Home Uncategorized রোজার আগেই লাগামছাড়া নিত্যপণ্যের বাজার

রোজার আগেই লাগামছাড়া নিত্যপণ্যের বাজার

32

ঢাকা অফিস।।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শফিউল ইসলাম টিটু। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওরান বাজারে আসেন বাজার করতে। তিনি জানান, বাজারে পণ্যের কমতি না থাকলেও দাম ছিল ঊর্ধ্বমুখী। ভরা মৌসুমেও বেড়েই চলেছে পেঁয়াজসহ শীতকালীন সবজির দাম।

এই ক্রেতা বলেন, ‘কোনো কিছুর দাম কমে আবার অন্য কিছুর যদি বেড়ে যায় তাহলে তো আমাদের খরচ আসলে কমাতে পারলাম না। খরচ যা ছিল সেটাই রয়ে গেছে।’

হাফিজুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, ‘আমাদের কোনো কিছুরই আসলে ঠিক নেই। আজকে দাম কমে তো কালকে আবার বেড়ে যায়। কোনো কিছুই স্থিতিশীল নেই।’

গতকাল শুক্রবার শুধু কারওয়ান বাজার নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও শীতকালীন প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে গরুর মাংসের দাম।

নতুন পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ (পুরাতন) ১২০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে নতুন পেঁয়াজ ৭০ টাকা, দেশি (পুরাতন) ১০০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

বাজারে শীতকালীন সব সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে নতুন আলু ৫০ টাকা করে আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা এবং গাজর ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বরবটি ১২০ টাকায়, খিরাই ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা কেজি ১০০ থেকে ১৫০ টাকা, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, জালি কুমড়া ৫০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁয়াজের ফুলকলি ৬০ টাকা ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বাজারগুলোতে লালশাক ১০ টাকা আঁটি, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ১০ থেকে ১৫ টাকা, পালংশাক ১৫ টাকা, কলমিশাক ১০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

গত সপ্তাহে গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে এ সপ্তাহে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।

তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের মতো ২০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগিও আগের দামে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সোনালি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার মুরগি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গতকাল মাছের দামও অপরিবর্তিত রয়েছে। বাজারগুলোতে ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকা, এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, মাগুর মাছ ৭০০ থেকে ৯০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৪৫০ টাকায়, পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৫০০ থেকে ৯০০ টাকায়, কাতল ৪০০ থেকে ৬০০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার৬০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, কাচকি মাছ ৬০০ টাকায়, পাঁচ মিশালি মাছ ২২০ টাকায়, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, দেশি কৈ ১ হাজার টাকা, মেনি মাছ ৭০০ টাকা, সোল মাছ ৬০০ থেকে ১ হাজার টাকা, আইড় মাছ ৬০০ থেকে ৮০০ টাকা এবং কাইকলা মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে কথা হয় খালিদ হোসেন নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘রমজানের সময় প্রশাসনের তোড়জোড় বেশি থাকে বাজারে। সে জন্য এরা (ব্যবসায়ীরা) এখন বাড়িয়ে রাখছেন, যেন ওই সময় আর না বাড়াতে হয়। তাতে এখনো লাভ, তখনো লাভ।’

এদিকে নির্বাচনের পরে প্রতি কেজি চালের দাম ৬ টাকা পর্যন্ত বেড়েছিল। এখনো সে দাম স্বাভাবিক হয়নি। কিছু দোকানে ২ থেকে ৩ টাকা কমতে দেখা গেছে। তবে বেশির ভাগ দোকানে বিক্রি হচ্ছে আগের দামেই।

একাধিক সূত্র জানায়, রমজানকে ঘিরে সরকারের একাধিক সংস্থা তিন মাস আগেই বাজার তদারকিতে নেমেছে। তারা পাইকারি ও খুচরা পর্যায়ে তদারকি করছে।

রমজান আসতে এখনো বাকি বেশ সময়। এরই মধ্যে অস্থিতিশীল রমজানের অন্যতম পণ্য ছোলার বাজার। গত বছর প্রতি কেজি ছোলা মানভেদে বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়, যা এক মাস আগেও একই দাম দেখা গেছে। ওই ছোলা এখন ১০০ থেকে ১১০ টাকায় উঠেছে।

একইভাবে প্রতি কেজি মসুর ডালের দাম ১০ টাকা বেড়ে ছোট দানার মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের মুগ ডালের কেজি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা, যা এক সপ্তাহ আগেও ১৫০ টাকার মধ্যে ছিল। একইভাবে অ্যাংকর ডালের দামও বেড়েছে।

নতুন করে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা দরে, যা গত সপ্তাহ থেকে ১০ টাকা বেশি।

বোতলজাত ভোজ্যতেলের দাম গত সপ্তাহে প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এরপর থেকে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে। প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা এবং পাম তেল ১৩০ থেকে ১৩৫ টাকা। আগের সপ্তাহের তুলনায় যা ৫ টাকা বেশি। এ ছাড়া প্রতি কেজি খোলা চিনি এলাকাভেদে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

রামপুরা বাজারের মুদি দোকানি জাহেদুল বলেন, ‘ছোলা, ভোজ্যতেল, ডালের মূল্য মোকাম পর্যায়ে বাড়ানো হয়েছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েছে। একেক পণ্যের দাম একেক অজুহাতে বেড়েছে। কিন্তু কোনো কিছুর দাম কমেনি। এদেশে আর কিছু কমে না, শুধু বাড়ে।’

এদিকে মেহেরপুরের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামে। বেড়েছে সব ধরনের সবজির দাম, কিছু সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২৫ টাকা। বর্তমানে এক কেজি গরুর মাংস ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষিনির্ভর মেহেরপুরে শীতকালীন প্রায় সব সবজির দাম সপ্তাহ ব‍্যাবধানে কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন, শীত মৌসুমে শীতকালীন সবজি অতীতে কখনোই এত চড়া দামে কিনতে হয়নি তাদের।

আর ব‍্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ধরে তীব্র শীতের কারণে সবজির আমদানি কমে যাওয়ায় বেড়েছে সবজির দাম। মাংস বিক্রেতারা বলছেন, গরুর দাম বেশি হওয়ায় বেড়েছে মাংসের দাম। আর এর চেয়ে কম দামে মাংস বিক্রি করতে হলে এক কেজি মাংসের মধ‍্যে ৩০০ গ্রাম হাড় মিশিয়ে মাংস বিক্রি করতে হবে তাদের।

বামন্দী বাজারের পেঁয়াজ বিক্রেতা পান্না বলেন, ‘গত হাঁটেও আমরা পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। অথচ আজ হঠাৎ পাইকারি ৮৫ থেকে ৯০ টাকা করে চলছে। আর আমরা খুচরা বিক্রি করছি ৯৫ থেকে ১০০ টাকা পর্যন্ত।’

ভ‍্যানচালক টিটো বলেন, ‘আমরা দুদিনে যা ভাড়া মাইরি জমাই। বাজার করতে গেলে এক দিনে সব টাকা ফুরিয়ে যায়। কিছুই থাকে না।’

মেহেরপুর জেলা ভোক্তা অধিকারের কর্মকর্তা সজল আহমেদ বলেন, ‘দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমরা সর্বদা বাজার মনিটরিং করে যাচ্ছি। যাতে করে কোনো ব‍্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে।’