স্পোর্টস ডেস্ক।।
২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মূল নায়ক পেসার শামার জোসেফ। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচের চতুর্থ দিন একাই ৭ উইকেট তুলে নিয়ে দলকে এনে দিলেন ৮ রানের রোমাঞ্চকর জয়। অথচ এই টেস্টের তৃতীয় দিন শেষে শামার মাঠ ছেড়েছিলেন কান্নাভেজা চোখ নিয়ে।
ঘটনাটি তৃতীয় দিনের শেষ সেশনের। মিচেল স্টার্কের একটি ইয়র্কার সরাসরি গিয়ে আঘাত করে শামারের পায়ের আঙুলে। রিটায়ার্ড হার্ট হয়ে শেষ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন তিনি। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৯৩ রানে। অস্ট্রেলিয়ার সামনে তাতে লক্ষ্য দাঁড়ায় ২১৬ রানের। কিন্তু শামার আউট না হলে যে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা আরও একটু বড় দেওয়া যেত!কারণ নিজের ব্যাটিং সামর্থ্যের জানান অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টেই দিয়েছিলেন শামার। তাই তার চোখে কান্না আসাটাই স্বাভাবিক।
যদিও চতুর্থ ইনিংসে ২১৬ রান লক্ষ্যমাত্রা হিসেবে মন্দ নয়। বিশেষ করে দিবা-রাত্রির এই ম্যাচে। তবে চতুর্থ ইনিংসে শামার যে বল করতে পারবেন না সেটিও প্রায় নিশ্চিত ছিল। অথচ প্রথম টেস্টে বল হাতে লড়াই করেছিলেন তিনি একাই। অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। তাই শামার অনুপস্থিত থাকলে লড়াইটা অনেক সহজ হয়ে যেত অস্ট্রেলিয়ার জন্য।
ইনজুরিতে পড়ার পর স্ক্যান করানোর জন্য নেওয়া হয় শামারকে। সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। কিন্তু রবিবার যে তিনি পুরো ফিট থাকা অবস্থায় বোলিং করতে পারবেন সেটি অনিশ্চিতই ছিল। শামার বলেছেন, ‘আজকে আমার মাঠেই আসার কথা ছিল না। কিন্তু ডাক্তার আমার আঙুলে কিছু একটা করেছেন। আমি জানি না তিনি কী করেছেন। তবে এতে কাজ হয়েছে।’
রবিবার ডাক্তারের সেই থেরাপিতে কাজ তো হয়েছেই, সেটি বিস্ময়করভাবেই। শুধু মাঠেই ফেরেননি শামার, দলকে বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে স্মরণীয় জয়ও এনে দিয়েছেন তিনি। মাত্র ১১ ওভার ৫ বল করে ৬৮ রান খরচায় তুলে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২০৭ রানে। ম্যাচে শামারের বোলিং গতি বেশ কয়েকবারই ছাড়িয়েছে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি মূলত তার সাহস, দৃঢ়তা, সংকল্প এবং বিশ্বাস।
শামার বলেছেন, ‘আমার ব্যাথা ছিল। কিন্তু আমি অধিনায়ককে (ক্রেইগ ব্র্যাথওয়েট) বলেছি, অস্ট্রেলিয়ার উইকেট না পড়া পর্যন্ত আমি বল করে যাব, আমার পায়ের আঙুলে যত ব্যথাই থাকুক।’
১৯৯৭ সালের পর এটিই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়। বিগত ৩০ বছরে এবারই প্রথম অস্ট্রেলিয়ায় সিরিজ হার এড়াল দলটি। ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সকালে আলজারি জোসেফ ও কেমার রোচের বিপক্ষে স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। তবে ম্যাচের গতিপথ খোলনচলে পাল্টে যায় ৪৫ মিনিট পর শামার জোসেফ বলে আসলে।
চতুর্থ দিনে শামারের প্রথম শিকার ক্যামেরন গ্রিন। এরপর দুর্দান্ত এক ইয়র্কারে ফেরান ট্রাভিস হেডকে। ম্যাচে দুইবারই গোল্ডেন ডাক মারলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক। ১১৩-২ থেকে হঠাৎই ১১৩-৪ রানের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া। এরপর একে একে ফেরান মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে। মাঝখানে নাথান লায়নকে শুধু আউট করেন আলজারি জোসেফ।











































