Home জাতীয় দেশ উন্নয়নশীল হলে রাস্তায় কম্বল বিতরণ করতে হয় কেন: মঈন খান

দেশ উন্নয়নশীল হলে রাস্তায় কম্বল বিতরণ করতে হয় কেন: মঈন খান

31

ঢাকা অফিস।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, সরকার বিদেশ থেকে যতোই ভুয়া সার্টিফিকেট আনুক না কেন এই সরকারকে জনগণ মেনে নেবে না। আর সরকার বলে দেশ উন্নয়নশীল, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কম্বল বিতরণ করতে হয় কেন?

শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত কম্বল বিতরণের আয়োজনে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, সরকার দাবি করছে বাংলাদেশ নাকি সবচেয়ে উন্নয়নশীল দেশ, তিনি প্রশ্ন রাখেন তাহলে শীত আসলে দরিদ্র, শীতার্তদের মাঝে কেন রাস্তায় দাঁড়িয়ে কম্বল বিতরণ করতে হয়। তিনি বলেন, দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি এখনও মেলেনি। দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে, কোন নির্বাচন হয়নি। এমনকি আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি।

বিএনপির এই নেতা জানান, তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করবেন, আওয়ামী লীগের মতো লগি বৈঠার রাজনীতি করবেন না। যতক্ষন গণতন্ত্র ফিরিয়ে না আনতে পারবেন ততক্ষন আন্দোলন চলবে বলেও জানান ড. মঈন খান।