ক্রীড়া প্রতিবেদক
চলছে বিপিএলের দশম আসর। যেখানে চট্টগ্রাম পর্বে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স। টানা হারের মাঝে থাকা ঢাকা এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছে দুর্দান্ত ঢাকা।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। শুরু থেকেই খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় ছিলেন ঢাকার ব্যাটাররা। মাত্র ২৭ রানে তিন উইকেট হারায় দলটি।
শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ করে রান করেন অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর।
শেষদিকে চতুরঙ্গ ডি সিলভার অপরাজিত ১৭ রানের ক্যামিওতে বলার মতো সংগ্রহ পায় ঢাকা। সাইফ হাসান ও শন উইলিয়ামস পান গোল্ডেন ডাকের স্বাদ। খুলনার হয়ে ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলাম মুগ্ধ তিনটি করে উইকেট নেন।











































