Home Uncategorized শালারে শোয়ায়ে ফেল বলেই পিটুনি শুরু

শালারে শোয়ায়ে ফেল বলেই পিটুনি শুরু

144

পিরোজপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদারের নির্দেশ পেতেই অনুসারীরা চলা (কাঠের ফালি) দিয়ে পেটানো শুরু করে। নির্মম পিটুনিতে প্রাণ হারান একই ইউপির সাবেক চেয়ারম্যান শেখর সিকদার। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে। সকালে ইউনিয়নের কুড়িয়ানা বাজারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় সাবেক ওই চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শেখরকে। এ সময় মিঠুন হালদারের অনুসারীদের আক্রমণে ঘটনাস্থলে উপস্থিত সজল সিকদার, শংকর সিকদার, সজীব ঢালী, রাজিব, জয় হালদার, আকাশ, সংগ্রাম ও বিজয় হালদার আহত হন। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় সজল সিকদারকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

পূর্বশত্রুতার জেরে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠান ঘিরে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর পরই স্বাধীন হালদার নামে একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করা হয়েছে।
শেখর সিকদারকে রক্ষা করতে গিয়ে হামলায় আহত সজল সিকদার জানান, ঘটনার ১০ মিনিট আগে শেখর কুমার সিকদার তাঁর দোকানে আসেন এবং তাঁকে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন। এ সময় মিঠুন হালদার দলবল নিয়ে সেখানে এসে শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি কর। শেখর সিকদার কিসের টাকা জানতে চাইলে মিঠুন হালদার উত্তেজিত হয়ে ওঠে। তখন শেখর সিকদার বলেন, ‘টাকা লাগলে দিমুহানে, এখন স্পোর্টস দেকতে চল।’ এ কথা বলতেই মিঠুন হালদার গর্জে ওঠে, ‘শালারে শোয়ায়ে ফেল।’ সঙ্গে সঙ্গে তার অনুসারী পঙ্কজ বড়াল, শংকর বড়াল, বুলুমণ্ডল, বাকীরসহ ১৫-২০ জন শেখর সিকদারকে কাঠের চলা দিয়ে মারতে মারতে পশ্চিম দিকে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে হামলায় আহত হন সজল সিকদার।

স্থানীয় বাসিন্দা সংগ্রাম বিশ্বাস জানান, শেখর সিকদারকে সজলের দোকানের সামনে থেকে মিঠুন হালদার ও তার লোকজন মারতে মারতে পশ্চিম দিকে নিয়ে যায়। এ সময় পুলিশ হামলাকারীদের না আটকে উল্টো শেখরের ভাই ও আহতদের ক্যাম্পে নিয়ে আটকে রাখে।

বাজারের পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূ বিনা হালদার জানান, মাছ কেনার জন্য বাজারে গিয়ে চিৎকার শুনতে পান। এ সময় দেখতে পান মিঠুন হালদার ও তার লোকজন শেখর সিকদারকে বেধড়ক পেটাচ্ছে। তিনি তাঁকে বাঁচাতে হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন। এ সময় বাকীর নামে এক ব্যক্তি লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করতেই মাটিতে পড়ে যান শেখর। তাঁকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শেখর সিকদারকে মৃত ঘোষণা করেন।

শেখরের ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, ‘কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলের ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম ওপরে লেখা হয়নি। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ও তার লোকজন কুড়িয়ানা বাজারে আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।’ অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, স্কুলের ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তার লোকজন একজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিহত শেখর সিকদারের স্বজনরা তাঁকে বরিশাল নিয়ে গেছেন। অতিরিক্ত পুলিশ ও ডিবির একটি টিম মোতায়েন করা হয়েছে। ক্যাম্প পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

ফোন না ধরায় এ বিষয়ে মিঠুন হালদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে কুড়িয়ানা বাজারের সব দোকানপাট। গা-ঢাকা দিয়েছে মিঠুনসহ অন্যরা। জড়িতদের ধরতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।