Home আঞ্চলিক নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা : গ্রেপ্তার নেই

নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা : গ্রেপ্তার নেই

82

স্টাফ রিপোর্টার||
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা ওরফে বিহারী (৩৬) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রানার স্ত্রী হাবিবা রানু বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন যার নং-১৭ ।
মামলার আসামিরা হলেন, নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ স্টার সিনেমা হল গলির আব্দুল হাই পাটোয়ারীর দু’ছেলে লাভলু পাটোয়ারী (৪০) ও বুলু পাটোয়ারী (৩৫), শেখপাড়া সঙ্গীতা সিনেমা হল মোড়ের ফজলুর রহমানের ছেলে সাব্বির (২৮), শেখপাড়া শহীদ আবুল হোসেন সড়কের ফারুক হোসেনের ছেলে সৌরভ (৩০), লবণচরা ভাজাওয়ালার গলির আজিজুলের ছেলে সোহেল (৪০),

সোনাডাঙ্গা ৮৮/১ খোকন সাহেবের গলির সজল হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন (২৯), চাঁনমারি এলাকার ফারুকের ছেলে হেলাল (৩২), ৮ সামসুর রহমান রোডের মৃত. স্বপন কুমার সাহার দু’ছেলে সোহাগ সাহা (৩৪) ও সৌরভ সাহা (২৬) এবং নর্থখাল ব্যাংক রোডের মৃত. আবুল হোসেন হাওলাদারের ছেলে রাজু ওরফে ব্লাক রাজু (৩৮)। মামলা সূত্রে জানা যায়, ২০, দেবেন বাবু রোডের বাসিন্দা মো. ইসলামের ছেলে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৭টার দিকে রানা ও ৩৫৪, শেরে বাংলা রোডের মতলেব শেখের ছেলে মো. জাহিদ হাসান পলাশ (৩৬) ৩১ কেডিএ এভিনিউ রোডস্থ ময়লাপোতা মোড়ের আহসানউল্লাহ কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ২-৩ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ২জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পেটে বাম সাইডে ও গলার নিচে এবং বাম কানের নিচে মোট ৩টি গুলি লেগেছে।

এদিকে এ ঘটনায় আহত পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত রানার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি, প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত রানার স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।