ে হেঁটে চলা দায় হয়ে পড়েছে। তবে দূরত্বের কারণে ঝুঁকি নিয়ে চলছে ভাড়ায় চালিত মোটরসাইকেল। এই সড়কটি দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ২৫ হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ। সড়কটির উন্নয়নে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সে কারণে উত্তর বেদকাশি ইউনিয়নের একাংশ ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মানুষকে বর্ষাকালে নদী পথে যাতায়াত করতে হয়।

কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সেক্রেটারির মোড় থেকে গিলাবাড়ি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার, বাগালি ইউনিয়নের ঘুগরাকাটি খাদ্য গুদামের সামনে থেকে হোগলা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার থেকে উপজেলা সদর অভিমুখী কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের কোথাও ইট উঠে আবার কোথাও পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলা সদরে যাতায়াতে প্রধান এই সড়কগুলো দীর্ঘদিন বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় মানুষকে।

শাকবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ মণ্ডল বলেন, প্রতিদিন এসব সড়ক দিয়ে উপজেলা সদরে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সড়ক দিয়ে এলাকার স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও চলাচল করে। তাদের দুর্ভোগের কথা বলে বোঝানো যাবে না।

কয়রা সদরের মেসবাহ উদ্দিন বলেন, দুই থেকে তিন বছর ধরে সড়কগুলোর কাজ না করে এভাবে ফেলে রাখা হয়েছে। নিম্নমানের খোয়াগুলো গুঁড়া হয়ে ধুলায় পরিণত হচ্ছে। ধুলার কারণে বাড়ি থেকে বাচ্চাদের বের করতে পারি না। বাড়িতে খাবারদাবারেও ধুলাবালু পড়ে। বিছানাপত্র, বাড়ির আসবাব সব ধুলায় নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়ার খর্ণিয়া ও শোভনা ইউনিয়নের নতুন রাস্তা থেকে কদমতলা পর্যন্ত ৭ কিলোমিটার, শোভনা থেকে শিবপুর পর্যন্ত আড়াই কিলোমিটার, খর্ণিয়া থেকে বরাতিয়া পর্যন্ত ৩ কিলোমিটার এবং কৈয়া থেকে শরাফপুর পর্যন্ত ১৩ কিলোমিটার পাকা সড়কের অবস্থা জরাজীর্ণ।

খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ মল্লিক বলেন, ভদ্রাদিয়া-শোভনা সড়ক দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা মূল্যের সবজি ও মাছ বহন করা হয়। কিন্তু সড়কটি দীর্ঘদিন ভাঙ্গাচোরা থাকায় কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে।

অন্যদিকে জেলার দুই হাজার ৪৪৪ কিলোমিটার কাঁচা সড়ক বর্ষাকালে পরিণত হয় যেন চষা জমিতে। কাদার কারণে সড়কে সাইকেল, মোটরসাইকেল ও ভ্যান চলাচলতো দূরের কথা পায়ে হেটে চলাও দায় হয়ে পড়ে। টানা কয়েকদিন বৃষ্টি না হলে কাদা কমে গেলেও তখন সড়ক থাকে এবড়োথেবড়ো। দীর্ঘদিনেও এসব সড়ক পাকা করতে পারেনি এলজিইডি।

এ ব্যাপারে খুলনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান বলেন, অর্থ সংকটের কারণে জরাজীর্ণ সব সড়ক একবারে সংস্কার করা সম্ভব হয় না। তবে পর্যায়ক্রমে পাকা ও আধাপাকা সড়কগুলো সংস্কার করা হচ্ছে। কিছু কাঁচা রাস্তায় ইটের সলিং করা হবে। তবে সব কাঁচা রাস্তা ইটের সলিং কিংবা পাকা করতে অনেক টাকার প্রয়োজন এবং দীর্ঘ সময় লাগবে।