ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে ৫৮ বিজিবির সদস্যরা। রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাটিলা গ্রাম থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে পাচার হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবির সদস্যরা। তখন এক বাংলাদেশি ভারত সীমান্ত থেকে দেশে ঢোকার পথে গতিরোধ করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।











































