ঢাকা অফিস
ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে ২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ভোট গ্রহণ হবে ৯ মার্চ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ২৩৩টি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে ৯ মার্চ।
ইসি জানায়, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।
ইসি সচিব বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে গেজেট প্রকাশের পর ২০১৯ সালের ৫ মে ময়মনসিংহে প্রথম নির্বাচন হয়। নিয়ম অনুযায়ী, এই সিটি ভোটের ক্ষণ গণনা শুরু হয়েছে গত বছরের ২০ ডিসেম্বর। চলতি বছর ১৯ জুনের মধ্যে যা শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
অন্যদিকে, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর তাঁর মৃত্যুতে মেয়র পদে উপনির্বাচন হচ্ছে।
এদিকে, গত মঙ্গলবার এক চিঠিতে কুমিল্লা সিটির সীমানা নির্ধারণ চলমান থাকায় এই কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর মেয়রের শূন্য পদে উপনির্বাচনের আয়োজনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন নিয়ে কোনো জটিলতা আচ্ছে কিনা– জানতে চাইলে ইসি সচিব বলেন, এখনই বলা যাচ্ছে না। স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি পাওয়া গেছে। কমিশনের সামনে সেটা উত্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর কোনো পরিবর্তন হলে পরে জানানো হবে।
প্রতীক ছাড়া উপজেলা ভোটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। স্থানীয় সরকারের নির্বাচনে সত্যিকার অর্থে সবাই অংশগ্রহণ করে। প্রতীক না থাকলে আরও বেশি অংশগ্রহণমূলক হবে।
৯ মার্চ যেসব পদে নির্বাচন:
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিল, বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিল; পটুয়াখালী, বকশীগঞ্জ ও আমতলী পৌরসভা; ত্রিশাল, মুন্সীগঞ্জ, শিবগঞ্জ, কাটাখালী ও তাহেরপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন, ১০ পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন, ১৩ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ২১ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন, ১৪৬ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচন, ২৩ ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন, ছয়টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ও একটি সদস্য পদে উপনির্বাচনসহ ৯ মার্চ ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।











































