Home আন্তর্জাতিক মহাকাশে গ্যাসস্টেশন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অরবিট ফ্যাব

মহাকাশে গ্যাসস্টেশন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অরবিট ফ্যাব

34

খুলনাঞ্চল ডেস্ক।।

মহাকাশে থাকা স্যাটেলাইটের জন্য জ্বালানির স্টেশন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের অরবিট ফ্যাব নামক একটি প্রতিষ্ঠান। মহাকাশে এ যাবত ১৫ হাজারেরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। তবে বর্তমানে এর মধ্যে মাত্র অর্ধেকের মতো সচল আছে। বেশিরভাগেরই জ্বালানি ফুরিয়ে যাওয়ার পরে অকেজো হয়ে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে কিংবা বায়ুমণ্ডলে পুড়ে গেছে। অকেজো স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ধ্বংসস্তূপের একটি আস্তরণ তৈরি করেছে। এই ধ্বংসাবশেষ পরিষ্কার করাও বেশ জটিল ও ব্যয়বহুল। তবে, এই সমস্যা মোকাবিলার একটি উপায় হলো ভবিষ্যতে আরও আবর্জনা উৎপাদন না করা। সেজন্য স্যাটেলাইটগুলোর জ্বালানি শেষ হয়ে গেলে সেগুলো পরিত্যক্ত হিসেবে ঘোষণা না করে রিফুয়েলিং করতে হবে। সে ব্যবস্থাই করতে চায় অরবিট ফ্যাব। ২০০৭ সালে নাসা কক্ষপথের স্যাটেলাইটে জ্বালানি ও সার্ভিসিং করার একটি ধারণা দেয়। পরবর্তীতে তারা দারপা এবং বোয়িংয়ের সহযোগিতায় অরবিটাল এক্সপ্রেস চালু করে। মিশনটিতে জ্বালানি বিনিময়ের উদ্দেশ্যে তৈরি দুটি স্যাটেলাইটের মধ্যে জ্বালানি বিনিময় করা হয়। বর্তমানে, মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের পর্যবেক্ষণ স্যাটেলাইট ল্যান্ডস্যাট ৭-এ রিফুয়েলিংয়ের লক্ষ্যে ওএসএএম-১ পেছনে কাজ করছে। ২০২৬ সালে এই অভিযান শুরু হতে পারে। তবে এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই স্যাটেলাইট রিফুয়েলিং-উপযোগী নয়। যার ফলে নাসা এর রূপান্তর করে নেবে। এতে মোট খরচ হবে প্রায় দুই বিলিয়ন ডলার। তবে অরবিট ফ্যাবের পরিকল্পনা ভিন্ন। পুরনো স্যাটেলাইটের বদলে তারা ভবিষ্যতে মহাকাশে যে স্যাটেলাইটগুলো পাঠানো হবে, সেগুলোর জন্য কাজ করবে। নতুন স্যাটেলাইটগুলোকে এমনভাবে ডিজাইন করা হবে যাতে সেগুলো রিফুয়েলিং করা যায়। যার ফলে এতে খরচ অনেক কমে আসবে।