ঢাকা অফিস
পর্যটকের সংখ্যা বাড়াতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, পর্যটন শিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়; বিশেষ করে, ভারত থেকে আরও বেশি পর্যটক কিভাবে বাংলাদেশে আসতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পর্যটক সংখ্যা বাড়ানোর জন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে দুই দেশে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ নেবে। পর্যটকদের জন্য দুই দেশের মধ্যে ভিসা সহজ করার বিষয়েও কথা হয়েছে।
সিভিল এভিয়েশন ও পর্যটন শিল্পে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘এই দুই খাতে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে ভারতের পক্ষ থেকে আমাদেরকে কিছু প্রস্তাব দেয়া হয়েছে। আমরা সেগুলো বিবেচনা করবো। এছাড়া দুই দেশের মধ্যকার আকাশপথে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।’
ভারতের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে এভিয়েশন এবং পর্যটন খাতের সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। এটি দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় ও প্রাতিষ্ঠানিক করা যায়, তা নিয়ে আমরা কাজ করবো।
বাংলাদেশের সিভিল এভিয়েশনে কর্মরত কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর বিষয়ে কাজ করার কথা জানিয়ে প্রণয় কুমার ভার্মা বলেন, এরইমধ্যে ২০২২-২৩ অর্থবছরে ভারত ৩৬ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতেও এটি চলমান থাকবে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অনেক ভারতীয় বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহী। আমরা তাদের উৎসাহ ও সহযোগিতা করছি। পাশাপাশি পর্যটন উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে নতুন নতুন গন্তব্য চালুর বিষয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে আকাশপথে যুক্ত করার ব্যাপারে ভারত আগ্রহী।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বছর ১৬ লাখ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা ইস্যু করা হয়েছে। দিন দিন এর সংখ্যা বাড়ছে। বাংলাদেশিদের সময়মতো ভিসা দেয়ার জন্য আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছি। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে অন-অ্যারাইভাল ভিসার বিষয়টি ভবিষ্যতে আলোচনা করা হবে।’
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, বিমান বর্তমানে লাভজনকভাবে চলছে। সীমিত সংখ্যক উড়োজাহাজ এবং বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যেও বিমান যাত্রীসেবা দিয়ে চলছে। সীমাবদ্ধতা দূর করে এই সেবা কিভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। নতুন বিমান কেনা নিয়েও চিন্তা ভাবনা চলছে। বিমানের সমস্যাগুলো এরমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তা দূর করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।











































