ঢাকা অফিস।।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদ্য ঘোষিত ১৭টি ওয়ার্ডের কমিটির বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। কমিটিতে সিনিয়র ও ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ তুলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তিনি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেন সিটি মেয়র আইভী।
বৈঠক শেষে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতা-কর্মীরা সন্ধ্যা সাতটার দিকে নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
১৬ নম্বর ওয়ার্ডের কমিটিতে সিনিয়র ত্যাগী নেতাদের না রাখায় তাদের অসম্মান করা হয়েছে বলে ওই বৈঠকে অভিযোগ তোলেন মেয়র আইভী। তিনি বলেন, ‘এই ওয়ার্ডে আমাদের ছোট ভাই এপন আর চঞ্চলকে নেতা বানাইয়া দিল। যদিও ওরা নেতা হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আনোয়ার কাকা (মহানগর আওয়ামী লীগের সভাপতি) প্রতিহিংসার মনোভাব নিয়ে এই কমিটি দিয়েছেন। তিনি দেওভোগকে বুঝিয়েছেন উনি যা চাইবেন এখানে তা-ই হবে। যে দেওভোগে পূর্বপুরুষরা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তাদের অসম্মানিত করেছেন তিনি। আজকে এখানে দাঁড়িয়ে দেওভোগের মানুষ হিসেবে তাকে (মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন) অবাঞ্ছিত ঘোষণা করলাম আমি।’
সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদক খোকন সাহারও সমালোচনা করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘খোকন সাহেব ও আনোয়ার সাহেব আমার হাতে গড়া। যদি তিনি মুসলমানের সন্তান হয়ে থাকেন তাহলে এখানে এসে বলুক। আর খোকন সাহা যদি ধর্মে বিশ্বাস করে তাহলে সেও বলুক। সে (খোকন সাহা) আমাকে মা ডাকত। সবাই আগের কথা ভুলে গেছে। এই কমিটি আমরা মানব না। আনোয়ার কাকা আর খোকন সাহেব যদি ২০০৩ থেকে কমিটি কন্টিনিউ করতে পারে তাহলে ওয়ার্ডে যে কমিটি আছে সেটাও কন্টিনিউ হবে।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে ইঙ্গিত করে মেয়র আইভী আরও বলেন, ‘সিদ্ধিরগঞ্জ এলাকার ৯টি ওয়ার্ডে কমিটি হয় নাই। কারণ সেটা এমপি শামীম ওসমানের এলাকা, তিনি বলেছেন তার এলাকা তার নিজের মতো কমিটি করবেন। আমার নির্বাচনী এলাকায় ২৭টি ওয়ার্ড। কোন অধিকারে আপনারা আমাকে না জিজ্ঞাসা করেই ১৭টি ওয়ার্ডে কমিটি দেন? আমি ১৭টি ওয়ার্ডে পাল্টা কমিটি দেব। এক ওয়ার্ডের লোক এনে আরেক ওয়ার্ডে বসিয়েছে। এগুলো কি ছেলেখেলা নাকি? আমি দলের বিষয়ে কখনো মাথা ঘামাইতাম না। আজকে বাধ্য হয়েছি। আমি তো আর শামীম ভাইয়ের মতো বলতে পারবো না, আমার এলাকায় এটা করতে পারবেন না। কিন্তু আমার মতামত না নিয়ে যদি কমিটি করেন, সিনিয়রদের অসম্মানিত করেন তাহলে পাল্টা কমিটি দিব।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত সহ অন্যান্য স্থানীয় নেতারা।
বৈঠক শেষে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতা-কর্মীরা সন্ধ্যা সাতটার দিকে নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এসময় তারা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বিপক্ষে শ্লোগানও দেন।











































