Home খেলাধুলা আবারও জাতীয় দলের টাইটেল স্পন্সর রবি

আবারও জাতীয় দলের টাইটেল স্পন্সর রবি

35

স্পোর্টস রিপোর্টার।।

প্রথম মেয়াদে চুক্তি শেষ হওয়ার ১০ মাস আগেই সরে গিয়েছিল রবি। তাদের সরে যাওয়ার মূল কারণ জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররা। রবি বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর থাকাকালীন তারা অন্য মোবাইল অপারেটরের হয়ে বিজ্ঞাপন করে বেড়াচ্ছিলেন। তা নিয়ে নাখোশ দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর রবি মেয়াদ পূর্তির আগেই চুক্তি থেকে বেরিয়ে যায় ২০১৮ সালে। পাঁচ বছর পর আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বিতীয় বারের মতো চুক্তি করেছে রবি। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তিতে টাইটেল স্পন্সরের স্বার্থ এবার সুরক্ষিত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে।

আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খোলা আকাশের নিচে রবি-বিসিবি চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সারার পর বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা কেউ টাইটেল স্পন্সরের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের পণ্যদূত হতে পারবেন না। তবে আপাতত একটি ব্যতিক্রম যেটি আছে, সেই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ছাড় পাচ্ছেন সংশ্লিষ্ট ক্রিকেটার, ইতিমধ্যে অন্য মোবাইল অপারেটরের সঙ্গে ক্রিকেটারদের যে চুক্তিগুলো আছে, সেগুলোর মেয়াদ তারা পুরো করতে পারবেন।’ এখানে ‘সেগুলো’ বললেও সে রকম চুক্তি আসলে একটিই।

এবার রবির সঙ্গে বিসিবি’র সাড়ে তিন বছরের চুক্তি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত থাকবে চুক্তির মেয়াদ। রবির সম্মতিতে চুক্তির টাকার অঙ্কও প্রকাশ করেছে বিসিবি। অঙ্কটা ৫০ কোটি টাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ। ছিলেন বিসিবি’র পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এবার নতুন চুক্তিতে উচ্ছ্বসিত দুই পক্ষই। চুক্তি শেষে তানভীর আহমেদ টিটু বলেন, ‘এবার রবির সঙ্গে চুক্তিটা হয়েছে এমনভাবে যে বিসিবি’র সঙ্গে চুক্তিবদ্ধ এবং জাতীয় দলের ক্রিকেটাররা রবির সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রতিষ্ঠানের স্পনসর নিতে পারবে না।’ রবির সঙ্গে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চুক্তির অঙ্ক ছিল ৬১ কোটি টাকা। এবার টাকার অঙ্ক কেন কমল, সে প্রশ্নে টিটু বলেন, ‘সে সময় আমি বোর্ডে ছিলাম না। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় টাকার অঙ্ক কমেছে বলা যাবে না। সর্বশেষ ক্রিকেট দলের স্পনসর ছিল দারাজ, তাদের সঙ্গে আড়াই বছরের চুক্তির অঙ্ক ছিল ৪০ কোটি ১০ লাখ টাকা। এবার রবির সঙ্গে সাড়ে তিন বছরে ৫০ কোটি টাকা। অর্থাৎ দারাজের তুলনায় ৯ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।’