Home আন্তর্জাতিক আইসিজের রায়ে উচ্ছ্বাসের সাথে হতাশ ফিলিস্তিনিরা

আইসিজের রায়ে উচ্ছ্বাসের সাথে হতাশ ফিলিস্তিনিরা

38

 

অনলাইন ডেস্ক।।

গাজায় গণহত্যা নিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যে মামলা করেছিল তার রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ের কিছু দিককে স্বাগত জানিয়েছে গাজার ফিলিস্তিনিরা, তবে রয়েছে হতাশার সুরও।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় আরো মানবিক সহায়তার অনুমতি দেয়ার আদেশসহ কিছু দিককে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন যে- আদালত ইসরাইলের আক্রমণ বন্ধ করার আহ্বান জানায়নি, যা একটি মানবিক সঙ্কট তৈরি করেছে এবং জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।

তারেক আবু আজউম নামে আল-জাজিরার এক সংবাদদাতা রাফাহ থেকে বলেছেন, ‘ফিলিস্তিনিদের মধ্যে হতাশার অনুভূতি ছিল কারণ তারা যুদ্ধবিরতি আদেশ এবং সামরিক কর্মকাণ্ড জোরপূর্বক বন্ধ করার জন্য অপেক্ষা করছিল।’

এতে আরো বলা হয়, ‘তা সত্ত্বেও, তারা বিশ্বাস করে যে- এটি গাজার অভ্যন্তরে ইসরাইল কর্তৃক সংঘটিত নৃশংসতা এবং গণহত্যামূলক হামলা বিশ্বকে দেখানোর জন্য এটি একটি অপরিহার্য পদক্ষেপ।’

এদিকে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে ছয়টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।

এগুলো হলো :
১. আদালত বলেছে, এই মামলায় আদেশ দেয়ার এখতিয়ার রয়েছে তাদের।

২. আদালত গণহত্যা প্রতিরোধ করতে, গণহত্যার উস্কানির শাস্তি দিতে নির্দেশ দিয়েছে ইসরাইলকে।

৩. গণহত্যা বন্ধ করতে সব পদক্ষেপ গ্রহণ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

৪. অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

৫. আদালত ফিলিস্তিনিদের রক্ষা করতে আরো পদক্ষেপ গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছে। তবে যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি।

৬. এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।

আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হতাশ হয়েছে ইসরাইল। কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে, তা দেয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি।

এ রায়ের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে’।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত’ এবং ‘সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত’ ইসরাইল এই যুদ্ধ চালিয়ে যাবে।

আইসিজের আজকের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরাইলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে।

তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি।
সূত্র : আল-জাজিরা