Home কলাম নাগরিকের ক্ষমতায়নে তথ্য অধিকার আইন

নাগরিকের ক্ষমতায়নে তথ্য অধিকার আইন

9

-মোঃ আতিকুর রহমান মুফতি
প্রত্যন্ত একটি গ্রামের নাম রসুলপুর, উপজেলা সদর হতে সড়ক পথে ২৫ কিলোমিটার দূরের জনপদটিতে পৌঁছাতে একটি নদী আর কয়েকটি খাল পেরোতে হয়। খালগুলোর উপর কালভার্ট থাকলেও নদীর উপরে ব্রিজের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। নদীটি পার হতে গ্রামের মানুষকে নৌকার ওপর নির্ভর করতেই হয়। নদী পারাপারের সময় তাই সবারই নজর থাকে নির্মাণাধীন ব্রিজটির ওপর। কাজ সম্পন্ন হলে স্থাপনাটি হবে এ অঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের উজ্জ্বল বাস্তবায়ন। নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার জানিয়েছেন সাধারণ মানুষের নিত্যকার কষ্টের অবসান ঘটাতে নির্ধারিত সময়ের আগেই কাজটি শেষ করার চেষ্টা করছেন তিনি। নির্মাণাধীন ব্রিজের পাশের খেয়াঘাটে নৌকার উপর দাঁড়িয়ে আছেন তাসনিম রায়হান, তিনি আজ প্রথমবারের মত রসুলপুর যাচ্ছেন। ঢাকা শহরে শৈশব-কৈশর কাটানো তাসনিম এখন অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থিসিসের কাজে দেশে এসেছেন তিনি। হাতে সময় থাকায় নৌকায় থাকা সহযাত্রীদের সাথে কথা বলে অনেককিছু জানতে চেষ্টা করলেন তাসনিম। পরে সারাদিন ধরে গ্রামটিতে ঘুরে বেড়ালেন আর দেখলেন গ্রামবাংলার বদলে যাওয়া রূপ। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিক-মানসম্মত অবকাঠামোসহ উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা মুগ্ধ করে তাকে। স্থানীয় সরকার দপ্তরের মাধ্যমে সেখানে চলমান কয়েকটি প্রকল্পের কাজ তার নজর এড়ালো না। গবেষণার জন্য প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত তথ্যের দরকার ছিলো। কিন্তু সেখানে বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত দেয়ার মতো কেউ ছিলো না। পরের দিন সকাল সাড়ে নয়টায় গেলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালকের কাছে, চাইলেন রসুলপুরে চলমান প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য। গবেষণার জন্য যাচিত তথ্যের পরিমাণ ব্যাপক বিস্তৃত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা তাসনিমকে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পরামর্শ দেন। এজন্য ঐ দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। তথ্য অধিকার আইন বিষয়টি তাসনিমের কাছে নতুন হওয়ায় তথ্য প্রদানকারী কর্মকর্তার কাছে এবিষয়ে বিস্তারিত জানতে চাইলেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা যা জানালেন তা হলো-
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। গণতান্ত্রিক শাসনব্যবস্থার এদেশে ক্ষমতার উৎস যখন সাধারণ মানুষ, তখন সরকারি বা যেকোন ভাবে সরকারের অর্থ সহায়তায় পরিচালিত কোন প্রতিষ্ঠানে রক্ষিত বিশেষ কোন তথ্য নাগরিকের জানা প্রয়োজন হতে পারে। আবার, সরকারি বা প্রজাতন্ত্রের অর্থ ব্যয় করে দেশের কোথায় কি হচ্ছে অথবা কোথাও সরকারি সম্পদের অপচয় হচ্ছে কিনা তা জানার অধিকার সকল নাগরিকেরই রয়েছে। এখানেই তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা রয়েছে।
সারাবিশ্বে তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন নামে প্রসিদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরণের আইন আলোকিত আইন নামেও পরিচিত। কিছু কিছু দেশে এ আইনের শিরোনাম হলো তথ্যের স্বাধীনতা আইন। বিভিন্ন শিরোনামে অনুরূপ আইন পৃথিবীর ৭০টির বেশি দেশে প্রচলিত। ১৭৬৬ সালে প্রথম সুইডেনে এ ধরণের আইন প্রবর্তিত হয়, যা সংবাদপত্রের স্বাধীনতা আইন নামে পরিচিত। সার্কভুক্ত বেশিরভাগ রাষ্ট্রই তথ্য অধিকার আইন প্রবর্তন করেছে। ভারতে এ ধরনের আইন ২০০৫ সালে গৃহীত হয়। বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকার তথা- চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সাংবিধানিকভাবে স্বীকৃত। তবে সুনির্দিষ্ট আইন ও নির্ধারিত পদ্ধতির অভাবে সহজে তথ্য পাওয়া সাধারণ নাগরিকের পক্ষে কঠিন কাজ ছিলো। এরই প্রেক্ষাপটে ২০০০ সাল থেকে তথ্য অধিকার আইন প্রচলন করার জন্য দেশের নাগরিক সমাজ ও গণমাধ্যমগুলো ক্রমাগত দাবি উত্থাপন করতে থাকে। এর ধারাবাহিকতায় সরকার নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন, ২০০৯ পাশ করে দেশ-বিদেশে বিপুলভাবে প্রসংশিত হয়। এ আইনে বলা আছে, কোন নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে।
লিখিতভাবে নির্ধারিত ‘ক’-ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম সহজলভ্য না হলে সাদা কাগজে বা ই-মেইলেও তথ্য প্রাপ্তির জন্য অনুরোধ করা যাবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিখিতভাবে অথবা ক্ষেত্রমত, ই-মেইলের মাধ্যমে আবেদনের প্রাপ্তি স্বীকার করবেন। প্রাপ্তি স্বীকারপত্রে তিনি আবেদনের রেফারেন্স নম্বর, আবেদনপত্র গ্রহণকারীর নাম, পদমর্যাদা এবং আবেদন গ্রহণের তারিখ উল্লেখ করবেন। যদি ই-মেইল এর মাধ্যমে আবেদন করা হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষের বরাবর আবেদন প্রেরণের তারিখই (প্রাপ্তি সাপেক্ষে) আবেদন গ্রহণের তারিখ বলে গণ্য হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ হতে অনধিক ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন। অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে উক্ত তথ্য সরবরাহ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন কারণে তথ্য প্রদানে অপারগ হলে অপারগতার কারণ উল্লেখ করে আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে নির্ধারিত ‘খ’ ফরমের মাধ্যমে লিখিতভাবে অনুরোধকারীকে অবহিত করবেন। তবে, অনুরোধকৃত তথ্য কোন ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেফতার এবং কারাগার হতে মুক্তি সম্পর্কিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে উক্ত বিষয়ে প্রাথমিক তথ্য সরবরাহ করবেন। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে অনুরোধকারীকে তথ্যের জন্য নির্ধারিত যুক্তিসংগত মূল্য পরিশোধ করতে হবে।
আবেদনকারী নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য লাভে ব্যর্থ হলে বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোন সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে নির্ধারিত ‘গ’ ফরমে লিখিতভাবে আপীল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আপিলের সিদ্ধান্তে সন্তষ্ট না হলে অথবা ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত না পেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্ধারিত অভিযোগ সংক্রান্ত ‘ক’ ফরমে তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন। যদি কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই তথ্য প্রাপ্তির কোন অনুরোধ বা আপিল গ্রহণ করতে অস্বীকার করেন বা নির্ধারিত সময়সীমার মধ্যে অনুরোধকারীকে তথ্য প্রদান করতে কিংবা এই বিষয়ে সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হন বা অসদুদ্দেশ্যে তথ্য প্রাপ্তির কোন অনুরোধ বা আপি ল প্রত্যাখ্যান করেন বা যে তথ্য প্রাপ্তির অনুরোধ করা হয়েছিল তা প্রদান না করে ভুল, অসম্পূর্ণ, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রদান করেন সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানা বা শাস্তির বিধান রয়েছে। তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তথ্য কমিশন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এরূপ কাজের তারিখ হতে তথ্য সরবরাহের তারিখ পর্যন্ত প্রতি দিনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা হারে দায়ী ব্যক্তিকে জরিমানা করতে পারবেন এবং এরূপ জরিমানা কোনোক্রমেই ৫,০০০ (পাঁচ হাজার) টাকার অধিক হবে না। উল্লিখিত জরিমানা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তার এরূপ কাজকে অসদাচরণ গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ করতে পারবেন।
তবে দেশের নিরাপত্তা, অখ-তা ও সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জোট বা সংগঠনের সাথে বিদ্যমান সম্পর্ক, কোন বিদেশী সরকারের নিকট হতে প্রাপ্ত গোপনীয় তথ্য, আয়কর বা মুদ্রার বিনিময় হারের আগাম তথ্য, কোন কার্যক্রম সম্পূর্ণ হইবার পূর্বের তথ্য, পরীক্ষার প্রশ্ন বা নম্বর সম্পর্কিত আগাম তথ্য, তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার, আইনের প্রয়োগ, অপরাধ বৃদ্ধি, জনগণের নিরাপত্তা, সুষ্ঠু বিচারকার্য, ব্যক্তিগত গোপনীয়তা, আদালতের নিষেধাজ্ঞা, আদালত অবমাননা, তদন্তকাজে বিঘ্ন, জাতীয় সংসদের বিশেষ অধিকার হানি হয় এমন কিছু, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ইত্যাদি তথ্য জাতীয় স্বার্থ বিবেচনায় এ আইনের আওতায় প্রদান বা প্রকাশের বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত আটটি সংস্থা বা প্রতিষ্ঠানকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।
সবকিছু শুনে অবাক না হয়ে পারলেন না তাসনিম রায়হান। তার যেসব তথ্য প্রয়োজন ছিলো তার সবকিছু উল্লেখ করে আবেদন জমা দিলেন। তিনি বুঝতে পারলেন গণতান্ত্রিক এদেশে জনগণের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখছে তথ্য অধিকার আইন। এর মাধ্যমে প্রতিষ্ঠা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুর্নীতির সুযোগ হ্রাস পাচ্ছে, দেশ অধিকতর সুশাসন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।-পআইডি ফিচার/ লেখক: মোঃ আতিকুর রহমান মুফতি, সহকারী তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা। সেলফোন নম্বর- ০১৯৩৮৬৭৬৮২০ তাং ১১-০২-২০২৪