খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বিদ্রোহীদের হামলায় তিনদিনে অন্তত ৬২ সৈন্য নিহত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জান্তাবাহিনীর হাতছাড়া হচ্ছে বিভিন্ন এলাকা। দুইপক্ষের গোলাগুলির ঘটনায় গুলি, মর্টারশেল, বিস্ফোরিত রকেট লাঞ্চারের খোল বাংলাদেশে এসে পড়ছে। মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টারশেলে বাংলাদেশে দুইজন নিহত হয়েছে। আতঙ্ক বিরাজ করছে সীমান্তঘেঁষা মানুষের মধ্যে। অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়েনের ৫টি প্রাথমিক স্কুল। অন্যদিকে তুমুল লড়াইয়ে বিদ্রোহীদের সঙ্গে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র ১০৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া দেশটির চাকমা সম্প্রদায়ের চার শতাধিক মানুষ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সীমান্তে জড়ো হচ্ছে কিছুসংখ্যক রোহিঙ্গাও।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছে সরকার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েকদিন ধরে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এতে দুইপক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। একের পর এক এলাকা দখলে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। জীবন বাঁচাতে জান্তাবাহিনীর সদস্যরা অস্ত্র গোলাবারুদ রেখে পালাচ্ছে। আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী দেশে। রোববার রাখাইনের মংডু শহরের উত্তরাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর তৌং প্রো লেট ইয়ার ঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহীরা।
মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলেছে, দেশ ও জনগণের স্বার্থে আরাকান আর্মির কয়েকজন সাহসী যোদ্ধাও তাদের প্রাণ উৎসর্গ করেছেন। এছাড়াও ম্রাউক-ইউ, মিনবিয়া এবং কিয়াকতাও শহরের জান্তা ঘাঁটিগুলোর দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে। দখলে নেয়া ঘাঁটিগুলো সাগাইং, ম্যাগউই, মান্দালয় জেলা এবং কাচীন ও কারেন প্রদেশে অবস্থিত। চলমান সংঘাতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ৬২ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি। জান্তাবিরোধী সশস্ত্র দুই বিদ্রোহীগোষ্ঠী পিপল্স ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশন (ইআও) সংঘাতে নেতৃত্ব দিচ্ছে। সম্মুখযুদ্ধে মোকাবিলা করছে আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনসহ (আরএসও) বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী।
গতকাল দুপুরে আরাকান আর্মির দখলে নেয়া তুমব্রু রাইট ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। আরাকান আর্মিও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের লড়াইয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকায় জান্তাবাহিনীর ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশিসহ দু’জন নিহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকার বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৩) ও নবী হোসেন (৫২) নামে এক রোহিঙ্গা নাগরিক।
জানা গেছে, খেতের কাজের ফাঁকে রোহিঙ্গা শ্রমিকসহ দুপুরের খাবার খাচ্ছিলেন হুসনে আরা। এ অবস্থায় আচমকা বিকট শব্দে মর্টারশেল বিস্ফোরণ হলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে রোহিঙ্গা শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, রোববার ভোররাত থেকে টানা সাত ঘণ্টার মতো গোলাগুলির আওয়াজ শোনা গেছে। জান্তাবাহিনীর মর্টারশেলে জলপাইতলী এলাকায় বাংলাদেশি এক মহিলা ও এক রোহিঙ্গা নিহত হয়েছে। আমাদের পক্ষ থেকে সীমান্তের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যাতে করে বিনা প্রয়োজনে ঘরে থেকে বের না হয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সীমান্তে উত্তেজনার কারণে ৫টি স্কুল বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্কুলগুলো হলো- বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি উত্তেজনাকর থাকায় সাময়িক সময়ের জন্য সীমান্তবর্তী পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জনগণের যাতায়াত সীমিত করার পাশাপাশি ঘুমধুম-তুমব্রু এলাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেয়া হয়েছে। দুই পক্ষের তুমুল লড়াইয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র ১০৬ সদস্য। বিজিবি’র গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করা বিজিপি সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় দিয়েছে।
এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘর্ষে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন দেশটির চাকমা সমপ্রদায়ের প্রায় ৪০০ মানুষ। এছাড়াও কিছুসংখ্যক রোহিঙ্গা সীমান্তে জড়ো হচ্ছেন। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, জীবন বাঁচাতে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সমপ্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারেন, সেজন্য সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।-মানবজমিন











































